গণনা পুস্তক 22

22
বালাক ও বিলিয়মের কাহিনী
1ইসরায়েলীরা এগিয়ে চলল। যিরিহোর কাছে জর্ডনের ওপারে মোয়াবের উপত্যকা অঞ্চলে গিয়ে শিবির স্থাপন করল।
2ইসরায়েলীরা ইমোরীদের যে দশা করেছিল সিপ্পোরের পুত্র বালাক তা সবই দেখেছিলেন। 3মোয়াবের অধিবাসীরা ইসরায়েলীদের ভয়ে সন্ত্রস্ত হয়ে উঠল। কারণ ইসরায়েলীরা সংখ্যায় অনেক বেশি ছিল। তাদের দেখে মোয়াবীরা খুবই উদ্বিগ্ন হয়ে উঠল। 4মোয়াবের অধিবাসীর মিদিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিদের বলল, গরু যেমন মাঠের কচি ঘাস খেয়ে শেষ করে, এরাও তেমনি আমাদের আশেপাশের সব কিছু চেটেপুটে শেষ করে দেবে। সিপ্পোরের পুত্র বালাক ছিলেন তখন মোয়াবের রাজা। 5তিনি বিয়োরের পুত্র বিলিয়মকে ডেকে আনার জন্য দূত পাঠালেন। বিলিয়ম ইউফ্রেটিস নদীর তীরে তাঁর দেশ পেথোর নগরে বাস করতেন। বালাক তাঁকে বলে পাঠালেন, দেখুন, মিশর থেকে একদল লোক এসে দেশ ছেয়ে ফেলেছে। তারা এখন আমার দোরগোড়ায় এসে বসবাস করছে।#গণনা 31:8; ২ পিতর 2:15-16; যিহুদা 11 6আপনি দয়া করে এসে আমার হয়ে এদের অভিশাপ দিন, কারণ এরা আমার চেয়ে শক্তিশালী। তাহলে আমি হয়তো এদের পরাস্ত করে এ দেশ থেকে তাড়িয়ে দিতে পারব। আমি জানি, আপনি যাকে আশীর্বাদ করেন তার মঙ্গল হয়, আর যাকে অভিসম্পাত দেন সে হয় অভিশপ্ত।
7মোয়াব ও মিদিয়নের নেতৃবৃন্দ তখন অভিসম্পাত দানের দক্ষিণা সঙ্গে নিয়ে বিলিয়মের কাছে গিয়ে বালাকের আবেদন জানালেন। 8বিলিয়ম তাঁদের বললেন, আজ রাতে তোমরা এখানেই থাক, প্রভু পরমেশ্বর আমাকে যে নির্দেশ দেবেন তা আমি তোমাদের জানিয়ে দেব। মোয়াবের নেতৃবৃন্দ বিলিয়মের কাছেই থাকলেন। 9ঈশ্বর বিলিয়মকে দর্শন দিয়ে বললেন, তোমার সঙ্গে এই লোকগুলি কারা? 10বিলিয়ম ঈশ্বরকে বললেন, সিপ্পোরের পুত্র মোয়াবের রাজা বালাক বলে পাঠিয়েছেন, 11মিশর থেকে একদল লোক এসে দেশ ছেয়ে ফেলেছে, আপনি এসে আমার পক্ষ হয়ে এদের অভিসম্পাত দিন, তাহলে হয়তো আমি যুদ্ধ করে এদের বিতাড়িত করতে পারব। 12ঈশ্বর বিলিয়মকে বললেন, তুমি এদের সঙ্গে যাবে না কিংবা ইসরায়েলীদের অভিসম্পাতও দেবে না, কারণ তারা আশীর্বাদপ্রাপ্ত। 13বিলিয়ম সকালে উঠে বালাকের অমাত্যবর্গকে বললেন, তোমরা দেশে ফিরে যও। প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে আমাকে যেতে নিষেধ করেছেন। 14মোয়াবের নেতৃবৃন্দ তখন বিদায় নিয়ে বালাকের কাছে ফিরে এসে বললেন, বিলিয়ম আমাদের সঙ্গে আসতে রাজী হলেন না। 15বালাক পরে আবার আরও বেশী সংখ্যক, এবং আরও মান্যগণ্য একদল রাজপুরুষকে পাঠালেন। 16তাঁরা বিলিয়মের কাছে গিয়ে বললেন, সিপ্পোরের পুত্র বালাক এই কথা বলে পাঠিয়েছেন, আমার কাছে আসতে আপনি কোন দ্বিধা করবেন না। 17আমি আপনাকে প্রচুর পুরস্কার ও মহাসম্মানে ভূষিত করব, আপনি আমাকে যা করতে বলবেন তা-ই করব। আপনি দয়া করে এসে আমার পক্ষ হয়ে ইসরায়েলীদের অভিসম্পাত দিন। 18বিলিয়ম, বালাকের অমাত্যদের বললেন, বালাক যদি তাঁর ভাণ্ডারের সমস্ত সোনা-রূপোও আমাকে দেন তাহলেও আমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর যে নির্দেশ দেবেন তর অন্যথা করতে পারব না। 19যাই হোক, তোমরাও আজ রাতে এখানে থাক। আমি জেনে দেখি প্রভু পরমেশ্বর আরও কি নির্দেশ দেন।
20রাত্রে ঈশ্বর বিলিয়মকে দর্শন দিয়ে বললেন, ওরা যদি তোমায় ডাকতে এসে থাকে তাহলে তুমি ওদের সঙ্গে যাও। কিন্তু আমি তোমাকে যা বলব তুমি শুধু তা-ই করবে। 21বিলিয়ম সকালে উঠে গাধার পিঠে জিন চাপিয়ে মোয়াবের রাজপুরুষদের সঙ্গে রওনা হলেন।
