YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 115

115
1আমাদের নয়, হে সদাপ্রভু, আমাদের নয়,
কিন্তু তোমার গৌরব হোক;
তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততার জন্যই হোক।
2অন্য জাতিরা কেন বলবে, “কোথায় ওদের ঈশ্বর?”
3আমাদের ঈশ্বর স্বর্গে আছেন;
তাঁর ইচ্ছামত তিনি কাজ করেন।
4ওদের প্রতিমাগুলো সোনা আর রূপা দিয়ে
মানুষের হাতে গড়া।
5তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না,
চোখ আছে কিন্তু দেখতে পায় না;
6তাদের কান আছে কিন্তু শুনতে পায় না,
নাক আছে কিন্তু গন্ধ নিতে পারে না।
7তাদের হাত আছে কিন্তু ছুঁতে পারে না,
পা আছে কিন্তু হাঁটতে পারে না,
গলা দিয়ে কোন শব্দও বের করতে পারে না।
8যারা এগুলোকে তৈরী করে
আর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করে
তারাও ঐ সব প্রতিমার মত হবে।
9হে ইস্রায়েলীয়েরা, সদাপ্রভুর উপর নির্ভর কর
- তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
10হে হারোণের বংশ, সদাপ্রভুর উপর নির্ভর কর
- তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
11হে সদাপ্রভুর ভক্তেরা, সদাপ্রভুর উপর নির্ভর কর
- তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
12সদাপ্রভু আমাদের কথা মনে করেছেন,
সেজন্য তিনি আমাদের আশীর্বাদ করবেন;
হ্যাঁ, তিনি ইস্রায়েলের বংশকে আশীর্বাদ করবেন,
তিনি হারোণের বংশকে আশীর্বাদ করবেন,
13তিনি তাঁর ছোট-বড় সব ভক্তকে আশীর্বাদ করবেন।
14সদাপ্রভু তোমাদের ও তোমাদের সন্তানদের বংশ বাড়িয়ে তুলুন।
15সদাপ্রভু, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা,
তিনি তোমাদের আশীর্বাদ করুন।
16স্বর্গ হল সদাপ্রভুরই স্বর্গ,
কিন্তু পৃথিবীটা তিনি মানুষকে দিয়েছেন।
17মৃতেরা তো সদাপ্রভুর গৌরব করে না;
যারা মৃত্যুর নীরবতার মধ্যে নেমে যায় তারা গৌরব করে না;
18কিন্তু আমরা সদাপ্রভুর গৌরব করব,
গৌরব করব এখন থেকে চিরকাল।
সদাপ্রভুর প্রশংসা হোক।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in