যাত্রাপুস্তক 15
15
মোশি ও মরিয়মের গান
1এর পর মোশি ও ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর উদ্দেশে এই গান গাইলেন:
“আমি সদাপ্রভুর উদ্দেশে গান করব,
কারণ লোকের চোখে তাঁর মহিমা বেড়ে গেল।
ঘোড়া আর ঘোড়সওয়ারের দলগুলোকে
তিনিই সাগরের জলে ফেলে দিলেন।
2সদাপ্রভুই আমার শক্তি, তিনিই আমার গান;
আমার উদ্ধার তাঁরই মধ্যে রয়েছে।
সদাপ্রভুই আমার ঈশ্বর;
আমি তাঁরই প্রশংসা-গান করব।
তিনি আমার বাবার ঈশ্বর;
আমি তাঁর মহিমা গান গাইব।
3তাঁর নাম সদাপ্রভু, তিনি বীর যোদ্ধা।
4ফরৌণের রথ আর সৈন্যদলগুলোকে
তিনিই সাগরের জলে ফেলে দিলেন;
ফরৌণের বাছাই করা কর্মচারীর দল
লোহিত সাগরে ডুবে মরল।
5তারা গভীর জলে ঢাকা পড়ল
আর পাথরের মত করে সাগরের তলায় ডুবে গেল।
6“হে সদাপ্রভু, ক্ষমতায় মহান তোমার ঐ ডান হাতখানা,
হ্যাঁ ঐ ডান হাতখানা শত্রুকে চুরমার করল।
7যারা তোমার বিরুদ্ধে দাঁড়াল
তোমার মহান মহিমায়
তুমি তাদের নীচে ফেলে দিলে;
তোমার পাঠানো জ্বলন্ত ক্রোধ
খড়কুটার মত তাদের পুড়িয়ে ফেলল।
8তোমার নিঃশ্বাসের ঝাপটায়
জল জড়ো হয়ে উঠল।
ঢেউ ভরা সব জল
ঢিবির মত হয়ে দাঁড়িয়ে গেল,
আর অথৈ জল জমাট বাঁধল সাগরের বুকে।
9“শত্রু বলল, ‘আমি ওদের তাড়া করব, ধরে ফেলব
আর ওদের জিনিস ভাগ করে নেব;
আমি নিজেকে পূর্ণ করে নেব ঐ সব জিনিস দিয়ে।
আমি তলোয়ার হাতে ওদের তাড়া করব।’
10কিন্তু তুমি ফুঁ দিয়ে বাতাস বহালে,
আর সাগরও তাদের ঢেকে ফেলল।
তারা গভীর জলের তলায় সীসার মত করে ডুবে গেল।
11“হে সদাপ্রভু,
দেবতাদের মধ্যে কে আছে তোমার মত?
কে আছে তোমার মত এমন পবিত্রতায় মহান
আর মহিমায় ভয়ংকর?
এমন আশ্চর্য কাজের শক্তি কার আছে?
