জাকারিয়া 3
3
চতুর্থ দর্শন: মহা-ইমাম ইউসা ও শয়তান
1পরে তিনি আমাকে মহা-ইমাম ইউসাকে দেখালেন; ইনি মাবুদের ফেরেশতার সম্মুখে দাঁড়িয়ে ছিলেন, আর তাঁর বিরুদ্ধতা করার জন্য শয়তান তাঁর ডান পাশে দাঁড়িয়েছিল। 2তখন মাবুদ শয়তানকে বললেন, শয়তান, মাবুদ তোমাকে ভর্ৎসনা করুন; হ্যাঁ, যিনি জেরুশালেমকে মনোনীত করেছেন, সেই মাবুদ তোমাকে ভর্ৎসনা করুন; এই ব্যক্তি কি আগুন থেকে তুলে নেওয়া জ্বলন্ত কাঠের টুকরার মত নয়? 3তখন ইউসা মলিন কাপড় পরিহিত হয়েই ফেরেশতার সম্মুখে দাঁড়িয়ে ছিলেন। 4তাতে সেই ফেরেশতা নিজের সম্মুখে দণ্ডায়মান ব্যক্তিদেরকে বললেন, এঁর দেহ থেকে ঐ মলিন কাপড়গুলো খুলে ফেল। পরে তিনি তাঁকে বললেন, দেখ, আমি তোমার অপরাধ মাফ করে দিয়েছি ও তোমাকে শুভ্র পোশাক পরাব। 5তখন আমি বললাম, এঁর মাথায় পরিষ্কার পাগড়ী দিতে হুকুম দেওয়া হোক। তখন তাঁর মাথায় পরিষ্কার পাগড়ী দেওয়া হল এবং তাঁকে পোশাক পরানো হল; আর মাবুদের ফেরেশতা কাছে দাঁড়িয়ে রইলেন।
6পরে মাবুদের ফেরেশতা ইউসাকে দৃঢ়ভাবে বললেন, 7বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তুমি যদি আমার পথে চল ও আমার রক্ষণীয়-দ্রব্য রক্ষা কর, তবে তুমিও আমার গৃহের বিচার করবে এবং আমার প্রাঙ্গণের রক্ষকও হবে, আর এখানে যারা দাঁড়িয়ে আছে, আমি তোমাকে এদের মধ্যে গমনাগমন করার অধিকার দেব। 8হে মহা-ইমাম ইউসা, তুমি শোন এবং তোমার সম্মুখে উপবিষ্ট তোমার সখারাও শুনুক, কেননা তারা অদ্ভুত প্রকৃতির লোক; কারণ দেখ, আমি আমার গোলাম তরুশাখাকে আনয়ন করবো। 9দেখ, ইউসার সম্মুখে আমি এই পাথর স্থাপন করেছি; সেই পাথরের উপরে সাতটি চোখ আছে; দেখ, আমি তার লেখাটা ক্ষোদাই করে লিখব, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; এবং আমি এক দিনে সেই দেশের অপরাধ দূর করবো। 10বাহিনীগণের মাবুদ বলেন, সেদিন তোমরা প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীকে আঙ্গুরলতা ও ডুমুর গাছের তলে দাওয়াত করবে।
S'ha seleccionat:
জাকারিয়া 3: BACIB
Subratllat
Comparteix
Compara
Copia
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013