YouVersion Logo
Search Icon

আমোষ 3

3
ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর কথা
1হে ইস্রায়েলের লোকেরা, তোমাদের বিরুদ্ধে, অর্থাৎ সদাপ্রভু যাদের মিসর থেকে বের করে এনেছেন সেই গোটা জাতির বিরুদ্ধে তিনি যা বলছেন তা শোন: 2“পৃথিবীর সমস্ত জাতির মধ্য থেকে আমি কেবল তোমাদেরই বেছে নিয়েছি; কাজেই তোমাদের সব পাপের জন্য আমি তোমাদের শাস্তি দেব।”
3আগে থেকে ঠিক না করলে কি দু’জন একসংগে কোথাও যায়? 4শিকার করা পশু না থাকলে কি সিংহ ঝোপ-ঝাড়ের মধ্যে গর্জন করে? কিছু ধরতে না পারলে কি যুব সিংহ তার গর্তের মধ্যে গোঁ গোঁ করে? 5ফাঁদের মধ্যে টোপ না থাকলে কি পাখী ফাঁদের কাছে আসে? ধরবার কিছু না পেলে কি ফাঁদ লাফিয়ে ওঠে? 6শহরে শিংগার আওয়াজ শুনলে কি লোকেরা কাঁপে না? সদাপ্রভু না ঘটালে কি শহরে বিপদ ঘটে? 7আসলে প্রভু সদাপ্রভু তাঁর দাস নবীদের কাছে তাঁর পরিকল্পনা প্রকাশ না করে কিছুই করেন না। 8সিংহ গর্জন করলে কে না ভয় করবে? প্রভু সদাপ্রভু বলতে বললে কে নবী হিসাবে কথা না বলে পারবে?
9তোমরা অস্‌দোদ ও মিসরের সব দুর্গের লোকদের কাছে বল, “তোমরা শমরিয়ার পাহাড়গুলোর উপরে জড়ো হও; দেখ, তার মধ্যে কত গোলমাল! তার লোকদের মধ্যে কত অত্যাচার!”
10-11প্রভু সদাপ্রভু বলছেন, “তারা ঠিক কাজ করতে জানে না; তাদের দুর্গগুলোর মধ্যে তারা অত্যাচারের ও লুটের মাল জমিয়ে রেখেছে। কাজেই একজন শত্রু তাদের দেশ ঘেরাও করবে; সে তাদের শক্ত প্রতিরক্ষার উপায়গুলো ধ্বংস করবে এবং দুর্গগুলো লুট করবে।”
12সদাপ্রভু বলছেন, “রাখাল সিংহের মুখ থেকে যেমন কেবল পায়ের দু’টা হাড় কিম্বা কানের একটা টুকরা উদ্ধার করতে পারে তেমনি ইস্রায়েলের যে লোকেরা শমরিয়ায় বাস করে তারা কেবল তাদের খাটের পায়া এবং চাদরের টুকরা নিয়ে উদ্ধার পাবে।”
13সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর প্রভু সদাপ্রভু বলছেন, “তোমরা শোন এবং যাকোবের বংশকে সাবধান কর। 14আমি পাপের জন্য ইস্রায়েলকে যেদিন শাস্তি দেব সেই দিন বৈথেলের বেদীগুলো ভেংগে ফেলব; তখন বেদীর শিংগুলো ভেংগে মাটিতে পড়বে। 15আমি শীতকাল কাটাবার ঘর ও গরমকাল কাটাবার ঘর ভেংগে ফেলব; হাতীর দাঁতের কাজ করা ঘরগুলো নষ্ট করা হবে এবং বড় বড় বাড়ীগুলো ধ্বংস করা হবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।”

Currently Selected:

আমোষ 3: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in