YouVersion Logo
Search Icon

২ বংশাবলি 27

27
যিহূদার রাজা যোথম
1যোথম পঁচিশ বছর বয়সে রাজা হয়েছিলেন এবং যিরূশালেমে ষোল বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিরূশা; তিনি ছিলেন সাদোকের মেয়ে। 2যোথম তাঁর বাবার মত সদাপ্রভুর চোখে যা ভাল তা-ই করতেন। এছাড়া তিনি তাঁর বাবার মত ভুল করেন নি; ধূপ জ্বালাবার জন্য তিনি সদাপ্রভুর ঘরে যান নি। তবুও লোকেরা খারাপ কাজ করত। 3যোথম সদাপ্রভুর ঘরের উঁচু জায়গার ফটকটা মেরামত করেছিলেন এবং ওফল পাহাড়ের দেয়ালের অনেক জায়গা মজবুত করলেন। 4তিনি যিহূদার পাহাড়গুলোতে দেয়াল-ঘেরা গ্রাম তৈরী করলেন এবং বন এলাকায় দুর্গ এবং উঁচু পাহারা-ঘর তৈরী করলেন।
5অম্মোনীয়দের রাজার বিরুদ্ধে যুদ্ধ করে তিনি তাদের হারিয়ে দিলেন। তাতে সেই বছর অম্মোনীয়েরা তাঁকে তিন হাজার ন’শো কেজি রূপা, এক হাজার আটশো টন গম ও এক হাজার আটশো টন যব দিল। দ্বিতীয় ও তৃতীয় বছরেও তারা একই পরিমাণে দিল। 6এইভাবে যোথম শক্তিশালী হয়ে উঠলেন, কারণ তিনি বিশ্বস্তভাবে তাঁর ঈশ্বর সদাপ্রভুর পথে চলতেন।
7যোথমের অন্যান্য সমস্ত কাজের কথা, তাঁর সব যুদ্ধের কথা এবং তাঁর চালচলনের কথা সবই “ইস্রায়েল ও যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। 8তিনি পঁচিশ বছর বয়সে রাজা হয়েছিলেন এবং যিরূশালেমে ষোল বছর রাজত্ব করেছিলেন। 9পরে যোথম তাঁর পূর্বপুরুষদের কাছে গেলেন এবং তাঁকে দায়ূদ-শহরে কবর দেওয়া হল। এর পরে তাঁর ছেলে আহস তাঁর জায়গায় রাজা হলেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ২ বংশাবলি 27