হেদায়েতকারী 6
6
অতৃপ্তির হতাশা
1সূর্যের নিচে আমি একটা অনিষ্টের বিষয় দেখেছি, তা মানবজাতির জন্য ভীষণ কষ্টের; 2আল্লাহ্ কোন ব্যক্তিকে এত ধন, সম্পত্তি ও গৌরব দেন যে, অভীষ্ট বস্তুগুলোর মধ্যে তার প্রাণের জন্য কিছুই অভাব থাকে না, তবুও আল্লাহ্ তা ভোগ করার ক্ষমতা তাকে দেন না, কিন্তু অপর লোক তা ভোগ করে; এও অসার ও অনিষ্টকর ব্যাধি। 3কোন ব্যক্তি যদি এক শত পুত্রের জন্ম দিয়ে অনেক বছর বেঁচে দীর্ঘজীবী হয়, কিন্তু তার প্রাণ যদি মঙ্গলে তৃপ্ত না হয় এবং তার কবরও যদি না হয়, তবে আমি বলি, তা থেকে বরং গর্ভস্রাবও ভাল। 4কেননা তা বাষ্পবৎ আসে ও অন্ধকারে চলে যায় ও তার নাম অন্ধকারে ঢাকা পড়ে; 5আবার তা সূর্য দেখে নি ও কিছুই জানে নি; তবুও সেই মানুষের চেয়ে এর বেশি বিশ্রাম হয়। 6সে যদিও দুই হাজার বছর জীবিত থাকে এবং কোন মঙ্গল ভোগ না করে তবে কি লাভ, সকলই কি এক স্থানে যায় না?
7মানুষের সমস্ত পরিশ্রম তার মুখের জন্য, তবুও ক্ষুধা নিবৃত্ত হয় না। 8বস্তুত হীনবুদ্ধির চেয়ে জ্ঞানবানের বিশেষ সুবিধা কি? আর জীবিতদের সাক্ষাতে চলতে জানে এমন দুঃখী লোকেরই বা কি উৎকর্ষ? 9দৃষ্টিসুখ যত ভাল, প্রাণের লালসা তত ভাল নয়; এও অসার ও বায়ুর পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
10যা হয়েছে, অনেক দিন হল তার নামকরণ হয়েছিল, কারণ সকলে জানে যে, সে মানুষ এবং নিজের চেয়ে পরাক্রান্ত লোকের সঙ্গে বিতণ্ডা করতে সে অপারগ।
11যাতে অসারতা বাড়ে, এমন অনেক কথা আছে, তাতে মানুষের কি উৎকর্ষ? 12বস্তুত জীবনকালে মানুষের মঙ্গল কি, তা কে জানে? তার অসার জীবনকাল তো সে ছায়ার মত যাপন করে; আর মানুষের মৃত্যুর পরে সূর্যের নিচে কি ঘটবে, তা তাকে কে জানাতে পারে?
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013