YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 69

69
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শোশন্নীম। হযরত দাউদের।
1হে আল্লাহ্‌, আমাকে নিস্তার কর,
কেননা আমার কণ্ঠনালী পর্যন্ত পানি উঠেছে।
2আমি অগাধ পাঁকে ডুবেছি, দাঁড়াবার স্থান নেই;
গভীর পানিতে এসেছি, বন্যা আমার উপর দিয়ে যাচ্ছে।
3আমি ডেকে ডেকে ক্লান্ত হয়েছি, আমার কণ্ঠ শুকিয়ে গেছে;
আমার আল্লাহ্‌র অপেক্ষা করতে করতে আমার নয়নযুগল নিস্তেজ হয়েছে।
4যারা অকারণে আমার বিদ্বেষী,
তারা আমার মাথার চুলের চেয়েও বেশি;
আমার ধ্বংসকারী মিথ্যাবাদী দুশমনেরা বলবান;
আমি যা অপহরণ করি নি, তাও আমাকে ফিরিয়ে দিতে হল।
5হে আল্লাহ্‌, তুমি আমার মূঢ়তার বিষয় জান;
আমার সমস্ত দোষ তোমা থেকে গুপ্ত নয়।
6হে বাহিনীগণের আল্লাহ্‌ মালিক,
তোমার অপেক্ষাকারীরা আমার দ্বারা লজ্জিত না হোক;
হে ইসরাইলের আল্লাহ্‌,
তোমার অন্বেষণকারীরা আমার দ্বারা অপমানিত না হোক।
7কেননা তোমারই জন্য আমি তিরস্কার সহ্য করেছি,
আমার মুখ লজ্জায় আচ্ছাদিত হয়েছে।
8আমি আমার ভাইদের কাছে বিদেশী হয়েছি,
আমার সহোদরদের কাছে বিজাতীয় হয়েছি।
9কারণ তোমার গৃহবিষয়ক গভীর আগ্রহ আমাকে গ্রাস করেছে;
যারা তোমাকে তিরস্কার করে,
তাদের তিরস্কার আমার উপরে পড়েছে।
10যখন আমি কান্নাকাটি করলাম,
রোজা দ্বারা প্রাণকে কষ্ট দিলাম,
তখন তা আমার দুর্নামের বিষয় হল।
11যখন আমি চট পরলাম,
তখন তাদের কাছে প্রবাদের বিষয় হলাম।
12যারা তোরণদ্বারে বসে, তারা আমার বিষয়ে আলোচনা করে;
মাতালেরা আমাকে নিয়ে গান রচনা করে।
13কিন্তু, হে মাবুদ, আমি তোমারই কাছে প্রসন্নতার সময়ে মুনাজাত করছি;
হে আল্লাহ্‌, তোমার প্রচুর অটল মহব্বতের দরুন আমাকে উত্তর দাও।
তোমার উদ্ধার করার বিশ্বস্ত সাহায্যে আমাকে উত্তর দাও।
14পাঁক থেকে আমাকে উদ্ধার কর, ডুবে যেতে দিও না;
বিদ্বেষীরা থেকে ও অতল জলরাশি থেকে যেন উদ্ধার পাই।
15পানির বন্যা আমার উপর ছাপিয়ে না উঠুক,
অগাধ পানি আমাকে গ্রাস না করুক;
আমার উপরে কূপ তার মুখ বন্ধ না করুক।
16হে মাবুদ, আমাকে উত্তর দাও,
কেননা তোমার অটল মহব্বত উত্তম;
তোমার প্রচুর করুণার দরুন আমার প্রতি মুখ ফিরাও।
17তোমার এই গোলামের কাছ থেকে মুখ আচ্ছাদন করো না;
কারণ আমি সঙ্কটাপন্ন, ত্বরায় আমাকে উত্তর দাও।
18কাছে এসে আমার প্রাণ মুক্ত কর;
আমার দুশমনদের থেকে আমাকে উদ্ধার কর।
19তুমি আমার দুর্নাম, আমার লজ্জা ও আমার সমস্ত অপমানের কথা জান;
আমার বিপক্ষেরা সকলে তোমার সম্মুখবর্তী।
20তিরস্কারে আমার মনোভঙ্গ হয়েছে, আমি অবসন্ন হলাম,
আমি সহানুভূতির অপেক্ষা করলাম, কিন্তু তা পেলাম না;
সান্ত্বনাকারীদের অপেক্ষা করলাম, কিন্তু কাউকেও পেলাম না।
21আবার লোকে আমার খাদ্যের জন্য বিষ দিল,
আমার পিপাসাকালে অম্লরস পান করাল।
22তাদের টেবিল তাদের সম্মুখে ফাঁদস্বরূপ হোক,
শান্তিকালে তাদের পাশস্বরূপ হোক।
23তাদের চোখ অন্ধ হোক, যেন তারা দেখতে না পায়;
তুমি তাদের কোমর চির-কম্পনযুক্ত কর।
24তাদের উপরে তোমার গজব ঢেলে দাও,
তোমার গজবের আগুন তাদেরকে বিনষ্ট করুক।
25তাদের নিবাস শূন্য হোক,
তাদের তাঁবুতে কেউ বাস না করুক।
26কেননা তারা তাকেই তাড়না করে, যাকে তুমি প্রহার করেছ,
তাদেরই ব্যথা বর্ণনা করে, যাদেরকে তুমি আঘাত করেছ।
27তাদের অপরাধের উপরে অপরাধ যোগ কর,
তারা তোমার ধর্মশীলতায় প্রবেশ না করুক।
28জীবন-কিতাব থেকে তাদের নাম মুছে যাক,
ধার্মিকদের সঙ্গে তারা তালিকাভুক্ত না হোক।
29কিন্তু আমি দুঃখী ও ব্যথিত,
হে আল্লাহ্‌, তোমার উদ্ধার আমাকে রক্ষা করুক।
30আমি গজল দ্বারা আল্লাহ্‌র নামের প্রশংসা করবো,
প্রশংসা-গজল দ্বারা তাঁর মহিমা স্বীকার করবো।
31তা-ই মাবুদের দৃষ্টিতে তুষ্টিকর হবে,
গরুর চেয়ে, শিং ও খুরযুক্ত ষাঁড়ের চেয়ে বেশি তুষ্টিকর হবে।
32নম্র লোকেরা তা দেখে আনন্দ করবে;
আল্লাহ্‌র অন্বেষীগণ! তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক।
33কেননা মাবুদ দীনহীনদের কথা শোনেন,
তিনি তাঁর বন্দীদেরকে তুচ্ছ করেন না।
34আসমান ও দুনিয়া তাঁর প্রশংসা করুক,
সমুদ্র ও তার মধ্যেকার সমস্ত জলজ প্রাণী প্রশংসা করুক।
35কেননা আল্লাহ্‌ সিয়োনের উদ্ধার করবেন,
ও এহুদার সমস্ত নগর গাঁথবেন;
লোকে সেখানে বাস করবে ও অধিকার পাবে।
36তাঁর গোলামদের বংশই তা ভোগ করবে;
যারা তাঁর নাম ভালবাসে, তারা সেখানে বসতি করবে।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in