যিহিষ্কেল 13
13
ভণ্ড নবীরা দোষী
1পরে সদাপ্রভু আমাকে বললেন, 2“হে মানুষের সন্তান, ইস্রায়েলের যে নবীরা এখন কথা বলছে তুমি তাদের বিরুদ্ধে নবী হিসাবে কথা বল। যারা নিজেদের মনগড়া কথা বলছে তুমি তাদের বল যে, তারা যেন সদাপ্রভুর বাক্য শোনে। 3প্রভু সদাপ্রভু বলছেন, ‘ধিক, সেই ভক্তিহীন নবীদের, যারা কোন দর্শন না পেয়ে তাদের মনগড়া কথা বলে। 4হে ইস্রায়েল, তোমার নবীরা ধ্বংসস্থানের মধ্যে শিয়ালদের মত। 5তারা ইস্রায়েল জাতির দেয়ালের ফাটল মেরামত করতে সেখানে ওঠে নি যাতে সদাপ্রভুর দিনে যুদ্ধের সময়ে সেটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে। 6তাদের দর্শন মিথ্যা এবং তাদের গোণা-পড়া সত্যি নয়। তারা বলে যে, আমি এই কথা বলছি, অথচ আমি তাদের পাঠাই নি; তবুও তারা আশা করে তাদের কথা সফল হবে। 7তারা কি মিথ্যা দর্শন দেখছে না এবং মিথ্যা গোণা-পড়া করছে না? তারা তো বলছে যে, আমি এই কথা বলছি, অথচ আমি বলি নি।
8“‘আমি প্রভু সদাপ্রভু বলছি যে, তাদের মিথ্যা কথা ও মিথ্যা দর্শনের জন্য আমি তাদের বিরুদ্ধে। 9আমার হাত সেই সব নবীদের বিরুদ্ধে উঠবে যারা মিথ্যা দর্শন দেখে ও মিথ্যা গোণা-পড়া করে। আমার লোকদের সমাজে তারা থাকবে না এবং ইস্রায়েলের বংশ-তালিকার মধ্যে তাদের নাম থাকবে না, আর ইস্রায়েল দেশেও তারা ফিরে আসতে পারবে না। তখন তোমরা জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।
10“‘যখন কোন শান্তি নেই তখন নবীরা বলে যে, শান্তি আছে, আর এইভাবে তারা আমার লোকদের বিপথে নিয়ে গেছে। তারা যেন লোকদের গাঁথা এমন দেয়ালের উপর চুনকাম করেছে যা শক্ত নয়। 11সেইজন্য যারা এই কাজ করেছে তুমি তাদের বল যে, সেই দেয়াল পড়ে যাবে। মুষলধারে বৃষ্টি ও বড় বড় শিলা পড়বে এবং ঝোড়ো বাতাস সজোরে বইবে। 12সেই দেয়াল যখন ভেংগে পড়বে তখন লোকে কি তাদের জিজ্ঞাসা করবে না যে, তারা যে চুনকাম করে দেয়ালটা ঢেকেছিল সেই চুন গেল কোথায়?
13“‘আমার ক্রোধে আমি ঝোড়ো বাতাস খুলে দেব। আমার ভীষণ অসন্তোষে আমি বড় বড় শিলা ও মুষলধারে বৃষ্টি দিয়ে তা ধ্বংস করে দেব। 14যে দেয়াল নবীরা চুনকাম করে ঢেকে দিয়েছিল তা আমি ভেংগে মাটির সংগে সমান করে দেব যাতে তার ভিত্তি খোলা পড়ে থাকে। সেটা ভেংগে পড়বার সময় তার তলায় তারাও ধ্বংস হয়ে যাবে। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু। 15সেই দেয়াল ও সেটাকে যারা চুনকাম করে ঢেকে দিয়েছে তাদের উপরে আমি আমার ক্রোধ সম্পূর্ণভাবে ঢেলে দেব। আমি লোকদের বলব যে, সেই দেয়ালটাও নেই এবং যারা সেটা চুনকাম করেছিল, 16অর্থাৎ ইস্রায়েলের সেই নবীরা যারা যিরূশালেমের লোকদের কাছে কথা বলেছিল এবং শান্তি না থাকলেও শান্তির দর্শন দেখেছিল তারাও নেই। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।’”
17তারপর সদাপ্রভু আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তোমার জাতির যে মেয়েরা নবী হিসাবে নিজেদের মনগড়া কথা বলে এখন তুমি তাদের বিরুদ্ধে দাঁড়াও। তুমি তাদের বিরুদ্ধে এই কথা বল যে, 18প্রভু সদাপ্রভু বলছেন, ‘ধিক্ স্ত্রীলোকেরা! তোমরা তো লোকদের হাতের জন্য তাবিজ এবং মাথা ঢাকবার জন্য বিভিন্ন মাপের কাপড় তৈরী কর যাতে তোমরা সেই লোকদের বশ করতে পার। তোমরা কি আমার লোকদের প্রাণ শিকার করছ আর নিজেদের প্রাণ রক্ষা করছ? 19কয়েক মুঠা যব আর কয়েক টুকরা রুটির জন্য তোমরা আমার লোকদের সামনে আমাকে অসম্মানিত করেছ। আমার লোকেরা, যারা মিথ্যা কথা শোনে, তোমরা তাদের কাছে মিথ্যা কথা বলে যারা মরবার উপযুক্ত নয় তাদের মেরে ফেলেছ এবং যারা বাঁচবার উপযুক্ত নয় তাদের বাঁচিয়ে রেখেছ।
20“‘সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি, তোমরা যে তাবিজ দিয়ে পাখীর মত করে লোকদের ধর আমি তার বিপক্ষে। তোমাদের হাত থেকে আমি সেগুলো ছিঁড়ে ফেলে দেব। পাখীর মত করে যে লোকদের তোমরা ধর তাদের আমি ছেড়ে দেব। 21তোমাদের মাথা ঢাকবার কাপড়গুলো আমি ছিঁড়ে ফেলে তোমাদের হাত থেকে আমার লোকদের উদ্ধার করব; তারা আর তোমাদের হাতে শিকারের মত ধরা পড়বে না। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু। 22যে সৎ লোকদের আমি দুঃখ দিই নি, মিথ্যা কথা বলে তোমরা তাদের হতাশ করেছ এবং দুষ্ট লোকদের তোমরা উৎসাহ দিয়েছ যাতে তারা প্রাণ বাঁচাবার জন্য কুপথ থেকে না ফেরে। 23সেইজন্য তোমরা আর মিথ্যা দর্শন দেখবে না এবং গোণা-পড়াও করবে না। তোমাদের হাত থেকে আমি আমার লোকদের উদ্ধার করব। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।’”
Цяпер абрана:
যিহিষ্কেল 13: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000