গণনা পুস্তক 23
23
ইসরায়েলীদের সম্পর্কে বিলিয়মের প্রথম ভাবোক্তি
1তখন বিলিয়ম বালাককে বললেন, আপনি এখানে সাতটি বেদী তৈরী করান এবং সাতটি বৃষ ও সাতটি মেষ আমাকে এনে দিন। 2বালাক বিলিয়মের কথামতই কাজ করলেন এবং তাঁরা দুজনে প্রত্যেকটি বেদীতে একটি বৃষ ও একটি মেষ উৎসর্গ করলেন। 3বিলিয়ম বালাককে বললেন, আপনি আপনার হোমবলির কাছে দাঁড়িয়ে থাকুন, আমি যাই, প্রভু পরমেশ্বর হয়তো আমাকে দর্শন দেবেন, তিনি আমার কাছে যা প্রকাশ করবেন আমি আপনাকে তা পরে জানাব। এই বলে তিনি টিলার চূড়ায় উঠে গেলেন। 4সেখানে ঈশ্বর বিলিয়মকে দর্শন দিলেন, বিলিয়ম তাঁকে বললেন, আমি সাতটি বেদী প্রতিষ্ঠা করেছি এবং প্রত্যেকটি বেদীতে একটি বৃষ ও একটি মেষ উৎসর্গ করেছি। 5তখন প্রভু পরমেশ্বর বিলিয়মের মুখে তাঁর বাণী দিয়ে বললেন, তুমি বালাকের কাছে ফিরে গিয়ে এই কথা বল। 6বিলিয়ম বালাকের কাছে ফিরে গেলেন। বালাক মোয়াবের নেতৃবৃন্দের সঙ্গে তাঁর হোমবলির পাশে দাঁড়িয়ে ছিলেন। 7বিলিয়ম তখন ভাবাবেশে বলতে লাগলেনঃ
পূর্বদিকের পার্বত্য অরাম অঞ্চল থেকে আমাকে আনিয়েছেন মোয়াবরাজ বালাক।
বলছেন তিনি:
আমার হয়ে যাকোবকে শাপ দাও,
অভিসম্পাত কর ইসরায়েলকে।
8কিন্তু ঈশ্বর যাকে শাপ দেন নি
আমি তাকে কি করে অভিসম্পাত দেব?
প্রভু পরমেশ্বর যার সম্বন্ধে কোন
অভিযোগ আনেন নি,
আমি তাকে কি করে অভিযুক্ত করব?
9শৈল শিখর থেকে তাকে দেখেছি আমি,
পর্বতশ্রেণী থেকে তাকে করেছি নিরীক্ষণ।
এ জাতির জীবনযাত্রা স্বতন্ত্র,
অন্যান্য জাতির সঙ্গে নেই কোন সংশ্রব।
10যাকোবের বংশ ধূলিকণার মত অগণ্য,
কার সাধ্য ইসরায়েলের সিকিভাগও
গণনা করে?
ধার্মিকের প্রয়াণের মতই হোক
আমার মরণ,
তার মতই হোক আমার পরিণতি।
11বালাক বিলিয়মকে বললেন, এ আপনি কি করলেন? আমার শত্রুদের শাপ দেওয়ার জন্য আমি আপনাকে আনলাম, আর আপনি তাদের আশীর্বাদ করলেন? 12বিলিয়ম বললেন, প্রভু পরমেশ্বর আমার মুখে যে বাণী দেন, সেই কথা ছাড়া আর কিছু বলা আমার পক্ষে অসম্ভব।
বিলিয়মের দ্বিতীয় ভাবোক্তি
13বালাক বললেন, দয়া করে আপনি আমার সঙ্গে অন্য জায়গায় চলুন, যেখান থেকে আপনি তাদের দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি তাদের অভিশাপ দেবেন। তাদের সকলকে দেখতে না পেলেও অন্ততঃ পক্ষে তাদের ছাউনির একটি প্রান্ত দেখতে পাবেন। 14বালাক তাঁকে সেফিম প্রান্তরে অবস্থিত পিস্গা পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন এবং সেখানে সাতটি বেদী তৈরী করালেন, আর প্রত্যেকটি বেদীতে একটি বৃষ ও একটি মেষ উৎসর্গ করলেন। 15বিলিয়ম বালাককে বললেন, অপনি এখানে হোমবলির পাশে দাঁড়িয়ে থাকুন, আমি এগিয়ে গিয়ে প্রভু পরমেশ্বরের সাক্ষাৎ করব। 16প্রভু পরমেশ্বর বিলিয়মকে দর্শন দিয়ে তাঁর মুখে বাণী দিলেন এবং তাঁকে বললেন, বালাকের কাছে ফিরে গিয়ে তুমি এই কথা বল। 17বিলিয়ম ফিরে এসে দেখলেন, বালাক ও মোয়াবের নেতৃবৃন্দ হোমবলির পাশে দাঁড়িয়ে রয়েছেন। বালাক তাঁকে জিজ্ঞাসা করলেন, প্রভু পরমেশ্বর আপনাকে কি বলছেন? 18বিলিয়ম তখন ভাবাবেশে বলতে লাগলেনঃ
হে বালাক, হে সিপ্পোর তনয়, মনোযোগ দিন,
কান পেতে শুনুন কি বলি।
19ঈশ্বর মানুষ নন যে মিথ্যা বলবেন,
মর্ত্য মানব নন যে তিনি তাঁর সিদ্ধান্তে
হবেন অস্থিরচিত্ত
তিনি যা বলেছেন তা কি করবেন না?
