গণনা পুস্তক 24
24
1বিলিয়ম বুঝলেন, ইসরায়েলীদের আশীর্বাদ করাই প্রভু পরমেশ্বরের মনঃপুত, তাই তিনি আর আগের মত দৈবানুসন্ধান করতে গেলেন না, তিনি প্রান্তরের দিকে ঘুরে দাঁড়ালেন। 2বিলিয়ম দেখলেন, ইসরায়েলীরা গোষ্ঠী অনুযায়ী ভাগ হয়ে ছাউনি ফেলেছে। ঈশ্বরের আত্মা তখন তাঁর উপরে অধিষ্ঠিত হলেন, 3ভাবাবেশে তিনি বলতে লাগলেনঃ
বিয়োরতনয় বিলিয়মের বাণী এই,
দৃষ্টি যার স্বচ্ছ সেই ব্যক্তি বলছে,
4ঈশ্বরের প্রত্যাদেশ যে শ্রবণ করে
সর্বশক্তিমানের দর্শন যে পায়
প্রণত হয়েও যার দৃষ্ঠি থাকে উন্মুক্ত
এ তারই বাণী:
5হে যাকোব, তোমার শিবির কত মানারম!
হে ইসরায়েল, তোমার আবাস কত সুন্দর।
6তালিবনরেখার মত বিস্তৃত বহুদূর
নদীতীরের উদ্যানের মত প্রসারিত
যেন প্রভু পরমেশ্বরের রোপিত
অগুরুবৃক্ষরাজি
যেন জলাশয়ের তীরে সীডার তরুর শ্রেণী।
7তার পূর্ণ কুম্ভ থেকে উছলে পড়বে জল,
বহুবর্ষণে সিঞ্চিত হবে তার বীজ,
অগাগের চেয়েও দীর্ঘকায় হবে তার রাজ্য,
তার রাজ্য হবে সমৃদ্ধ।
8মিশর থেকে ঈশ্বর তাকে
উদ্ধার করে এনেছেন,
বন্যবৃষের বিক্রমের মতই তিনি তার পরাক্রমস্বরূপ।
তার বিরোধী জাতিসমূহকে সে করবে গ্রাস,
তাদের অস্থি করবে চূর্ণ
শরজালে করবে তাদের বিদীর্ণ।
9সিংহের মত সে ওত পেতে শোয়,
সিংহীর মত সে, কে তাকে জাগাবে?
যে তোমাকে আশীর্বাদ করে
সে-ও লাভ করুক আশীর্বাদ,
যে তোমাকে শাপ দেয় সে হোক অভিশপ্ত।#আদি 12:3; 49:9
10এ কথা শুনে বালাক বিলিয়মের উপর অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি মুষ্টিবদ্ধ হাতে আস্ফালন করে বিলিয়মকে বললেন, আমার শত্রুদের শাপ দেওয়ার জন্য আমি আপনাকে আনিয়েছিলাম, কিন্তু এই নিয়ে তিনবার আপনি তাদের আশীর্বাদ করলেন। 11এখনই চলে যান আমার সামনে থেকে। ফিরে যান নিজের দেশে। আমি বলেছিলাম, আপনাকে প্রচুর পুরস্কার ও মহাসম্মানে ভূষিত করব, কিন্তু প্রভু পরমেশ্বরই আপনাকে সেই সম্মান থেকে বঞ্চিত করলেন। 12বিলিয়ম বালাককে বললেন, আপনি দূতদের পাঠিয়েছিলেন তাদের সামনেই কি আমি বলি নি যে 13বালাক যদি তাঁর প্রাসাদের সমস্ত সোনা রূপোও আমাকে দান করেন, তা হলেও আমি নিজের ইচ্ছায় ভাল কি মন্দ কোন কিছুর জন্যই প্রভু পরমেশ্বরের নির্দেশ লঙ্ঘন করতে পারব না, তিনি যা বলবেন আমি শুধু সেই কথাই বলব। 14আমি এখন আমার দেশে ফিরে যাচ্ছি। শুনুন, ভবিষ্যতে ইসরায়েলীরা আপনার জাতির প্রতি কি রকম আচরণ করবে তা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি।
শেষ ভাবোক্তি
15এই বলে ভাবাবেশে তিনি বলতে
লাগলেনঃ
বিয়োর তনয় বিলিয়মের বাণী এই,
দৃষ্টি যার স্বচ্ছ, এ তারই উক্তি-
16ঈশ্বরের প্রত্যাদেশ যে শ্রবণ করে,
পরাৎপরের তত্ত্ব যে অবহিত
সর্বশক্তিমানের দর্শন যে পায়
প্রণত হয়েও যার দৃষ্টি থাকে উন্মুক্ত
সে-ই বলছে এই কথা:
17আমি তাঁকে দর্শন করব, কিন্তু এখন নয়,
তাঁকে প্রত্যক্ষ করব, কিন্তু কাছ থেকে নয়।
যাকোব কুলে উদিত হবে এক নক্ষত্র,
এক রাজদণ্ডের অভ্যুদয় হবে ইসরায়েলে
তা চূর্ণ করবে মোযাবের ললাট,
শেথ বংশ ধ্বংস করবে।
18ইদোম অধিকার করবে সে,
তার শত্রু সেয়ীরও আসবে তার অধিকারে,
বীরোচিত কীর্তি সাধন করবে ইসরায়েল।
19যাকোবকুল করবে তাদের পদানত,
নগরের অবশিষ্ট লোকদের করবে সংহার।
20এর পরে তিনি অমালেকীদের দিকে তাকিয়ে বললেনঃ
সকল জাতির মাঝে অমালেক-ই ছিল অগ্রগণ্য,
কিন্তু ধ্বংসই হবে তার পরিণাম।
21তারপর তিনি কেনীয়দের দিকে তাকিয়ে বললেনঃ
সুরক্ষিত তোমার আবাস,
শৈল শিখরে স্থাপিত তোমার নীড়
22কিন্তু তবুও হে কয়িন তুমি হবে বিধ্বস্ত,
অবশেষে আসিরিয়া তোমায় নিয়ে যাবে বন্দী করে।
23তিনি ভাবাবেশে আবার বললেনঃ
হায়, ঈশ্বর যখন এই সব ঘটনা ঘটাবেন,
তখন কে রক্ষা পাবে?
24কিত্তীম থেকে আসবে রণতরী
তারা আসিরিয়াকে করবে পীড়ন,
এবরকে করবে নির্যাতন
কিন্তু সে নিজেও হবে নিশ্চিহ্ন।
25এর পরে বিলিয়ম চলে গেলেন নিজের দেশে।
আর বালাকও ফিরে গেলেন।
Zur Zeit ausgewählt:
গণনা পুস্তক 24: BENGALCL-BSI
Markierung
Kopieren
Vergleichen
Teilen
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.