দ্বিতীয় বিবরণ 13
13
দেব-দেবতার পূজা
1-2“ধরে নাও, তোমাদের মধ্যে কোন নবী বা স্বপ্ন দেখে ভবিষ্যতের কথা বলতে পারে এমন কেউ দেখা দিল এবং তোমাদের কাছে কোন আশ্চর্য চিহ্ন বা কাজের কথা বলল আর তা সত্যিই ঘটল। সেই লোকও যদি তোমাদের কাছে নতুন এমন দেব-দেবতার সম্বন্ধে বলে, ‘চল, আমরা দেব-দেবতার কাছে গিয়ে তাদের পূজা করি,’ 3তবে তোমরা সেই নবী বা স্বপ্ন-দেখা লোকের কথা শুনো না। তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে তোমাদের সব মন-প্রাণ দিয়ে ভালবাস কিনা তা তিনি তোমাদের পরীক্ষায় ফেলে দেখিয়ে দিচ্ছেন। 4তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথামতই তোমাদের চলতে হবে এবং তাঁকেই ভক্তি করতে হবে। তোমরা তাঁর আদেশ পালন করবে ও তাঁর বাধ্য হয়ে চলবে; তোমরা তাঁর সেবা করবে ও তাঁকেই আঁকড়ে ধরে থাকবে। 5সেই নবী বা সেই স্বপ্ন-দেখা লোকটাকে মেরে ফেলতে হবে, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর থেকে তোমাদের বের করে এনেছেন এবং সেই গোলামীর দেশ থেকে তোমাদের মুক্ত করেছেন, সে তাঁরই বিরুদ্ধে বিদ্রোহের উস্কানি দিয়েছে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে পথে চলতে তোমাদের আদেশ করেছেন সেই পথ থেকে তোমাদের ফিরাতে চেষ্টা করেছে। তোমাদের মধ্য থেকে সেই মন্দতা তোমরা শেষ করে দেবে।
6-7“পৃথিবীর এক সীমানা থেকে অন্য সীমানা পর্যন্ত তোমার চারদিকের কাছের বা দূরের লোকেরা যে দেব-দেবতার পূজা করে, যারা তোমার এবং তোমার পূর্বপুরুষদের অজানা সেই দেব-দেবতার দিকে যদি তোমার নিজের ভাই কিম্বা তোমার ছেলে বা মেয়ে কিম্বা প্র্রিয় স্ত্রী কিম্বা তোমার প্রাণের বন্ধু তোমাকে একা পেয়ে বিপথে নিয়ে যাওয়ার জন্য বলে, ‘চল, আমরা গিয়ে দেব-দেবতার পূজা করি,’ 8তবে তার ডাকে সাড়া দিয়ো না বা তার কথায় কান দিয়ো না। তাকে কোন দয়া দেখাবে না; তাকে রেহাই দেবে না, কিম্বা তাকে রক্ষাও করবে না। 9তাকে মেরে ফেলতেই হবে। তাকে মেরে ফেলবার কাজটা তুমি নিজের হাতেই আরম্ভ করবে, তারপর অন্য সবাই যোগ দেবে। 10যিনি তোমাকে মিসর দেশের গোলামী থেকে বের করে এনেছেন তোমার সেই ঈশ্বর সদাপ্রভুর দিক থেকে সে তোমাকে ফিরাবার চেষ্টা করেছে বলে তাকে তুমি পাথর ছুঁড়ে মেরে ফেলবে। 11তাতে ইস্রায়েলীয়েরা সকলে সেই কথা শুনে ভয় পাবে এবং তোমাদের মধ্যে কেউ আর এই রকম মন্দ কাজ করবে না।
12“তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে সব গ্রাম বা শহর তোমাদের বাস করবার জন্য দিতে যাচ্ছেন তার কোনটা সম্বন্ধে হয়তো তোমরা শুনতে পাবে যে, 13সেখানকার ইস্রায়েলীয়দের মধ্যে কিছু দুষ্ট লোক দেখা দিয়েছে যারা সেখানকার লোকদের এই বলে বিপথে টেনে নিয়ে গিয়েছে, ‘চল, আমরা দেব-দেবতার পূজা করি,’ যে দেব-দেবতারা তোমাদের কাছে নতুন। 14তা-ই যদি হয় তবে ব্যাপারটা তোমাদের খুব ভাল করে খোঁজ-খবর নিয়ে পরীক্ষা ও তদন্ত করে দেখতে হবে। আর তা যদি সত্যি বলে প্র্রমাণিত হয় যে, এই জঘন্য কাজ তোমাদের মধ্যে করা হয়েছে, 15তবে সেখানকার সব বাসিন্দাদের অবশ্যই মেরে ফেলতে হবে। সেই গ্রাম বা শহর এবং তার লোকজন ও পশুপাল তোমরা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। 16সেখানকার সব লুট করা জিনিস তোমরা শহর-চকের মাঝখানে নিয়ে গিয়ে সমস্ত জিনিস ও সেই গ্রাম বা শহর তোমরা তোমাদের সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের মত করে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেবে। সেই জায়গাটা চিরদিনের জন্য যেন একটা ধ্বংসের স্তূপ হয়ে পড়ে থাকে; আর কখনও যেন সেটা তৈরী করা না হয়। 17সদাপ্রভু যাতে তাঁর ভয়ংকর ক্রোধ থেকে ফেরেন সেইজন্য তোমাদের হাতে যেন এই সব জিনিসের একটাও দেখা না যায়, কারণ তার উপর রয়েছে ধ্বংসের অভিশাপ। তাহলে তিনি তোমাদের দয়া ও করুণা করবেন এবং তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করা প্রতিজ্ঞা অনুসারে তোমাদের বংশ বাড়িয়ে দেবেন, 18কারণ আজ আমি তোমাদের যে সব আদেশ দিচ্ছি তা পালন করে এবং তাঁর চোখে যা ভাল তা-ই করে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হয়েছ।
Currently Selected:
দ্বিতীয় বিবরণ 13: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000