ইষ্টের 5
5
রাজার কাছে ইষ্টেরের অনুরোধ
1ইষ্টের তিন দিনের দিন রাণীর পোশাক পরে রাজার ঘরের সামনে রাজবাড়ীর ভিতরের দরবারে গিয়ে দাঁড়ালেন। রাজা দরজার দিকে মুখ করে সেই ঘরের মধ্যে সিংহাসনে বসে ছিলেন। 2তিনি রাণী ইষ্টেরকে দরবারে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর উপর খুশী হয়ে তাঁর হাতের সোনার রাজদণ্ডটা তাঁর দিকে বাড়িয়ে দিলেন। তখন ইষ্টের এগিয়ে গিয়ে সেই রাজদণ্ডের আগাটা ছুঁলেন।
3রাজা জিজ্ঞাসা করলেন, “রাণী ইষ্টের, কি ব্যাপার? তুমি কি চাও? যদি রাজ্যের অর্ধেকটাও হয় তাও তোমাকে দেওয়া হবে।”
4উত্তরে ইষ্টের বললেন, “মহারাজ যদি ভাল মনে করেন তবে আপনার জন্য আজ আমি যে ভোজ প্রস্তুত করেছি তাতে মহারাজ ও হামন যেন উপস্থিত হন।”
5তখন রাজা এই হুকুম দিলেন, “ইষ্টেরের কথামত যেন কাজ হয় সেইজন্য এখনই হামনকে নিয়ে এস।”
কাজেই ইষ্টের যে ভোজ প্রস্তুত করেছিলেন রাজা ও হামন তাতে যোগ দিলেন। 6আংগুর-রস খেতে খেতে রাজা ইষ্টেরকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি চাও? তোমাকে তা দেওয়া হবে। তোমার অনুরোধ কি? যদি রাজ্যের অর্দ্ধেকও হয় তাও তোমাকে দেওয়া হবে।”
7উত্তরে ইষ্টের বললেন, “আমার অনুরোধ ও ইচ্ছা এই- 8মহারাজ যদি আমাকে দয়ার চোখে দেখেন ও আমার অনুরোধ রাখতে চান এবং আমার ইচ্ছা পূরণ করতে চান তবে আগামী কাল আমি যে ভোজ প্রস্তুত করব তাতে যেন মহারাজ ও হামন আসেন। তখন আমি মহারাজের প্রশ্নের উত্তর দেব।”
মর্দখয়ের উপর হামনের রাগ
9সেই দিন হামন খুশী হয়ে আনন্দিত মনে বাইরে গেল। কিন্তু সে যখন রাজবাড়ীর ফটকে মর্দখয়কে দেখতে পেল, আর দেখল যে, মর্দখয় তাকে দেখে উঠে দাঁড়ালেন না কিম্বা আর কোন সম্মানও দেখালেন না তখন মর্দখয়ের উপর তার খুব রাগ হল। 10কিন্তু তবুও হামন নিজেকে দমন করে বাড়ী চলে গেল।
বাড়ী গিয়ে সে তার বন্ধু-বান্ধব ও স্ত্রী সেরশকে ডেকে আনাল। 11তারপর সে তাদের কাছে তার ধন-সম্পদের কথা, তার ছেলেদের সংখ্যার কথা, যে সব উপায়ে রাজা তাকে সম্মান দেখিয়েছেন তার কথা এবং কেমন করে তাকে অন্যান্য উঁচু পদের লোকদের ও কর্মকর্তাদের চেয়ে উপরে উঠিয়েছেন সেই সব কথা গর্ব করে বলতে লাগল। 12হামন বলল, “কেবল তা-ই নয় রাণী ইষ্টের যে ভোজ দিয়েছিলেন তাতে আমি ছাড়া আর কাউকেই রাজার সংগে নিমন্ত্রণ করা হয় নি। আবার তিনি কালকেও রাজার সংগে আমাকে নিমন্ত্রণ করেছেন। 13কিন্তু যখনই ঐ যিহূদী মর্দখয়কে আমি রাজবাড়ীর ফটকে বসে থাকতে দেখি তখন এই সবেতেও আমার শান্তি লাগে না।”
14তখন তার স্ত্রী সেরশ ও তার সব বন্ধু-বান্ধব তাকে বলল, “তুমি পঞ্চাশ হাত উঁচু একটা ফাঁসিকাঠ তৈরী করাও এবং সকালে রাজার অনুমতি নিয়ে মর্দখয়কে তার উপর ফাঁসি দেবার ব্যবস্থা কর। তারপর খুশী মনে রাজার সংগে ভোজে যাও।” এই কথা হামনের ভাল লাগল এবং সে সেই ফাঁসিকাঠ তৈরী করাল।
Currently Selected:
ইষ্টের 5: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000