22কিন্তু এইভাবে যাওয়ার জন্য তাঁর বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল। বিলিয়ম যখন তাঁর দুইজন দাসকে সঙ্গে নিয়ে গাধায় চড়ে যাচ্ছিলেন তখন প্রভু পরমেশ্বরের দূত তাঁর পথ অবরোধ করে দাঁড়ালেন। 23গাধাটি প্রভু পরমেশ্বরের দূতকে পথের মাঝখানে উন্মুক্ত তরবারি হাতে দাঁড়াতে দেখে পথ ছেড়ে মাঠের মধ্যে নেমে গেল। বিলিয়ম সেটাকে পথে আনার জন্য প্রহার করলেন। 24প্রভু পরমেশ্বরের দূত তখন দ্রাক্ষাকুঞ্জের মাঝখানে সরু গলিপথে দাঁড়ালেন। গলির দুধারেই ছিল দেয়াল। 25গাধাটি প্রভু পরমেশ্বরের দূতকে দেখে দেওয়ালের গা ঘেঁষে দাঁড়াল, তার ফলে বিলিয়মের পায়ে দেওয়ালের ঘসা লাগল। তিনি তাকে আবার প্রহার করলেন। 26প্রভু পরমেশ্বরের দূত তখন আরও কিছু দূর এগিয়ে গিয়ে সংকীর্ণ এক জায়গায় দাঁড়ালেন, সেখানে দক্ষিণে কি বামে কোন দিকে সরে যাওয়ার উপায় ছিল না। 27গাধাটি প্রভু পরমেশ্বরের দূতকে দেখে বিলিয়মকে পিঠে নিয়ে মাটিতে বসে পড়ল। বিলিয়ম তখন খুব রেগে গিয়ে হাতের লাঠি দিয়ে তাকে বেদম প্রহার করলেন। 28প্রভু পরমেশ্বর গাধাটির মুখে ভাষাদিলেন, সে বিলিয়মকে বলল, আমি আপনার কি করেছি যে এই নিয়ে আপনি তিনবার আমাকে প্রহার করলেন? 29বিলিয়ম বললেন, তুমি আমাকে নিয়ে মজা করছ, আমার হাতে তরবারি থাকলে এখনই তোমাকে কেটে ফেলতাম। 30গাধাটি তাঁকে বলল, আপনি জন্ম থেকে আজ পর্যন্ত যার পিঠে চড়ে আসছেন, আমি কি সেই গাধা-ই নই? আমি কি কখনও আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছি? বিলিয়ম বললেন, না। 31প্রভু পরমেশ্বর তখন বিলিয়মের চোখ খুলে দিলেন। তিনি দেখলেন, প্রভু পরমেশ্বরের দূত উন্মুক্ত তরবারি হাতে পথের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। তিনি তাঁর সম্মুখে মাথা নত করে প্রণিপাত করলেন। 32প্রভু পরমেশ্বরের দূত তাঁকে বললেন, তুমি তোমার গাধাটিকে কেন তিনবার এই ভাবে প্রহার করলে? দেখ, আমি তোমায় বাধা দিতে এসেছি, কারণ আমার সাক্ষাতে তুমি বিপথে যাচ্ছ। 33গাধাটি আমাকে দেখে তিনবার আমার সামনে থেকে সরে গেল। সে যদি সরে না যেত, তাহলে এতক্ষণে তোমাকে মেরে ফেলতাম, কিন্তু ওকে বাঁচাতাম। 34বিলিয়ম তখন প্রভু পরমেশ্বরের দূতকে বললেন, আমি পাপ করেছি, আমি জানতাম না যে আপনি আমাকে বাধা দেওয়ার জন্যই পথ রোধ করে দাঁড়িয়ে রয়েছেন। আপনার বিবেচনায় যদি এই যাত্রা অসঙ্গত হয় তাহলে আমি ফিরে যাব। 35প্রভু পরমেশ্বরের দূত বিলিয়মকে বললেন, তুমি এদের সঙ্গে যেতে পার কিন্তু আমি তোমাকে যে কথা বলে দেব তুমি শুধু তা-ই বলবে। বিলিয়ম তখন বালাকের অমাত্যদের সঙ্গে চলে গেলেন।
36বিলিয়ম আসছেন শুনে বালাক তাঁর রাজ্যের সীমান্তে অর্ণোনের প্রান্তে অবস্থিত মোয়াবের এক জনপদে তাঁকে অর্ভ্যথনা করতে গেলেন। 37বালাক বিলিয়মকে বললেন, আমি আপনাকে ডেকে আনার জন্য লোক পাঠালাম, কিন্তু আপনি এলেন না কেন? আমি কি আপনার যোগ্য মর্যাদা দিতে অক্ষম। 38বিলিয়ম বালাককে বললেন, দেখুন, আমি আপনার কাছে এসেছি, কিন্তু আমার নিজের কোন কথা বলার ক্ষমতা নেই, ঈশ্বর আমার মুখে যে কথা জুগিয়ে দেবেন, তা-ই আমাকে বলতে হবে। 39বিলিয়ম বালাকের সঙ্গে কিরিয়াত-হুষোৎ-এ গেলেন। 40বালাক সেখানে কতকগুলি গরু ভেড়া বলি দিয়ে বিলিয়ম ও তাঁর সঙ্গের অমাত্যদের কাছে পাঠিয়ে দিলেন। 41পরের দিন বালাক বিলিয়মকে নিয়ে বামোথ বেলের উপরে পৌঁছালেন। সেখান থেকে তিনি সমগ্র ইসরায়েলী জনতাকে দেখতে পেলেন।

Markierung

Kopieren

Vergleichen

Teilen

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.