২ বংশাবলি 15
15
আসার বিভিন্ন কাজ
1ঈশ্বরের আত্মা ওদেদের ছেলে অসরিয়ের উপরে আসলেন। 2তখন অসরিয় আসার সংগে দেখা করতে গিয়ে বললেন, “হে আসা, হে যিহূদা ও বিন্যামীনের সমস্ত লোকেরা, আমার কথা শুনুন। আপনারা যতদিন সদাপ্রভুর সংগে থাকবেন ততদিন তিনিও আপনাদের সংগে থাকবেন। তাঁর ইচ্ছা জানতে চাইলে আপনারা তা জানতে পারবেন, কিন্তু তাঁকে যদি ত্যাগ করেন তবে তিনিও আপনাদের ত্যাগ করবেন। 3ইস্রায়েলীয়েরা অনেক দিন ধরে সত্য ঈশ্বর ছাড়া, শিক্ষা দেবার জন্য পুরোহিত ছাড়া এবং আইন-কানুন ছাড়াই চলছিল। 4কিন্তু তাদের দুঃখের দিনে তারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে ফিরে তাঁর ইচ্ছা জানতে চেয়েছিল এবং তা জানতেও পেরেছিল। 5সেই দিনগুলোতে কোথাও যাওয়া-আসা করা নিরাপদ ছিল না, কারণ সমস্ত জায়গার লোকেরা তখন খুব অশান্ত অবস্থায় ছিল। 6এক জাতি অন্য জাতির, এক শহর অন্য শহরের সর্বনাশ করবার চেষ্টা করত, কারণ নানা রকম অমংগল দিয়ে ঈশ্বর তাদের কষ্ট দিচ্ছিলেন। 7কিন্তু আপনারা শক্তিশালী হন, নিরাশ হবেন না, কারণ আপনাদের কাজের পুরস্কার আপনারা পাবেন।”
8আসা এই সব কথা শুনে, অর্থাৎ ওদেদের ছেলে নবী অসরিয়ের ভবিষ্যদ্বাণী শুনে সাহস পেলেন। তিনি যিহূদা ও বিন্যামীনের সমস্ত এলাকা থেকে এবং তাঁর অধিকার করা ইফ্রয়িমের পাহাড়ী এলাকার গ্রাম ও শহরগুলো থেকে জঘন্য প্রতিমাগুলো ধ্বংস করে দিলেন। তিনি সদাপ্রভুর ঘরের বারান্দার সামনে রাখা সদাপ্রভুর বেদীটা মেরামত করলেন।
9তারপর তিনি যিহূদা ও বিন্যামীনের সমস্ত লোকদের এবং ইফ্রয়িম, মনঃশি ও শিমিয়োন এলাকার যে সব লোকেরা তাদের মধ্যে বাস করছিল তাদের এক সংগে জড়ো করলেন। আসার ঈশ্বর সদাপ্রভু তাঁর সংগে আছেন দেখে ইস্রায়েলের অনেক লোক তাঁর পক্ষ নিয়ে তাঁর কাছে এসেছিল।
10আসার রাজত্বের পনেরো বছরের তৃতীয় মাসে এই লোকেরা যিরূশালেমে এসে জড়ো হয়েছিল। 11তারা যা লুট করে এনেছিল তার মধ্য থেকে সেই সময় তারা সাতশো গরু ও সাত হাজার ভেড়া সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করল। 12তারা এই প্রতিজ্ঞা করল যে, তারা সমস্ত মন-প্রাণ দিয়ে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলবে; 13ছোট-বড়, স্ত্রী-পুরুষ যে-ই হোক না কেন যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলবে না তাদের মেরে ফেলা হবে। 14তারা আনন্দে চিৎকার করে এবং তূরী ও শিংগা বাজিয়ে সদাপ্রভুর কাছে জোরে জোরে শপথ করল। 15এই শপথে যিহূদা দেশের সমস্ত লোক আনন্দ করল, কারণ সমস্ত অন্তর দিয়ে তারা সেই শপথ করেছিল। তারা ঈশ্বরের ইচ্ছা জানতে চেয়েছিল বলে তা জানতে পেরেছিল। তাই সদাপ্রভু সব দিক থেকেই তাদের শান্তি দিয়েছিলেন।
16রাজা আসা তাঁর বাবার মা মাখাকে রাজমাতার পদ থেকে সরিয়ে দিলেন, কারণ তিনি একটা জঘন্য আশেরা-মূর্তি তৈরী করিয়েছিলেন। আসা সেটা কেটে ফেলে, ভেংগে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন। 17যদিও পূজার উঁচু স্থানগুলো তিনি ইস্রায়েল থেকে ধ্বংস করেন নি তবুও সারা জীবন তাঁর অন্তর সদাপ্রভুর প্রতি ভক্তিতে পূর্ণ ছিল। 18তিনি ও তাঁর বাবা যে সব সোনা-রূপা ও অন্যান্য জিনিস ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন সেগুলো তিনি ঈশ্বরের ঘরে নিয়ে গেলেন।
19আসার রাজত্বের পঁয়ত্রিশ বছর পর্যন্ত আর কোন যুদ্ধ হয় নি।
Currently Selected:
২ বংশাবলি 15: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000