যিহিষ্কেল 2
2
যিহিষ্কেলকে ডাকা হল
1তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি পায়ে ভর দিয়ে দাঁড়াও; আমি তোমার সংগে কথা বলব।”
2তিনি যখন কথা বলছিলেন তখন ঈশ্বরের আত্মা আমার মধ্যে এসে আমাকে পায়ে ভর দিয়ে দাঁড় করালেন আর আমি শুনলাম তিনি আমার সংগে কথা বলছেন।
3তিনি বললেন, “হে মানুষের সন্তান, আমি তোমাকে ইস্রায়েলীয়দের কাছে, অর্থাৎ যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে সেই বিদ্রোহী জাতির কাছে পাঠাচ্ছি; তারা এবং তাদের পূর্বপুরুষেরা আজ পর্যন্ত আমার বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে। 4যে লোকদের কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তারা একগুঁয়ে ও জেদী। তুমি তাদের কাছে প্রভু সদাপ্র্রভুর বাক্য বলবে। 5তারা সেই কথা না-ও শুনতে পারে, কারণ তারা বিদ্রোহী জাতি; তবুও তারা জানতে পারবে যে, একজন নবী তাদের মধ্যে রয়েছে। 6কিন্তু হে মানুষের সন্তান, তুমি তাদের ও তাদের কথায় ভয় কোরো না। যদিও তারা শিয়ালকাঁটা ও কাঁটাগাছের মত তোমার চারপাশে থাকবে ও বিছার মধ্যে তুমি বাস করবে তবুও ভয় কোরো না। তাদের দেখে বা তাদের কথা শুনে তুমি ভয় পেয়ো না; তারা তো বিদ্রোহী জাতি। 7তারা বিদ্রোহী বলে আমার কথা না-ও শুনতে পারে, কিন্তু তারা শুনুক বা না শুনুক তুমি তাদের কাছে আমার কথাগুলো বলবে। 8হে মানুষের সন্তান, আমি তোমাকে যা বলি তা শোন। ঐ বিদ্রোহী জাতির মত তুমি বিদ্রোহী হোয়ো না। তুমি হা কর, আমি তোমাকে যা দিচ্ছি তা খাও।”
9তখন আমি তাকিয়ে দেখলাম আমার দিকে একটা হাত বাড়ানো রয়েছে। তাতে রয়েছে একটা গুটিয়ে রাখা বই। 10আমার সামনে তিনি তা খুলে ধরলেন। তার দু’দিকেই লেখা রয়েছে বিলাপ, শোক ও দুঃখের কথা।
Currently Selected:
যিহিষ্কেল 2: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000