যে প্রতিশ্রুত দিয়েছেন তা কি
পূর্ণ হবে না?
20আমি আশীর্বাদ করার নির্দেশ পেয়েছি,
তিনিই আশীর্বাদ করেছেন,
আমি তা প্রত্যাহার করতে পারি না।
21যাকোবের বংশে তিনি অধর্ম দেখতে পান নি,
ইসরায়েলকুলে দেখেন নি দৌরাত্ম্য
ওদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর
ওদের সঙ্গে রয়েছেন
নৃপতিরূপে ওরা তাঁকে করে সংবর্ধনা।
22ঈশ্বর মিশর থেকে
ওদের উদ্ধার করে এনেছেন,
শৃঙ্গ যেমন বন্যবৃষের শক্তি স্বরূপ,
তেমনি ওদের পরাক্রমও তিনি।
23যাকোবের বিপক্ষে কার্যকারী নয়
কোন তন্ত্রমন্ত্র,
ইসরায়েলের প্রতিকূলে নিষ্ফল সকল মায়াবীমন্ত্র।
এখন থেকে যাকোব ও ইসরায়েল
সম্পর্কে উল্লেখ করে
লোকে বলবে, ঈশ্বরের কি অপূর্ব কীর্তি।
24দেখ, সিংহীর মত জেগে উঠেছে এই জাতি,
ঝাঁপিয়ে পড়বে সিংহের মতই,
শিকার গ্রাস না করে, নিহতের রক্ত
পান না করে সে করবে না শয়ন।
25বালাক তখন বিলিয়মকে বললেন, ওদের যদি শাপ না দিতে পারেন তাহলে আশীর্বাদও করবেন না। 26কিন্তু বিলিয়ম তাঁকে বললেন, আমি কি আপনাকে বলি নি যে প্রভু পরমেশ্বর আমাকে যা বলবেন, আমি শুধু তা-ই করব।
বিলিয়মের তৃতীয় ভাবোক্তি
27বালাক তখন বিলিয়মকে বললেন, দয়া করে আমার সঙ্গে চলুন, আমি আপনাকে আর এক জায়গায় নিয়ে যাব। হয়তো ঈশ্বর তুষ্ট হয়ে সেখান থেকে ওদের অভিসম্পাত দিতে আপনাকে অনুমতি দেবেন। 28বালাক বিলিয়মকে মরুভূমির কাছাকাছি পিয়োর গিরিশৃঙ্গে নিয়ে গেলেন। 29বিলিয়ম বালাককে বললেন, এখানে সাতটি বেদী তৈরী করান এবং সাতটি বৃষ ও সাতটি মেষ সংগ্রহ করুন। 30বালাক বিলিয়মের নির্দেশ মতই কাজ করলেন এবং প্রত্যেক বেদীতে একটি বৃষ ও একটি মেষ উৎসর্গ করলেন।
Zur Zeit ausgewählt:
গণনা পুস্তক 23: BENGALCL-BSI
Markierung
Kopieren
Vergleichen
Teilen
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.