YouVersion Logo
Search Icon

আমোষ 5

5
ইস্রায়েলের জন্য শোক প্রকাশ
1হে ইস্রায়েলের লোকেরা, তোমাদের বিষয় নিয়ে আমি এই যে বিলাপ করছি তা শোন।
2“কুমারী ইস্রায়েল পড়ে গেছে,
সে আর কখনও উঠবে না;
তাকে তার নিজের মাটিতে ফেলে রাখা হয়েছে,
তাকে তুলবার কেউ নেই।”
3প্রভু সদাপ্রভু বলছেন, “ইস্রায়েলের যে শহর থেকে এক হাজার বলবান লোক বের হয়ে যায় তার মাত্র একশো জন বেঁচে থাকবে, আবার যে শহর থেকে একশো জন বলবান লোক বের হয়ে যায় তার মাত্র দশজন বেঁচে থাকবে।”
সদাপ্রভুর কাছে গিয়ে বাঁচ
4ইস্রায়েলের লোকদের সদাপ্রভু বলছেন, “তোমরা আমার কাছে এস, তাতে বাঁচবে। 5তোমরা বৈথেলে কিম্বা গিল্‌গলে কিম্বা বের্‌-শেবায় যেয়ো না, কারণ গিল্‌গলের লোকেরা নিশ্চয়ই বন্দী হয়ে অন্য দেশে যাবে এবং বৈথেলের সর্বনাশ হবে।”
6তোমরা সদাপ্রভুর কাছে যাও তাতে বাঁচবে; তা না হলে তিনি আগুনের মত করে যোষেফের, অর্থাৎ ইস্রায়েলের লোকদের মধ্যে জ্বলে উঠবেন। সেই আগুন গ্রাস করবে এবং বৈথেলের কেউ তা নিভাতে পারবে না। 7তোমরা তো ন্যায়বিচারকে তেতো করে তুলছ এবং সততাকে মাটিতে ফেলছ।
8যিনি কৃত্তিকা ও মৃগশীর্ষ নামে তারাগুলো তৈরী করেছেন, যিনি অন্ধকারকে আলো করেন এবং দিনকে রাতের আঁধার করেন, যিনি সাগরের জলকে ডাক দিয়ে ভূমির উপর ঢেলে দেন, তাঁর নাম সদাপ্রভু। 9তিনি শক্তিশালীদের উপর এবং তাদের দুর্গের উপর হঠাৎ সর্বনাশ এনে ধ্বংস করে দেন।
10যে লোক শহরের ফটকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তোমরা তো তাকে ঘৃণা কর এবং যে সত্যি কথা বলে তাকে তুচ্ছ কর। 11তোমরা গরীবকে অত্যাচার কর এবং জোর করে তার কাছ থেকে শস্য আদায় কর। কাজেই তোমরা যদিও পাথরের বড় বড় ঘর তৈরী করে থাক তবুও তোমরা তাতে বাস করতে পারবে না। যদিও তোমরা সুন্দর আংগুর ক্ষেত করে থাক তবুও তোমরা তার আংগুর-রস খেতে পারবে না। 12আমি জানি তোমাদের অন্যায় কত বেশী এবং তোমাদের পাপ কি ভীষণ! তোমরা তো সৎ লোকদের উপর অত্যাচার কর ও ঘুষ খাও; শহরের ফটকে তোমরা গরীবদের ন্যায়বিচার পেতে দাও না। 13সেইজন্য এই রকম সময়ে বুদ্ধিমান লোক চুপ করে থাকে, কারণ সময়টা মন্দ।
14তোমরা যাতে বাঁচতে পার সেইজন্য ভালোর পিছনে যাও, মন্দের পিছনে নয়; তাহলে যেমন তোমরা বলে থাক তেমনি সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু সত্যিসত্যিই তোমাদের সংগে থাকবেন। 15মন্দকে ঘৃণা কর, ভালোকে ভালবাস; শহরের ফটকে ন্যায়বিচার রক্ষা কর। হয়তো ইস্রায়েলের বেঁচে থাকা লোকদের উপর সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু দয়া করবেন।
16সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর প্রভু সদাপ্রভু বলছেন, “শহরের প্রত্যেকটি খোলা জায়গায় লোকে বিলাপ করবে এবং প্রত্যেকটি রাস্তায় হায় হায় করবে। এমন কি, শোক প্রকাশকারীদের সংগে বিলাপ করবার জন্য চাষীদেরও ডাকা হবে। 17সমস্ত আংগুর ক্ষেতগুলোতে বিলাপ হবে, কারণ আমি তোমাদের মধ্য দিয়ে যাব। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
সদাপ্রভুর দিন
18ধিক্‌ তোমাদের! তোমরা তো আকুল হয়ে সদাপ্রভুর দিন দেখতে চাইছ! কেন তোমরা সেই দিনের আকাংক্ষা করছ? তোমাদের কাছে সেই দিন আলো নয় কিন্তু অন্ধকার হবে। 19সেটা হবে যেন কোন মানুষ সিংহের হাত থেকে পালিয়ে ভাল্লুকের সামনে পড়ল, যেন নিজের বাড়ীতে ঢুকে দেয়ালে হাত রেখে সাপের কামড় খেল। 20সদাপ্রভুর দিন আলো না হয়ে কি অন্ধকার হবে না? উজ্জ্বলতার কণামাত্র না থেকে তা কি গাঢ় অন্ধকার হবে না?
21সদাপ্রভু বলছেন, “আমি তোমাদের পর্বগুলো ঘৃণা করি, অগ্রাহ্য করি; তোমাদের সভাগুলো আমি সহ্য করতে পারি না। 22তোমরা আমার উদ্দেশে পোড়ানো-উৎসর্গ ও শস্য-উৎসর্গ করলেও আমি সেগুলো গ্রহণ করব না। যদিও তোমরা মোটাসোটা পশু দিয়ে যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান কর তবুও সেই দিকে আমি চেয়েও দেখব না। 23তোমাদের গানের আওয়াজ দূর কর। তোমাদের বীণার বাজনা আমি শুনব না। 24তার চেয়ে বরং ন্যায়বিচার নদীর মত আর সততা চিরকাল বয়ে যাওয়া স্রোতের মত বয়ে যাক।
25“হে ইস্রায়েলের লোকেরা, মরু-এলাকায় সেই চল্লিশ বছর তোমরা কি আমার উদ্দেশে কোন পশু বা অন্য জিনিস উৎসর্গ করেছিলে? 26না, বরং তোমরা তোমাদের নিজেদের তৈরী রাজা-দেবতা সিক্কুতের মূর্তি ও তারা-দেবতা কীয়ূনের মূর্তি বয়ে নিয়ে গিয়েছিলে। 27কাজেই আমি দামেস্কের ওপাশে বন্দী হিসাবে তোমাদের পাঠিয়ে দেব। আমি সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছি।”

Currently Selected:

আমোষ 5: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in