যিহিষ্কেল 12
12
চিহ্নের মধ্য দিয়ে বন্দীদশার বর্ণনা
1পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশিত হল, 2“হে মানুষের সন্তান, তুমি একটা বিদ্রোহী জাতির মধ্যে বাস করছ। তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, কান আছে শোনে না, কারণ তারা একটা বিদ্রোহী জাতি।
3“কাজেই হে মানুষের সন্তান, তুমি যেন দূরে বন্দী হয়ে যাচ্ছ সেইভাবে তোমার জিনিসপত্র বেঁধে নাও এবং তাদের চোখের সামনে দিনের বেলাতেই রওনা হও; তুমি যেখানে আছ সেখান থেকে অন্য জায়গায় যাও। তারা যে বিদ্রোহী জাতি হয়তো তারা তা বুঝতে পারবে। 4দূরে বন্দী হয়ে যাবার জন্য তোমার গুছিয়ে নেওয়া জিনিসপত্র দিনের বেলাতেই তাদের চোখের সামনে বাইরে বের করবে। তারপর সন্ধ্যা বেলায় দূরে বন্দী হয়ে যাবার মত করে তাদের চোখের সামনে রওনা হবে। 5তাদের চোখের সামনেই দেয়ালে গর্ত খুঁড়ে তোমার জিনিসপত্র তার মধ্য দিয়ে বের করে নেবে। 6জিনিসপত্রগুলো তাদের চোখের সামনে কাঁধে তুলে নেবে এবং অন্ধকারের মধ্যে সেগুলো বের করে নিয়ে যাবে। তোমার চোখ ঢেকে রাখবে যাতে তুমি তোমার দেশের মাটি দেখতে না পাও, কারণ ইস্রায়েল জাতির জন্য আমি তোমাকে একটা চিহ্নের মত করেছি।”
7আমাকে যা আদেশ করা হল সেইমতই আমি কাজ করলাম। দূরে বন্দী হয়ে যাবার মত করে আমি আমার জিনিসপত্র দিনের বেলাতেই বের করে আনলাম। তারপর সন্ধ্যা বেলায় হাত দিয়ে দেয়ালে গর্ত খুঁড়লাম। তাদের চোখের সামনেই অন্ধকারে আমার জিনিসপত্র আমি কাঁধের উপরে নিয়ে রওনা হলাম।
8সকাল বেলায় সদাপ্রভু আমাকে বললেন, 9“হে মানুষের সন্তান, বিদ্রোহী ইস্রায়েল জাতি কি তোমাকে জিজ্ঞাসা করে নি, ‘তুমি কি করছ?’ 10তুমি তাদের বল, প্রভু সদাপ্রভু বলছেন, ‘এই চিহ্ন যিরূশালেমের শাসনকর্তা এবং সেখানকার ইস্রায়েলীয়দের জন্য।’ 11তুমি তাদের বল যে, তুমি তাদের কাছে একটা চিহ্ন। তুমি যেমন করলে, তাদের প্রতি তেমনই করা হবে। তারা বন্দী হয়ে দূর দেশে যাবে।
12“তাদের মধ্যেকার শাসনকর্তা অন্ধকারে তার জিনিসপত্র কাঁধে নিয়ে বের হবে এবং দেয়ালে গর্ত খোঁড়া হবে যাতে সে তার মধ্য দিয়ে বের হয়ে যেতে পারে। সে তার চোখ ঢাকবে যাতে সে তার দেশের মাটি দেখতে না পায়। 13আমি তার জন্য জাল পাতব আর সে আমার ফাঁদে ধরা পড়বে। আমি তাকে বাবিলীয়দের দেশ বাবিলে নিয়ে যাব, কিন্তু সে তা দেখবে না; সেখানেই সে মারা যাবে। 14আমি তার চারপাশের সবাইকে, অর্থাৎ তার কর্মচারী ও তার সমস্ত সৈন্যদলকে চারদিকে ছড়িয়ে দেব এবং খোলা তলোয়ার নিয়ে আমি তাদের তাড়া করব।
15“আমি যখন তাদের নানা জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু। 16কিন্তু তাদের মধ্যে কিছু লোককে আমি যুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়কের হাত থেকে বাঁচাব, যাতে তারা যেখানেই যাক না কেন সেখানকার সমস্ত জাতির মধ্যে তাদের সব জঘন্য অভ্যাসের কথা স্বীকার করে। তাতে তারা জানতে পারবে যে, আমিই সদাপ্রভু।”
17তারপর সদাপ্রভু আমাকে আরও বললেন, 18“হে মানুষের সন্তান, তুমি ভয়ে কাঁপতে কাঁপতে তোমার খাবার ও জল খাও। 19তুমি দেশের লোকদের বল যে, ইস্রায়েল দেশের যিরূশালেমের বাসিন্দাদের বিষয়ে প্রভু সদাপ্রভু বলছেন, ‘তারা ভয়ে ভয়ে তাদের খাবার খাবে আর হতভম্ব হয়ে জল খাবে, কারণ সেখানকার বাসিন্দাদের অত্যাচারের দরুন তাদের দেশটা খালি হয়ে পড়ে থাকবে। 20লোকজন ভরা শহরগুলো ধ্বংসস্থান হয়ে থাকবে এবং দেশ জনশূন্য হবে। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।’ ”
21তারপর সদাপ্রভু আমাকে বললেন, 22“হে মানুষের সন্তান, ইস্রায়েল দেশে এ কেমন চলতি কথা রয়েছে, ‘দিন চলে যায় আর প্রত্যেক দর্শনই বিফল হয়’? 23তাদের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘আমি সেই চল্তি কথাটা বাতিল করে দেব; ইস্রায়েলে সেই কথা আর কেউ বলবে না।’ তার বদলে তাদের বল, ‘দিন এসে গেছে, এখন প্রত্যেকটা দর্শন ফলবে। 24ইস্রায়েলের লোকদের মধ্যে মিথ্যা দর্শন আর খুশী করবার গোণা-পড়া আর থাকবে না। 25তখন আমি সদাপ্রভু যা বলব তা সফল হবে, দেরি হবে না। হে বিদ্রোহী জাতি, আমি যা বলছি তা তোমাদের সময়েই সফল করব। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।’”
26পরে সদাপ্রভু আমাকে বললেন, 27“হে মানুষের সন্তান, ইস্রায়েলীয়েরা বলছে যে, তুমি যে দর্শন দেখছ তা এখন থেকে অনেক বছর পরের কথা, আর যে ভবিষ্যদ্বাণী বলছ তা দূর ভবিষ্যতের বিষয়ে। 28কাজেই তুমি তাদের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘আমার কোন কথা সফল হতে আর দেরি নেই; আমি যা বলব তা সফল হবে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।’”
Цяпер абрана:
যিহিষ্কেল 12: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000