YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 17

17
দু’টা ঈগল পাখী ও একটা লতা
1পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশিত হল, 2“হে মানুষের সন্তান, দৃষ্টান্তের মধ্য দিয়ে ইস্রায়েলীয়দের বল যে, 3-4প্রভু সদাপ্রভু বলছেন, ‘নানা রংয়ের লম্বা লম্বা পালখে ভরা বড় ডানাযুক্ত একটা মস্ত বড় ঈগল পাখী লেবাননে আসল। সে সেখানকার একটা এরস গাছের সবচেয়ে উঁচু ডাল ভেংগে বণিকদের দেশে নিয়ে গিয়ে ব্যবসায়ীদের শহরে লাগিয়ে দিল। 5তারপর সে কিছু বীজ উর্বর মাটিতে লাগিয়ে দিল। প্রচুর জলের ধারে উইলো গাছের মত করে সে তা লাগিয়ে দিল। 6সেটা গজিয়ে উঠে মাটিতে ছড়িয়ে পড়া একটা লতা হল। সেই লতার ডগাগুলো ঐ ঈগলের দিকে ফিরল, আর তার শিকড়গুলো রইল মাটির গভীরে। এইভাবে সেই লতা বড় হল এবং তাতে পাতা সুদ্ধ অনেক ডগা বের হল।
7“‘কিন্তু সেখানে পালখে ঢাকা বড় ডানাযুক্ত আর একটা বড় ঈগল ছিল। সেই লতা জল পাবার জন্য তার শিকড় ও ডগাগুলো সেখান থেকে সেই ঈগলের দিকে বাড়িয়ে দিল। 8প্রচুর জলের পাশে ভাল মাটিতে তাকে লাগানো হয়েছিল যাতে সে অনেক ডগা বের করতে পারে, ফল ধরাতে পারে ও সুন্দর লতা হয়ে উঠতে পারে।’
9“তুমি তাদের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘সে কি বেড়ে উঠবে? সে যাতে শুকিয়ে যায় সেইজন্য কি তাকে উপ্‌ড়ে ফেলে তার ফলগুলো ফেলে দেওয়া হবে না? তার নতুন গজানো ডগা সব শুকিয়ে যাবে। তার শিকড় ধরে তুলে ফেলবার জন্য কোন শক্তিশালী হাত বা অনেক লোক লাগবে না। 10যদিও তাকে ভালভাবে লাগানো হয়েছিল তবুও সে বেঁচে থাকবে না। যে জমিতে সে বেড়ে উঠেছিল সেখানে পূবের বাতাসের আঘাতে সে একেবারে শুকিয়ে যাবে।’”
11তারপর সদাপ্রভু আমাকে বললেন, 12“তুমি এই বিদ্রোহী জাতিকে বল, ‘এই সব বিষয়ের মানে কি তা কি তোমরা জান না? বাবিলের রাজা যিরূশালেমে এসে তার রাজা ও রাজপুরুষদের ধরে বাবিলে নিয়ে গেল। 13-14তারপর সে রাজপরিবারের একজনের সংগে চুক্তি করে তাকে তার বাধ্য থাকবার শপথ করাল। সে দেশের প্রধান প্রধান লোকদের ধরে নিয়ে গেল যাতে সেই রাজ্যকে অধীনে রাখা যায় এবং তা শক্তিশালী হয়ে উঠতে না পারে কিন্তু চুক্তি রক্ষা করে টিকে থাকতে পারে। 15কিন্তু সেই শাসনকর্তা ঘোড়া ও একটা বড় সৈন্যদল পাবার জন্য মিসরে দূত পাঠিয়ে বাবিলের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করল। সে কি সফল হবে? যে এই সব কাজ করে সে কি রেহাই পাবে? শপথ ভেংগে ফেললে কি সে রক্ষা পাবে?
16“‘আমি প্রভু সদাপ্রভু আমার জীবনের দিব্য দিয়ে বলছি, তাকে যে রাজা সিংহাসনে বসাল, যার শপথকে সে তুচ্ছ করল, আর যার চুক্তি সে ভেংগে ফেলল সে সেই রাজার দেশ বাবিলে মারা যাবে। 17যুদ্ধের সময় যখন অনেক জীবন ধ্বংস করবার জন্য উঁচু ঢিবি ও ঢালু ঢিবি তৈরী করা হবে তখন ফরৌণের শক্তিশালী মস্ত বড় সৈন্যদল তাকে সাহায্য করবে না। 18সে তো চুক্তি ভেংগে ফেলে শপথ তুচ্ছ করেছে। সে অধীনতার চুক্তি করেও এই সব কাজ করেছে বলে রেহাই পাবে না।
19“‘আমি প্রভু সদাপ্রভু আমার জীবনের দিব্য দিয়ে বলছি যে, সে আমার নামে শপথ করে তা তুচ্ছ করেছে এবং অধীনতার চুক্তি ভেংগেছে বলে তার ফল আমি তাকে দেব। 20আমি তার জন্য আমার জাল পাতব এবং সে আমার ফাঁদে ধরা পড়বে। সে আমার প্রতি অবিশ্বস্ত হয়েছে বলে আমি তাকে বাবিলে নিয়ে যাব এবং সেখানে তাকে শাস্তি দেব। 21তার সেরা সৈন্যেরা যুদ্ধে মারা যাবে আর বাদবাকী সৈন্যেরা চারদিকে ছড়িয়ে পড়বে। তখন তোমরা জানবে যে, আমি সদাপ্রভুই এই কথা বলেছি।’”
22প্রভু সদাপ্রভু বলছেন, “আমি নিজেই এরস গাছের মাথা থেকে একটা কচি আগা নিয়ে পাহাড়ের উঁচু চূড়ার উপর লাগিয়ে দেব। 23ইস্রায়েলের উঁচু পাহাড়ের উপরে তা থেকে ডালপালা বের হয়ে ফল ধরবে; সেটা একটা চমৎকার এরস গাছ হয়ে উঠবে। সব রকমের পাখী তার ডালপালার মধ্যে বাসা করবে এবং তার ছায়ায় বাস করবে। 24এতে মাঠের সব গাছপালা জানবে যে, আমি সদাপ্রভুই উঁচু গাছকে নীচু করি এবং নীচু গাছকে উঁচু করি। আমিই সবুজ গাছকে শুকনা করি এবং শুকনা গাছকে জীবিত করি।
“আমি সদাপ্রভুই এই কথা বলেছি এবং আমি তা করব।”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in