Bible App logo
Search Icon

১ শামুয়েল 8

8
বনি-ইসরাইলরা বাদশাহ্‌ চাইল
1শামুয়েল বুড়ো বয়সে বনি-ইসরাইলদের শাসনকর্তা হিসাবে তাঁর ছেলেদের নিযুক্ত করলেন। 2তাঁর বড় ছেলের নাম ছিল যোয়েল এবং দ্বিতীয় ছেলের নাম ছিল অবিয়। তারা বের্‌-শেবাতে শাসনকর্তার কাজ করত, 3কিন্তু তারা তাদের বাবার মত চলত না। তারা অন্যায়ভাবে ধন লাভের আশায় ন্যায়ের পথ ছেড়ে দিয়েছিল। তারা ঘুষ নিয়ে ন্যায়কে অন্যায় এবং অন্যায়কে ন্যায় বলে রায় দিত।
4-5কাজেই বনি-ইসরাইলদের বৃদ্ধ নেতারা একত্র হলেন এবং রামায় গিয়ে শামুয়েলকে বললেন, “দেখুন, আপনি বুড়ো হয়ে গেছেন আর আপনার ছেলেরাও আপনার পথে চলছে না, তাই আপনি অন্যান্য জাতিদের মত আমাদের শাসন করবার জন্য একজন বাদশাহ্‌ নিযুক্ত করুন।”
6“আমাদের শাসন করবার জন্য একজন বাদশাহ্‌ নিযুক্ত করুন,” লোকদের এই কথাটা শামুয়েলের কাছে ভাল মনে হল না। সেইজন্য তিনি মাবুদের কাছে মুনাজাত করতে লাগলেন। 7তখন মাবুদ তাঁকে বললেন, “লোকেরা তোমাকে যা বলছে তুমি তা-ই কর। তারা তোমাকে অগ্রাহ্য করে নি, আসলে আমাকেই অগ্রাহ্য করেছে যেন আমি তাদের উপর রাজত্ব না করি। 8মিসর দেশ থেকে তাদের বের করে আনবার পর থেকে আজ পর্যন্ত তারা আমার প্রতি যা করেছে তোমার প্রতিও তা-ই করেছে; আমাকে বাদ দিয়ে তারা দেব-দেবীর পূজা করেছে। 9এখন তুমি তাদের কথা মেনে নাও; তবে তুমি তাদের সাবধান করে বলে দাও যে, তাদের উপর যে বাদশাহ্‌ রাজত্ব করবে সে তাদের উপর কি রকম ব্যবহার করবে।”
10যারা শামুয়েলের কাছে একজন বাদশাহ্‌ চেয়েছিল তাদের কাছে শামুয়েল মাবুদের সমস্ত কথা জানালেন। 11তিনি বললেন, “যিনি বাদশাহ্‌ হয়ে তোমাদের উপরে রাজত্ব করবেন তাঁর ব্যবহার এই রকম হবে: তিনি তোমাদের ছেলেদের নিয়ে সৈন্য হিসাবে কাজে লাগাবেন; তাদের কেউ কেউ হবে রথ-চালক, কেউ কেউ হবে ঘোড়সওয়ার এবং কেউ কেউ তাঁর সমস্ত রথের আগে আগে দৌড়াবে। 12তিনি নিজের জন্য কাউকে কাউকে হাজার সৈন্যের উপরে, কাউকে কাউকে পঞ্চাশজন সৈন্যের উপরে সেনাপতি নিযুক্ত করবেন। অন্যদের তিনি তাঁর জমি চাষের ও ফসল কাটবার কাজে এবং যুদ্ধের অস্ত্রশস্ত্র ও রথের সাজসরঞ্জাম তৈরী করবার কাজে লাগাবেন। 13তোমাদের মেয়েদের দিয়ে তিনি খোশবু তৈরী, রান্নাবান্না ও রুটি সেঁকবার কাজ করাবেন। 14তিনি তোমাদের সবচেয়ে ভাল জমি, আংগুর ক্ষেত ও জলপাই বাগান নিয়ে তাঁর কর্মচারীদের দেবেন। 15তোমাদের শস্য ও আংগুরের দশ ভাগের এক ভাগ নিয়ে তিনি তাঁর রাজকর্মচারী ও অন্যান্য কর্মচারীদের দেবেন। 16তিনি তোমাদের গোলাম ও বাঁদী এবং তোমাদের সেরা যুবকদের ও গাধাগুলো নিয়ে নিজের কাজে লাগাবেন। 17তোমাদের ভেড়ার পালের দশ ভাগের এক ভাগ তিনি নিয়ে নেবেন আর তোমরা তাঁর গোলাম হবে। 18সেই দিন তোমরা তোমাদের চেয়ে নেওয়া বাদশাহ্‌র দরুন কাঁদবে, কিন্তু তখন মাবুদ তোমাদের ডাকে সাড়া দেবেন না।”
19লোকেরা কিন্তু শামুয়েলের এই সব কথা শুনতে রাজী হল না। তারা বলল, “না, আমরা একজন বাদশাহ্‌ চাই। 20তাহলে আমরা অন্য সব জাতির মত হতে পারব। আমাদের বাদশাহ্‌ আমাদের শাসন করবেন এবং আমাদের আগে আগে থেকে যুদ্ধ করবেন।”
21শামুয়েল লোকদের সব কথা শুনলেন এবং মাবুদের কাছে তা বললেন। 22তাতে মাবুদ শামুয়েলকে বললেন, “তুমি তাদের কথা শোন এবং তাদের জন্য তুমি একজন বাদশাহ্‌ নিযুক্ত কর।”
তখন শামুয়েল বনি-ইসরাইলদের বললেন, “তোমরা নিজের নিজের বাড়ীতে ফিরে যাও।”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in