YouVersion Logo
Search Icon

২ বংশাবলি 11

11
1যিরূশালেমে পৌঁছে রহবিয়াম যিহূদা ও বিন্যামীন-গোষ্ঠীর সমস্ত লোককে যুদ্ধের জন্য জড়ো করলেন। তাতে এক লক্ষ আশি হাজার সৈন্য হল। এটা করা হল যাতে ইস্রায়েলীয়দের সংগে যুদ্ধ করে রাজ্যটা আবার রহবিয়ামের হাতে নিয়ে আসা যায়। 2কিন্তু ঈশ্বরের লোক শময়িয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য প্রকাশিত হল, 3“তুমি যিহূদার রাজা শলোমনের ছেলে রহবিয়ামকে এবং যিহূদা ও বিন্যামীন এলাকার সমস্ত ইস্রায়েলীয়দের বল যে, 4সদাপ্রভু বলছেন তারা যেন তাদের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে না যায়। তারা প্রত্যেকেই যেন বাড়ী ফিরে যায়, কারণ এটা সদাপ্রভুরই কাজ।” কাজেই তারা সদাপ্রভুর কথা মেনে নিয়ে যারবিয়ামের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল না।
রহবিয়াম যিহূদা দেশকে নিরাপদ করলেন
5-6রহবিয়াম যিরূশালেমে বাস করতে লাগলেন এবং যিহূদা দেশটাকে রক্ষা করবার জন্য বৈৎলেহম, ঐটম, তকোয়, 7বৈৎ-সূর, সোখো, অদুল্লম, 8গাৎ, মারেশা, সীফ, 9অদোরয়িম, লাখীশ, অসেকা, 10সরা, অয়ালোন ও হিব্রোণ নামে যিহূদা ও বিন্যামীন এলাকার কয়েকটা গ্রাম ও শহর দেয়াল দিয়ে ঘিরে শক্তিশালী করলেন। 11তিনি সেগুলোর রক্ষার ব্যবস্থা মজবুত করলেন ও সেখানে সেনাপতিদের রাখলেন। তিনি সেখানে তাদের জন্য খাবার-দাবার, জলপাই-তেল ও আংগুর-রস মজুত করলেন। 12তিনি সেই সমস্ত গ্রাম ও শহরের মধ্যে ঢাল ও বর্শা রেখে সেগুলো খুব শক্তিশালী করলেন। এইভাবে যিহূদা ও বিন্যামীন এলাকা তাঁর অধীনে রইল।
13ইস্রায়েলের সমস্ত এলাকার পুরোহিত ও লেবীয়েরা তাঁর পক্ষে ছিলেন। 14লেবীয়েরা তাদের পশু চরাবার মাঠ ও সম্পত্তি ত্যাগ করে যিহূদা ও যিরূশালেমে চলে আসল, কারণ যারবিয়াম আর তাঁর ছেলেরা সদাপ্রভুর পুরোহিতের পদ থেকে তাদের বাতিল করে দিয়েছিলেন। 15যারবিয়াম উপাসনার উঁচু স্থানগুলোর জন্য এবং মন্দ আত্মাদের জন্য ও তাঁর তৈরী বাছুরের মূর্তিগুলোর জন্য তাঁর নিজের পুরোহিতদের নিযুক্ত করেছিলেন। 16ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীর মধ্যে যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছা জানবার জন্য আগ্রহী হয়েছিল তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবার জন্য লেবীয়দের সংগে যিরূশালেমে আসল। 17তারা তিন বৎসর পর্যন্ত যিহূদা রাজ্য ও শলোমনের ছেলে রহবিয়ামের হাতকে শক্তিশালী করে তুলল, কারণ এই তিন বছর তারা দায়ূদ ও শলোমনের পথে চলেছিল।
রহবিয়ামের পরিবার
18রহবিয়াম দায়ূদের ছেলে যিরীমোতের মেয়ে মহলৎকে বিয়ে করেছিলেন। মহলতের মা অবীহয়িল ছিলেন যিশয়ের ছেলে ইলীয়াবের মেয়ে। 19মহলতের গর্ভে যিয়ূশ, শমরিয় ও সহম নামে তিনটি ছেলের জন্ম হয়েছিল। 20তারপর রহবিয়াম অবশালোমের মেয়ে মাখাকে বিয়ে করেছিলেন। তাঁর গর্ভে অবিয়, অত্তয়, সীষ ও শলোমীতের জন্ম হয়েছিল। 21রহবিয়াম তাঁর অন্যান্য স্ত্রী ও উপস্ত্রীদের চেয়ে অবশালোমের মেয়ে মাখাকে বেশী ভালবাসতেন। তাঁর মোট আঠারোজন স্ত্রী ও ষাটজন উপস্ত্রী, আটাশজন ছেলে ও ষাটজন মেয়ে ছিল।
22রহবিয়াম মাখার ছেলে অবিয়কে রাজা করবার ইচ্ছা নিয়ে তাঁকে তাঁর ভাইদের মধ্যে প্রধান করলেন। 23তাঁর কয়েকজন ছেলেকে তিনি যিহূদা ও বিন্যামীনের সমস্ত এলাকার দেয়াল-ঘেরা শহরে পাঠিয়ে দিয়ে বুদ্ধিমানের কাজ করলেন। তিনি তাঁদের প্রচুর খাবার-দাবার দিলেন এবং তাঁদের জন্য অনেক স্ত্রীর ব্যবস্থা করলেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ২ বংশাবলি 11