পরে আমি সেই উঁচু পদের কর্মচারীদের বললাম, “আমরা যে কি রকম দুরবস্থার মধ্যে আছি তা আপনারা দেখতে পাচ্ছেন। যিরূশালেম ধ্বংস হয়ে রয়েছে এবং তার ফটকগুলো আগুন দিয়ে পোড়ানো হয়েছে। আসুন, আমরা যিরূশালেমের দেয়াল আবার গেঁথে তুলি। এতে আর আমরা টিট্কারির পাত্র থাকব না।” আমার ঈশ্বর কিভাবে আমার মংগল করেছেন ও রাজা আমাকে কি বলেছেন তাও আমি তাঁদের জানালাম।
উত্তরে তাঁরা বললেন, “আসুন, আমরা গাঁথতে শুরু করি।” এই বলে তাঁরা সেই ভাল কাজ শুরু করতে প্রস্তুত হলেন।