সফনিয় 1
1
1আমোনের ছেলে যিহূদার রাজা যোশিয়ের রাজত্বের সময়ে কূশির ছেলে সফনিয়ের কাছে সদাপ্রভুর বাক্য প্রকাশিত হল। কূশি ছিলেন গদলিয়ের ছেলে, গদলিয় অমরিয়ের ছেলে, অমরিয় হিষ্কিয়ের ছেলে।
ধ্বংস সম্বন্ধে সতর্কবাণী
2সদাপ্রভু বলছেন, “আমি পৃথিবীর বুক থেকে সব কিছুই শেষ করে দেব। 3মানুষ ও পশু, আকাশের পাখী ও সাগরের মাছ আমি শেষ করে দেব। আমি দুষ্টদের পতন ঘটাব। পৃথিবীর উপর থেকে আমি মানুষকে ধ্বংস করে দেব।
4“যিহূদার বিরুদ্ধে এবং যিরূশালেমে বাসকারী সকলের বিরুদ্ধে আমি আমার হাত উঠাব। আমি এই দেশ থেকে বাল দেবতার পূজার সমস্ত কিছু এবং প্রতিমা পূজাকারী নানান পদের পুরোহিতদের শেষ করে ফেলব। 5যারা আকাশের সব তারাগুলোর পূজা করবার জন্য ছাদের উপরে উঠে প্রণাম করে এবং যারা সদাপ্রভুর উদ্দেশে প্রণাম করে শপথ করবার পরে মিল্কম দেবতার নামেও শপথ করে তাদের আমি ধ্বংস করে ফেলব। 6যারা সদাপ্রভুর পিছনে চলা থেকে ফিরে গেছে এবং তাঁর ইচ্ছামত চলে না ও তাঁর ইচ্ছা জানতেও চায় না তাদের আমি শেষ করে দেব।”
7তোমরা প্রভু সদাপ্রভুর সামনে নীরব হও, কারণ সদাপ্রভুর দিন কাছে এসে গেছে। সদাপ্রভু একটা উৎসর্গের আয়োজন করেছেন; তিনি যাদের নিমন্ত্রণ করেছেন তাদের শুচি করেছেন। 8সদাপ্রভু বলছেন, “আমার সেই উৎসর্গের দিনে আমি রাজকর্মচারীদের, রাজার ছেলেদের এবং বিদেশী কাপড় পরা সমস্ত লোকদের শাস্তি দেব। 9যারা লাফ দিয়ে চৌকাঠ পার হয় এবং অত্যাচার ও ছলনা দ্বারা তাদের দেব-দেবতার ঘর পূর্ণ করে সেই দিনে আমি তাদের শাস্তি দেব।”
10সদাপ্রভু আরও বলছেন, “সেই দিন মাছ-ফটকের কাছ থেকে কান্নার শব্দ, শহরের দ্বিতীয় অংশ থেকে বিলাপের শব্দ এবং পাহাড়গুলোর দিক থেকে ভেংগে পড়বার জোর শব্দ শোনা যাবে। 11হে মক্তেশের বাসিন্দারা, তোমরা বিলাপ কর, কারণ তোমাদের সব ব্যবসায়ীদের ও টাকা-পয়সা লেনদেনকারীদের মুছে ফেলা হবে। 12সেই সময়ে আমি বাতি নিয়ে যিরূশালেমের সব জায়গায় খোঁজ করব এবং যারা নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে আর বলে, ‘সদাপ্রভু ভাল-মন্দ কিছুই করবেন না,’ তাদের আমি শাস্তি দেব। 13তাদের ধন-সম্পদ লুট করা হবে এবং তাদের বাড়ী-ঘর ধ্বংস হবে। তারা ঘর-বাড়ী তৈরী করবে কিন্তু তাতে বাস করতে পারবে না; তারা আংগুর ক্ষেত করবে কিন্তু আংগুর-রস খেতে পারবে না।”
14সদাপ্রভুর সেই মহা দিন কাছে এসে গেছে এবং তাড়াতাড়ি আসছে। ঐ শোন, সদাপ্রভুর দিনের শব্দ! তখন যোদ্ধারা যন্ত্রণায় চিৎকার করবে। 15সেই দিনটা হবে ক্রোধের দিন, দারুণ দুর্দশা ও মনের কষ্টের দিন, বিপদ ও ধ্বংসের দিন, গাঢ় অন্ধকারের দিন, মেঘ ও ঘন কালোর দিন। 16সেটা হবে দেয়াল-ঘেরা সব শহরের বিরুদ্ধে ও কোণের সব উঁচু পাহারা-ঘরের বিরুদ্ধে শিংগার আওয়াজ ও যুদ্ধের হাঁকের দিন। 17লোকদের উপরে সদাপ্রভু দারুণ কষ্ট আনবেন যার জন্য তারা অন্ধ লোকদের মত হাঁটবে, কারণ সদাপ্রভুর বিরুদ্ধে তারা পাপ করেছে। তাদের রক্ত ধুলার মত ফেলে দেওয়া হবে ও তাদের দেহ গোবরের মত পড়ে থাকবে। 18সদাপ্রভুর ক্রোধের দিনে তাদের সোনা-রূপাও তাদের রক্ষা করতে পারবে না। তাঁর অন্তরের জ্বালার আগুনে সমস্ত জগৎ পুড়ে যাবে, কারণ পৃথিবীতে বাসকারী সকলকে তিনি হঠাৎ শেষ করে দেবেন, হ্যাঁ, ভীষণভাবে শেষ করে দেবেন।
Цяпер абрана:
সফনিয় 1: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000