12তোমার ডান হাতখানা তুমি বাড়িয়ে দিলে,
আর পৃথিবী তাদের গিলে ফেলল।
13তোমার অটল ভালবাসায় তুমি যাদের ছাড়িয়ে আনলে
তাদের তুমিই চালিয়ে নেবে।
তোমার নিজের শক্তিতে তোমার পবিত্র বাসস্থানে
তুমি তাদের চালিয়ে আনবে।
14সেই কথা শুনে অন্য জাতিরা ভীষণ ভয়ে কাঁপবে,
আর পলেষ্টীয়দের মন দারুণ ব্যথায় কাতর হবে।
15-16ইদোমীয় সর্দারেরা ভয়ে দিশেহারা হবে;
মোয়াবীয় নেতারা কাঁপতে থাকবে,
আর ভীষণ ভয়ের সামনে পড়ে
কনানীয়েরা সাহস হারাবে।
হে সদাপ্রভু, তোমার লোকদের যাওয়া
শেষ না হওয়া পর্যন্ত,
তোমার ছাড়িয়ে নেওয়া লোকদের যাওয়া
শেষ না হওয়া পর্যন্ত
তোমার মহা শক্তির সামনে
ঐ সব জাতি পাথরের মত পড়ে থাকবে।
17তুমিই তোমার লোকদের এনে চারার মত করে
লাগিয়ে দেবে তোমার নিজের পাহাড়ে।
হে সদাপ্রভু, তোমার নিজের হাতে করা
ওটাই তোমার বাসস্থান;
হে প্রভু, তোমার নিজের হাতে গড়া
ওটাই সেই পবিত্র স্থান;
18হে সদাপ্রভু, যুগ যুগ ধরে তুমিই রাজত্ব করবে।”
19ফরৌণের সমস্ত ঘোড়া, রথ আর ঘোড়সওয়ার যখন সমুদ্রের মধ্যে ঢুকল তখন সদাপ্রভু সমুদ্রের জল তাদের উপর ফিরিয়ে আনলেন। কিন্তু ইস্রায়েলীয়েরা সমুদ্রের মাঝখানে শুকনা জমির উপর দিয়ে হেঁটে চলে গিয়েছিল।
20হারোণের বোন মরিয়ম ছিলেন একজন মহিলা-নবী। তিনি খঞ্জনি হাতে নিলেন, আর তাঁর পিছনে পিছনে অন্যান্য স্ত্রীলোকেরাও খঞ্জনি হাতে নাচতে নাচতে বের হয়ে আসল।
21মোশির গানের উত্তরে মরিয়ম এই গান গাইলেন:
“তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর,
কারণ লোকের চোখে তাঁর মহিমা বেড়ে গেল।
ঘোড়া আর ঘোড়সওয়ারের দলগুলোকে
তিনিই ফেলে দিলেন সাগরের জলে।”
জলের ব্যবস্থা
22পরে মোশি লোহিত সাগর থেকে ইস্রায়েলীয়দের নিয়ে চললেন। তারা প্রথমে শূর নামে এক মরু-এলাকায় গেল। সেই মরু-এলাকায় তিন দিন পর্যন্ত ঘুরে ঘুরে তারা কোথাও জল পেল না। 23পরে তারা মারা নামে একটা মরুদ্যানের কাছে উপস্থিত হল, কিন্তু তেতো বলে সেখানকার জল তারা খেতে পারল না। সেইজন্য সেই জায়গার নাম হয়েছিল মারা (যার মানে “তেতো”)। 24এতে লোকেরা বিরক্তির সংগে মোশিকে বলল, “এখন আমরা খাবার জল পাব কোথায়? ”
25এই কথা শুনে মোশি গিয়ে সদাপ্রভুর কাছে কান্নাকাটি করতে লাগলেন। তিনি মোশিকে একটা গাছ দেখিয়ে দিলেন। মোশি সেটা জলে ফেলে দিলেন আর সেই জল খাবার উপযুক্ত হল।
সদাপ্রভু সেখানে তাদের পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদের জন্য একটা নিয়ম ও আইন স্থাপন করেছিলেন। 26তিনি বলেছিলেন, “তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা মেনে তাঁর চোখে যা উচিৎ তা-ই কর এবং তাঁর আদেশে কান দাও ও তাঁর দেওয়া সমস্ত নিয়ম পালন কর, তাহলে মিসরীয়দের উপর আমি যে সব রোগ এনেছিলাম তা তোমাদের উপর আনব না। আমি সদাপ্রভুই তোমাদের সুস্থতা দান করি।”
27এর পর তারা এলীম নামে একটা মরুদ্যানের কাছে উপস্থিত হল। সেখানে বারোটা ফোয়ারা এবং সত্তরটা খেজুর গাছ ছিল। সেই ফোয়ারার জলের কাছেই তারা ছাউনি ফেলল।
Currently Selected:
যাত্রাপুস্তক 15: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000