YouVersion Logo
Search Icon

লেবীয় পুস্তক 1

1
পোড়ানো-উৎসর্গ
1-2একদিন মিলন-তাম্বুর মধ্য থেকে সদাপ্রভু মোশিকে ডাকলেন এবং ইস্রায়েলীয়দের বলতে বললেন, “যদি তোমাদের মধ্যে কেউ সদাপ্রভুকে উৎসর্গ হিসাবে কিছু দিতে চায় তবে সে একটা পশু নিয়ে আসুক; সেই পশুটা যেন কোন গরু, ভেড়া বা ছাগল হয়।
3“যদি সে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান গরু দিয়ে করতে চায় তবে সেটা হতে হবে একটা খুঁতহীন ষাঁড়। সদাপ্রভু যাতে তার উপর সন্তুষ্ট হন সেইজন্য তাকে সেই ষাঁড়টা মিলন-তাম্বুর দরজার কাছে উপস্থিত করতে হবে। 4পোড়ানো-উৎসর্গের জন্য আনা সেই ষাঁড়টার মাথার উপরে সে তার হাত রাখবে; আর সেটা তার জায়গায় তার পাপ ঢাকবার জন্য গ্রহণ করা হবে। 5তারপর সদাপ্রভুর সামনে সে সেই ষাঁড়টা কাটবে আর হারোণের পুরোহিত ছেলেরা তার রক্ত নিয়ে মিলন-তাম্বুর দরজার সামনে রাখা বেদীটার চারপাশের গায়ে ছিটিয়ে দেবে। 6উৎসর্গকারী ঐ পোড়ানো-উৎসর্গের ষাঁড়টার চামড়া ছাড়িয়ে নিয়ে তার মাংস খণ্ড খণ্ড করে কাটবে। 7পুরোহিত হারোণের ছেলেরা সেই বেদীর উপরে আগুন জ্বালিয়ে তার উপর কাঠ সাজাবে। 8তারপর তারা বেদীর উপরকার জ্বলন্ত কাঠের উপরে সেই ষাঁড়ের মাথা, চর্বি ও মাংসের খণ্ডগুলো সাজাবে। 9উৎসর্গকারী সেটার পা এবং পেটের ভিতরের সমস্ত অংশগুলো জলে ধুয়ে দেবে এবং পুরোহিত সেগুলো সুদ্ধ গোটা ষাঁড়টাই বেদীর উপরে পুড়িয়ে ফেলবে। এটা পোড়ানো-উৎসর্গ, আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
10“এই পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান যদি ভেড়া বা ছাগল দিয়ে করা হয় তবে সেটা হতে হবে একটা খুঁতহীন পুরুষ ভেড়া বা ছাগল। 11উৎসর্গকারী সেটা বেদীর উত্তর পাশে নিয়ে গিয়ে সদাপ্রভুর সামনে কাটবে, আর হারোণের পুরোহিত ছেলেরা তার রক্ত নিয়ে বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দেবে। 12উৎসর্গকারী সেটা খণ্ড খণ্ড করে কাটবে আর পুরোহিত তার চর্বি, মাথা ও মাংসের খণ্ডগুলো নিয়ে বেদীর উপরকার জ্বলন্ত কাঠের উপর সাজাবে। 13উৎসর্গকারী সেটার পা ও পেটের ভিতরের অংশগুলো জলে ধুয়ে দেবে আর পুরোহিত সেগুলো সুদ্ধ গোটা পশুটাই বেদীর উপর পুড়িয়ে ফেলবে। এটা পোড়ানো-উৎসর্গ, আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
14“সদাপ্রভুর উদ্দেশে এই পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান যদি কোন পাখী দিয়ে করা হয় তবে উৎসর্গকারীকে একটা ঘুঘু বা কবুতর আনতে হবে। 15পুরোহিত সেটা বেদীর কাছে নিয়ে যাবে এবং তার মাথাটা মুচ্‌ড়ে গলা থেকে আলাদা করে নিয়ে বেদীর উপরে পুড়িয়ে দেবে আর রক্তটা চেপে বের করে বেদীর একপাশের গায়ের উপর ফেলবে। 16উৎসর্গকারী পাখীটার গলার থলি ও তার মধ্যেকার সব কিছু বেদীর পূর্ব দিকে ছাইয়ের গাদায় ফেলে দেবে। 17সে ডানা ধরে পাখীটা এমন ভাবে ছিঁড়বে যেন সেটা দুই টুকরা হয়ে না যায়। তারপর পুরোহিত সেটা নিয়ে বেদীর উপরকার জ্বলন্ত কাঠের উপর পুড়িয়ে দেবে। এটা পোড়ানো-উৎসর্গ, আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in