জাকারিয়া 4
4
পঞ্চম দর্শন: প্রদীপ-আসন ও জলপাই গাছ
1পরে যে ফেরেশতা আমার সঙ্গে আলাপ করছিলেন, তিনি পুনরায় এসে আমাকে ঘুম থেকে জাগালেন। 2আর তিনি আমাকে বললেন, কি দেখতে পাচ্ছ? আমি বললাম, আমি দেখলাম, আর দেখ, একটি প্রদীপ-আসন, সমস্তটাই সোনার; তার মাথার উপরে তেলের আধার ও তার উপরে সাতটি প্রদীপ এবং তার মাথার উপরে স্থিত প্রত্যেকটি প্রদীপের জন্য সাতটি নল; 3তার কাছে দু’টি জলপাই গাছ, একটি তেলের আধারের ডানে ও একটি তার বামে। 4তখন যে ফেরেশতা আমার সঙ্গে আলাপ করছিলেন, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, হে আমার প্রভু, এগুলো কি? 5তাতে যে ফেরেশতা আমার সঙ্গে আলাপ করছিলেন, তিনি জবাবে আমাকে বললেন, এসব কি তা কি জান না? আমি বললাম, হে আমার প্রভু জানি না। 6তখন তিনি জবাবে আমাকে বললেন, এ সরুব্বাবিলের প্রতি মাবুদের কালাম, ‘পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার রূহ্ দ্বারা,’ এই কথা বাহিনীগণের মাবুদ বলেন। 7হে বিশাল পর্বত, তুমি কে? সরুব্বাবিলের সম্মুখে তুমি সমভূমি হবে এবং ‘রহমত, রহমত হোক, এর প্রতি,’ এই হর্ষধ্বনির সঙ্গে সে মস্তকস্বরূপ পাথরখানি বের করে আনবে।
8পরে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল, 9সরুব্বাবিলের হাত এই গৃহের ভিত্তিমূল স্থাপন করেছে, আবার তারই হাত তা সমাপ্ত করবে; তাতে তুমি জানবে যে বাহিনীগণের মাবুদই তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন। 10কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের দিনকে কে তুচ্ছ জ্ঞান করেছে? সরুব্বাবিলের হাতে ওলোন দেখে তারা তো আনন্দ করবে; এই সাতটি তো মাবুদের চোখ, এরা সমস্ত দুনিয়া পর্যটন করে।
11পরে আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, প্রদীপ-আসনটির ডানে ও বামে দুই দিকে অবস্থিত এই দু’টি জলপাই গাছের তাৎপর্য কি? 12দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসা করলাম, সোনার যে দুই নল নিজে থেকেই সোনালী রংয়ের তেল বের করে, তার পাশে জলপাই ফলের এই যে দু’টি শাখা আছে তার তাৎপর্য কি? 13তিনি আমাকে জবাবে বললেন, এসব কি, তা কি জান না? আমি বললাম, হে আমার প্রভু, জানি না। 14তখন তিনি বললেন, ওঁরা সেই দুই অভিষিক্ত জন, যাঁরা সমস্ত দুনিয়ার প্রভুর সম্মুখে দাঁড়িয়ে থাকেন।
S'ha seleccionat:
জাকারিয়া 4: BACIB
Subratllat
Comparteix
Compara
Copia
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013