YouVersion Logo
Search Icon

হোসিয়া 13

13
ইসরাইলের গুনাহ্‌ ও শেষ বিচার
1আফরাহীম কথা বললে লোকের ত্রাস জন্মাত, ইসরাইল দেশে সে উন্নত হয়েছিল, কিন্তু বালের বিষয়ে দোষী হওয়াতে সে মারা গেল। 2আর এখন তারা উত্তরোত্তর আরও গুনাহ্‌ করছে, তারা নিজেদের জন্য নিজেদের রূপা দ্বারা ছাঁচে ঢালা মূর্তি ও নিজেদের বুদ্ধি অনুযায়ী মূর্তি তৈরি করেছে; সে সমস্তই শিল্পকারদের কর্মমাত্র; তাদেরই বিষয়ে ওরা বলে, যেসব লোক কোরবানী করে, তারা বাছুরগুলোকে চুম্বন করুক! 3এজন্য তারা সকাল বেলার মেঘের মত, খুব ভোরে অন্তর্হিত শিশিরের মত, ঘূর্ণিবাতাস দ্বারা খামার থেকে বাতাসে উড়ে যাওয়া ভুষির মত ও জানালা থেকে বের হওয়া ধোঁয়ার মত হবে। 4তবুও আমিই মিসর দেশ থেকে তোমার আল্লাহ্‌ মাবুদ; আমাকে ছাড়া আর কোন আল্লাহ্‌কে তুমি জানবে না এবং আমি ছাড়া তোমার আর কোন উদ্ধারকর্তা নেই। 5আমিই মরুভূমিতে, ভীষণ শুকনা দেশে, তোমাকে দেখাশুনা করেছিলাম। 6চরাণির স্থান পেয়ে তারা তৃপ্ত হল, তৃপ্ত হয়ে অহংকারী হল, এজন্য তারা আমাকে ভুলে গেছে। 7এজন্য আমি তাদের পক্ষে সিংহের মত হলাম, চিতাবাঘের মত আমি পথের পাশে অপেক্ষায় থাকব। 8আমি বাচ্চা চুরি হয়ে যাওয়া ভল্লুকীর মত তাদের সম্মুখীন হব, তাদের বক্ষ বিদীর্ণ করবো, সেই স্থানে সিংহীর মত তাদেরকে গ্রাস করবো; বনপশু তাদেরকে খণ্ড খণ্ড করবে।
9হে ইসরাইল, এটাই তোমার সর্বনাশ যে, তুমি আমার বিপক্ষ, নিজের সহায়ের বিপক্ষ। 10বল দেখি, তোমার বাদশাহ্‌ কোথায়, যে তোমার সকল নগরে তোমাকে রক্ষা করবে? তোমার কাজীরাই বা কোথায়? তুমি তো বলতে, আমাকে বাদশাহ্‌ ও শাসনকর্তাদের দাও। 11আমি ক্রুদ্ধ হয়ে তোমাকে বাদশাহ্‌ দিয়েছি, আর ভীষণ রাগান্বিত হয়ে তাকে হরণ করেছি। 12আফরাহীমের অপরাধ বোচ্‌কাতে বন্ধ, তার গুনাহ্‌ সঞ্চিত আছে। 13প্রসবকারিণী স্ত্রীর মত যন্ত্রণা তাকে ধরবে; সে অবোধ সন্তান, উপযুক্ত সময়ে প্রসব-দ্বারে উপস্থিত হয় না।
14পাতালের হাত থেকে আমি তাদের উদ্ধার করবো, মৃত্যু থেকে আমি তাদের মুক্ত করবো। হে মৃত্যু, তোমার মহামারী সকল কোথায়? হে পাতাল, তোমার সংহার কোথায়? অনুশোচনা আমার দৃষ্টি থেকে গুপ্ত থাকবে। 15যদিও আফরাহীম ভাইদের মধ্যে ফলবান হয়, তবুও একটি পূর্বীয় বায়ু আসবে, মাবুদের শ্বাস মরুভূমি থেকে উঠে আসবে; তাতে তার ফোয়ারা শুকনো হবে ও তার উৎস শুকিয়ে যাবে। ঐ ব্যক্তি তার সমস্ত মনোরম পাত্রের ভাণ্ডার লুট করবে। 16সামেরিয়া দণ্ড পাবে, কারণ সে তার আল্লাহ্‌র বিরুদ্ধাচারিণী হয়েছে, তারা তলোয়ারের আঘাতে মারা পড়বে, তাদের শিশুদেরকে আছড়ে খণ্ড খণ্ড করা যাবে, তাদের গর্ভবতী স্ত্রীলোকদের উদর বিদীর্ণ করা যাবে।

Currently Selected:

হোসিয়া 13: BACIB

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in