দ্বিতীয় বিবরণ 23
23
কতগুলো নিষেধ
1“যার অণ্ডকোষ থেঁৎলে দেওয়া কিম্বা পুরুষাংগ কেটে ফেলা হয়েছে সে সদাপ্রভুর লোকদের সমাজে যোগ দিতে পারবে না।
2“কোন জারজ লোক সদাপ্রভুর লোকদের সমাজে যোগ দিতে পারবে না; তার চৌদ্দ পুরুষেও কেউ তা করতে পারবে না।
3“কোন অম্মোনীয় কিম্বা মোয়াবীয় সদাপ্রভুর লোকদের সমাজে যোগ দিতে পারবে না; তার চৌদ্দ পুরুষেও কেউ তা কখনও করতে পারবে না। 4মিসর দেশ থেকে বের হয়ে আসবার পরে তোমাদের যাত্রার পথে তারা খাবার ও জল নিয়ে তোমাদের কাছে এগিয়ে আসে নি, বরং তোমাদের অভিশাপ দেবার জন্য তারা অরাম-নহরয়িম দেশের পথোর শহর থেকে বিয়োরের ছেলে বিলিয়মকে টাকা দিয়ে নিয়ে এসেছিল। 5কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু বিলিয়মের কথায় সায় দেন নি; তোমাদের ভালবাসেন বলে তিনি বরং এমন করলেন যাতে সেই অভিশাপ তোমাদের আশীর্বাদ হয়ে ওঠে। 6তোমরা যতদিন বাঁচবে ততদিন এদের কোন উপকার বা মংগলের চেষ্টা করবে না।
7“কিন্তু ইদোমীয়দের তোমরা ঘৃণা করবে না, কারণ তারা তোমাদের ভাই। মিসরীয়দেরও ঘৃণা করবে না, কারণ তাদের দেশে তোমরা বিদেশী হিসাবে বাস করতে। 8তোমাদের মধ্যে বাস করবার পরে তৃতীয় পুরুষ থেকে এরা সদাপ্রভুর লোকদের সমাজে যোগ দিতে পারবে।
সৈন্য-ছাউনির শুচিতা রক্ষা
9“শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ছাউনি ফেলবার পরে সমস্ত রকম অশুচিতা থেকে তোমরা দূরে থাকবে। 10রাতে বীর্যপাতের দরুন যদি তোমাদের কেউ অশুচি হয়, তবে তাকে ছাউনির বাইরে গিয়ে থাকতে হবে। 11বিকাল হয়ে আসলে তাকে স্নান করে ফেলতে হবে। সূর্য ডুবে গেলে পর সে ছাউনিতে ফিরে যেতে পারবে।
12“পায়খানার জন্য ছাউনির বাইরে তোমাদের একটা জায়গা ঠিক করে নিতে হবে। 13তোমাদের অস্ত্রশস্ত্রের মধ্যে মাটি খুঁড়বার জন্য একটা কিছু রাখতে হবে। পায়খানা করবার আগে তোমরা সেটা দিয়ে গর্ত করে পায়খানা মাটি চাপা দিয়ে দেবে। 14তোমাদের রক্ষা করবার জন্য এবং তোমাদের শত্রুদের তোমাদের হাতে তুলে দেবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের ছাউনির মধ্যে ঘুরে বেড়ান। সেইজন্য তোমাদের ছাউনি পবিত্র অবস্থায় রাখতে হবে যাতে তোমাদের মধ্যে জঘন্য কিছু দেখে তিনি তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে না নেন।
নানা রকম নিয়ম
15“কারও দাস যদি তোমাদের কাছে এসে আশ্রয় নেয় তবে তার মনিবের হাতে তাকে ফিরিয়ে দিয়ো না। 16সেই দাস তোমাদের মধ্যে যেখানে বাস করতে চায় তাকে সেখানেই বাস করতে দিয়ো; তাকে কষ্ট দিয়ো না।
17“কোন ইস্রায়েলীয় স্ত্রীলোক যেন মন্দির-বেশ্যা না হয়; কোন ইস্রায়েলীয় পুরুষও যেন মন্দির-বেশ্যার জীবন না কাটায়। 18পুরুষ হোক বা স্ত্রীলোক হোক যে বেশ্যার জীবন কাটায় তার রোজগারের টাকা মানত পূরণের জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ঘরে আনা চলবে না, কারণ এই রকম পুরুষ ও স্ত্রীলোকদের সদাপ্রভু ঘৃণা করেন।
19“তোমরা কোন ইস্রায়েলীয় ভাইয়ের কাছ থেকে সুদ নেবে না- সেই সুদ টাকা-পয়সার উপরেই হোক কিম্বা খাবার জিনিসের উপরেই হোক কিম্বা অন্য যে কোন জিনিসের উপরেই হোক। 20অন্য জাতির লোকদের কাছ থেকে তোমরা সুদ নিতে পার কিন্তু কোন ইস্রায়েলীয় ভাইয়ের কাছ থেকে নয়। এইভাবে চললে তোমরা যে দেশ দখল করতে যাচ্ছ সেখানে তোমরা যাতে হাত দেবে তাতেই তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করবেন।
21“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে যদি তোমরা কোন মানত কর তবে তা পূরণ করতে দেরি কোরো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু কখনও তা ছেড়ে দেবেন না। তা পূরণ না করলে তোমাদের পাপ হবে; 22কিন্তু মানত না করলে পাপ হবে না। 23তোমরা মুখ দিয়ে যে মানতের কথা উচ্চারণ করবে তা তোমাদের পূরণ করতেই হবে, কারণ তোমরা নিজের ইচ্ছায় নিজের মুখেই তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে সেই মানত করেছ।
24“অন্য কারো আংগুর ক্ষেতে গিয়ে তোমরা খুশীমত আংগুর খেতে পারবে, কিন্তু তা নিয়ে যাওয়ার জন্য কোন কিছুতে তুলে রাখা চলবে না। 25কারও শস্য ক্ষেতে গিয়ে তোমরা হাত দিয়ে শীষ ছিঁড়তে পারবে, কিন্তু ফসলের গায়ে কাস্তে লাগানো চলবে না।
Currently Selected:
দ্বিতীয় বিবরণ 23: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000