যিহিষ্কেল 11

11
ইস্রায়েলীয় নেতাদের শাস্তি
1তারপর সদাপ্রভুর আত্মা আমাকে তুলে নিয়ে উপাসনা-ঘরের পূর্ব দিকের ফটকের কাছে আনলেন। সেখানে ফটকে ঢুকবার পথে পঁচিশজন পুরুষলোক ছিল, আর আমি তাদের মধ্যে অসূরের ছেলে যাসনিয় ও বনায়ের ছেলে প্লটিয়কে দেখলাম; তারা ছিল লোকদের নেতা। 2সদাপ্রভু আমাকে বললেন, “হে মানুষের সন্তান, এরাই সেই লোক যারা শহরের মধ্যে কুমতলব করছে আর খারাপ পরামর্শ দিচ্ছে। 3তারা বলছে, ‘ঘর-বাড়ী তৈরী করবার সময় কি হয় নি? এই শহরটা যেন রান্নার পাত্র আর আমরা হচ্ছি মাংস।’ 4কাজেই হে মানুষের সন্তান, তুমি এদের বিরুদ্ধে নবী হিসাবে কথা বল, হ্যাঁ, নবী হিসাবে কথা বল।”
5তারপর সদাপ্রভুর আত্মা আমার উপরে আসলেন, আর তিনি আমাকে এই কথা বলতে বললেন, “সদাপ্রভু বলছেন, ‘হে ইস্রায়েলীয়েরা, তোমরা ঐ কথা বলছ, কিন্তু তোমাদের মনে কি আছে তা আমি জানি। 6তোমরা এই শহরের অনেক লোককে মেরে ফেলেছ এবং মরা লোক দিয়ে রাস্তাগুলো ভরে ফেলেছ।’
7“সেইজন্য প্রভু সদাপ্রভু বলছেন, ‘সত্যি এই শহরটা রান্নার পাত্র, কিন্তু যে লোকগুলোকে তোমরা শহরে মেরে ফেলেছ সেগুলোই মাংস; আর আমি সেখান থেকে তোমাদের তাড়িয়ে বের করে দেব। 8যে যুদ্ধকে তোমরা ভয় কর সেই যুদ্ধই আমি তোমাদের বিরুদ্ধে আনব। 9আমি শহর থেকে তোমাদের তাড়িয়ে বের করে বিদেশীদের হাতে তুলে দেব এবং তোমাদের শাস্তি দেব। 10তোমরা যুদ্ধে মারা পড়বে; ইস্রায়েলের সীমানায় আমি তোমাদের সবাইকে শাস্তি দেব। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু। 11এই শহর তোমাদের জন্য পাত্রও হবে না আর তোমরাও তার মধ্যেকার মাংস হবে না; ইস্রায়েলের সীমানায় আমি তোমাদের সবাইকে শাস্তি দেব। 12তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু। তোমরা আমার নিয়ম মত চল নি কিম্বা আমার আইন-কানুনও পালন কর নি বরং তোমাদের চারপাশের জাতিগুলোর নিয়ম অনুসারে চলেছ।’”
বন্দীদের সান্ত্বনা
13আমি যখন নবী হিসাবে কথা বলছিলাম তখন বনায়ের ছেলে প্লটিয় মারা গেল। তখন আমি উবুড় হয়ে পড়ে আবেগের সংগে জোরে জোরে বললাম, “হায়, প্রভু সদাপ্রভু! তুমি কি ইস্রায়েলের বাকী লোকদের সবাইকে শেষ করে দেবে?”
14তখন সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশিত হল, 15“হে মানুষের সন্তান, তোমার ভাইদের, তোমার নিজের লোকদের, অর্থাৎ বন্দীদশায় থাকা সমস্ত ইস্রায়েলীয়দের সম্বন্ধে যিরূশালেমের লোকেরা বলছে, ‘তারা সদাপ্রভুর দেশ থেকে দূরে চলে গেছে; এই দেশ তো অধিকার হিসাবে আমাদেরই দেওয়া হয়েছে।’
16“সেইজন্য আমি প্রভু সদাপ্রভু যা বলছি তা তুমি তোমার লোকদের বল যে, আমি যদিও অন্যান্য জাতিদের মধ্যে তাদের পাঠিয়ে দিয়েছি এবং দেশে দেশে ছড়িয়ে দিয়েছি তবুও যে সব দেশে তারা গেছে সেখানেও এই অল্পকালের জন্য আমিই তাদের পবিত্র স্থান হয়েছি।
17“কাজেই তুমি তাদের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, জাতিদের মধ্য থেকে আমি তাদের জড়ো করব; যে সব দেশে তারা ছড়িয়ে পড়েছে সেখান থেকে তাদের ফিরিয়ে আনব আর ইস্রায়েল দেশটা আবার আমি তাদের ফিরিয়ে দেব।
18“তারা সেখানে ফিরে গিয়ে সব বাজে মূর্তি ও জঘন্য প্রতিমাগুলো দূর করে দেবে। 19আমি তাদের এমন অন্তর দেব যা কেবল আমারই দিকে আসক্ত থাকবে, আর আমি তাদের মধ্যে নতুন আত্মা দেব; আমি তাদের কঠিন অন্তর সরিয়ে দিয়ে নরম অন্তর দেব। 20তাহলে তারা আমার নিয়ম মত চলবে এবং আমার আইন-কানুন যত্নের সংগে পালন করবে। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব। 21কিন্তু যাদের অন্তর বাজে মূর্তি ও জঘন্য প্রতিমাগুলোর দিকে, তাদের কাজের ফল আমি তাদের উপর ঢেলে দেব। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।”
সদাপ্রভুর মহিমা শহর ত্যাগ করল
22এর পর করূবেরা তাঁদের ডানা মেলে দিলেন; তাঁদের পাশে ছিল সেই চাকাগুলো, আর ইস্রায়েলের ঈশ্বরের মহিমা তাঁদের উপরে ছিল। 23সদাপ্রভুর মহিমা শহরের মধ্য থেকে উঠে শহরের পূর্ব দিকের পাহাড়ের উপরে গিয়ে থামল। 24তারপর ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিলেন এবং তাঁর দেওয়া দর্শনের মধ্য দিয়ে আবার বাবিলে বন্দীদের কাছে নিয়ে গেলেন।
যে দর্শন আমি দেখছিলাম এর পর তা শেষ হয়ে গেল। 25সদাপ্রভু আমাকে যা যা দেখিয়েছিলেন তা সবই আমি বন্দীদের কাছে বললাম।

Цяпер абрана:

যিহিষ্কেল 11: SBCL

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце