YouVersion Logo
Search Icon

উপদেশক 6

6
1সূর্যের নীচে আমি আর একটা দুঃখের ব্যাপার দেখেছি, আর তা মানুষের জন্য বড় কষ্টের। 2ঈশ্বর কোন মানুষকে এত ধন, সম্পত্তি ও সম্মান দান করেন যে, তার চাইবার মত আর কিছু থাকে না, কিন্তু ঈশ্বর তাকে তা ভোগ করবার ক্ষমতা দেন না, অন্য একজন তা ভোগ করে। এটা অসার, এটা ভীষণ দুঃখের ব্যাপার।
3কোন লোকের একশোজন ছেলেমেয়ে থাকতে পারে এবং সে অনেক দিন বেঁচেও থাকতে পারে, কিন্তু সে যদি জীবনে সুখ না পায় এবং উপযুক্তভাবে কবর না পায় তবে যত বছরই সে বেঁচে থাকুক না কেন আমি বলি তার চেয়ে বরং মৃত-সন্তানের জন্ম হওয়া অনেক ভাল। 4সেই মৃত-সন্তান অনর্থক এসে অন্ধকারেই বিদায় নেয় আর অন্ধকারেই তার নাম ঢাকা পড়ে যায়। 5যদিও সে কখনও সূর্য দেখে নি কিম্বা কিছুই জানে নি তবুও সেই লোকের চেয়ে সে অনেক বিশ্রাম পায়। 6সেই লোক যদিও বা দু’হাজার বছর বেঁচে থাকে কিন্তু জীবনে সুখ না পায় তবে তার কি লাভ? সবাই কি একই জায়গায় যায় না?
7মানুষের সমস্ত পরিশ্রমই তার পেটের জন্য, তবুও তার খিদে কখনও মেটে না। 8বোকার চেয়ে জ্ঞানী লোকের সুবিধা কি? অন্যদের সামনে কিভাবে চলতে হবে তা জানলে একজন গরীবের কি লাভ হয়? 9আরও পাবার ইচ্ছার চেয়ে বরং চোখ যা দেখতে পায় তাতে সন্তুষ্ট থাকা ভাল। এও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
10যা রয়েছে তা আগেই ঠিক করা হয়েছে, আর মানুষ যে কি, তা-ও জানা গেছে; নিজের চেয়ে যিনি শক্তিশালী তাঁর সংগে কেউ তর্কাতর্কি করতে পারে না। 11যত বেশী কথা বলা হয় ততই অসারতা বাড়ে, আর তাতে মানুষের কি লাভ হয়?
12মানুষের জীবনকালে তার জন্য কি ভাল তা কে জানে? সে তো তার অল্প ও অস্থায়ী দিনগুলো ছায়ার মত কাটায়। সে চলে গেলে পর সূর্যের নীচে কি ঘটবে তা কে তাকে বলতে পারবে?

Currently Selected:

উপদেশক 6: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in