YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 10

10
প্রবচন সঙ্কলন
1শলোমনের প্রবচনমালা: জ্ঞানবান পুত্র পিতামাতার গর্ব, হীনবুদ্ধি পুত্র তাদের দুঃখের কারণ।
2অসদুপায়ে অর্জিত ধন কল্যাণকর নয় কিন্তু ন্যায়নিষ্ঠতা উদ্ধার করে মৃত্যুর কবল থেকে।
3প্রভু পরমেশ্বর ধার্মিককে অনাহারে রাখেন না, কিন্তু ব্যর্থ করেন দুর্জনের মনোবাঞ্ছা।
4অলসতা দারিদ্র্য আনে, কিন্তু শ্রমশীলতা মানুষকে করে ধনবান।
5যে সন্তান যথাসময়ে সঞ্চয় করে সে বুদ্ধিমান, ফসল কাটার মরশুমে যে সন্তান ঘুমিয়ে কাটায় সে কলঙ্ক স্বরূপ।
6ধার্মিকের উপর আশীর্বাদ বর্ষিত হয়, কিন্তু দুর্জন মধুর কথার আড়ালে লুকিয়ে রাখে মনের গরল।
7ধার্মিক চিরস্মরণীয়, তার স্মৃতি আশীর্বাদ স্বরূপ, কিন্তু দুর্জনের স্মৃতি অভিশপ্ত।
8বিচক্ষণ লোক সুপরামর্শ গ্রহণ করে কিন্তু মূর্খ বাচাল হবে ধ্বংস।
9যে সৎপথে চলে সে নিরাপদ কিন্তু যে বাঁকা পথে চলে সেধরা পড়বেই।
10কথার ছলনায় জটিলতার সৃষ্টি হয় কিন্তু সরাসরি অনুযোগ সমাধান আনে।
11ধার্মিকের বাণী জীবনের উৎস কিন্তু দুর্জন মধুর কথায় মনের গরল লুকিয়ে রাখে।
12ঘৃণা বিরোধের প্ররোচনা দেয়, কিন্তু ভালবাসা সকল দোষ ক্ষমা করে এবং বিরোধের সমাধান আনে।#যাকোব 5:19; ১ পিতর 4:8
13বুদ্ধিমানের মুখে থাকে জ্ঞানের কথা কিন্তু মূর্খের জন্য আছে দণ্ড।
14জ্ঞানবান জ্ঞান সঞ্চয় করে, কিন্তু মূর্খের বাচালতা ডেকে আনে ধ্বংস।
15ধনই ধনবানের সুদৃঢ় আশ্রয় কিন্তু দারিদ্র্য ঘটায় দরিদ্রের সর্বনাশ।
16সুজনের পরিশ্রম জীবনদায়ী, কিন্তু দুর্জনের উপার্জন পতন আনে।
17সংশোধন যে মানে সে জীবনের পথে চলে, কিন্তু যে অনুযোগ অগ্রাহ্য করে সে হয় বিপথগামী।
18মিথ্যাবাদীর ওষ্ঠ ঘৃণা গোপন করে, যে দুর্নাম রটনা করে সে নির্বোধ।
19বাক্যের বাহুল্য পাপের উৎস, কিন্তু ওষ্ঠাধরকে যে বশে রাখে সে বুদ্ধিমান।
20সজ্জনের কথা খাঁটি রূপোর মতই মূল্যবান, কিন্তু দুর্জনের চিন্তাভাবনার কোন দাম নেই।
21ধার্মিকের কথা অনেককে পথ দেখায়, কিন্তু জ্ঞানের অভাবে মূর্খেরা মারা পড়ে।
22ঈশ্বরের আশীর্বাদই মানুষকে ধনবান করে কিন্তু তার সঙ্গে আনে না কোন সমস্যা।
23দুষ্কর্মেই মূর্খের আনন্দ, কিন্তু বুদ্ধিমানের আনন্দ প্রজ্ঞায়।
24ধার্মিকের মনোবাঞ্ছা পূর্ণ হয়, কিন্তু দুষ্ট যা ভয় করে তাই-ই ঘটে।
25দুর্যোগে দুষ্টের অস্তিত্ব লোপ পায়, কিন্তু ধার্মিক থাকে অবিচল।
26দাঁতের পক্ষে যেমন টক ও চোখের পক্ষে ধোঁয়া যেমন অস্বত্বিকর, নিয়োগকারীর পক্ষে অলস কর্মীও তেমনি।
27ঈশ্বর ভক্তি দীর্ঘ জীবন দান করে দুর্জনের মৃত্যু হয় অকালে।
28ধার্মিকের প্রত্যাশা পূর্ণ হয় সফলতার আনন্দে, দুর্জন হয় বিফল মনোরথ।
29ঈশ্বর স্বয়ং সজ্জনের সুদৃঢ় আশ্রয়, তিনি দুর্জনদের সংহার করেন।
30ধার্মিক আপনদেশে নিরাপদে বাস করবে, কিন্তু দুষ্টের ঠাঁই হবে না সেখানে।
31ধার্মিকের মুখ থেকে নিঃসৃত হয় প্রজ্ঞার বাণী, কিন্তু কুটিলের কন্ঠ রুদ্ধ হবে।
32ধামির্কের ওষ্ঠাধর প্রিয়বাক্য বলতে জানে, কিন্তু দুষ্ট শুধু রূঢ় কথাই বলে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in