মীখা 7

7
ইস্রায়েলের বিপদ
1কি বিপদ আমার! আমি হয়েছি তারই মত যে সমস্ত ফল পেড়ে নেবার পরে আংগুর তুলতে ও অন্যান্য ফল পাড়তে যায়, কিন্তু সেখানে খাবার জন্য কোন আংগুরের থোকা নেই, কোন প্রথমে পাকা ডুমুরও নেই যা আমার প্রাণে চায়। 2দেশ থেকে ঈশ্বরভক্তদের মুছে ফেলা হয়েছে; সৎ লোক একজনও নেই। রক্তপাত করবার জন্য সবাই ওৎ পেতে আছে; প্রত্যেকে তার নিজের জালে অন্যকে আট্‌কাতে চায়। 3অন্যায় কাজ করতে তাদের দু’হাতই পাকা। নেতারা উপহার দাবি করে, বিচারকেরা ঘুষ খায়, বড় লোকেরা যা চায় তা জানিয়ে দেয়; তারা সবাই একসংগে ষড়যন্ত্র করে। 4তাদের মধ্যে সবচেয়ে ভাল লোকেরা কাঁটাঝোপের মত, সবচেয়ে সৎ লোকেরা কাঁটা গাছের বেড়ার চেয়েও খারাপ। তোমাদের পাহারাদারদের ঘোষণা করা দিন, তোমাদের শাস্তির দিন এসে পড়েছে। এখনই তোমাদের বুদ্ধিহারা হওয়ার সময়। 5কোন প্রতিবেশীর উপর ভরসা কোরো না, কোন বন্ধুর উপর বিশ্বাস স্থাপন কোরো না; এমন কি, যে স্ত্রী তোমার বুকের মধ্যে শুয়ে থাকে তার কাছে কথা বলতে সাবধান হোয়ো, 6কারণ ছেলে বাবাকে তুচ্ছ করবে, মেয়ে মায়ের বিরুদ্ধে ও ছেলের বৌ শ্বাশুড়ীর বিরুদ্ধে উঠবে। একজন মানুষের নিজের পরিবারের লোকেরাই তার শত্রু হবে। 7কিন্তু আমি সদাপ্রভুর উপর আশা রাখব, আমার উদ্ধারকর্তা ঈশ্বরের জন্য অপেক্ষা করব। আমার ঈশ্বর আমার কথা শুনবেন।
ইস্রায়েলের মংগল
8হে আমাদের শত্রু, আমাদের দুর্দশা দেখে আনন্দ কোরো না। আমরা পড়ে গেলেও আবার উঠব। অন্ধকারে বসে থাকলেও সদাপ্রভু হবেন আমাদের আলো। 9এখন আমরা সদাপ্রভুর ক্রোধ বহন করছি, কারণ আমরা তাঁর বিরুদ্ধে পাপ করেছি, কিন্তু শেষে তিনি আমাদের পক্ষে কথা বলে আমাদের অধিকার প্রতিষ্ঠা করবেন। তিনি আমাদের আলোতে বের করে আনবেন আর আমরা তাঁর ন্যায়বিচার দেখতে পাব। 10তখন আমাদের শত্রুরা তা দেখে ভীষণ লজ্জিত হবে। তারা তো আমাদের বলত, “তোমাদের ঈশ্বর সদাপ্রভু কোথায়?” কিন্তু আমাদের চোখ তাদের পতন দেখবে; এমন কি, রাস্তার কাদার মত তাদের পায়ে মাড়ানো হবে।
11হে যিরূশালেম, সেই সময় তোমার দেয়াল গেঁথে তোলা হবে, তোমার সীমানা বাড়ানো হবে। 12সেই সময় আসিরিয়া ও মিসরের শহরগুলো থেকে লোকেরা তোমার কাছে আসবে; এমন কি, মিসর থেকে ইউফ্রেটিস নদী, এক সাগর থেকে আর এক সাগর ও এক পাহাড় থেকে আর এক পাহাড় পর্যন্ত লোকেরা আসবে। 13পৃথিবীতে বাসকারীদের দুষ্টতার ফলে পৃথিবী জনশূন্য হবে।
মীখার প্রার্থনা
14হে সদাপ্রভু, তুমি মুগুর হাতে তোমার লোকদের রাখালের মত চরাও। তারা তো তোমার নিজের পাল। তাদের চারদিকে উর্বর চারণ ভূমি থাকলেও তারা একা মরু-এলাকায় বাস করছে। অনেক দিন আগে যেমন চরত তেমনি করে তারা যেন বাশন ও গিলিয়দে চরে বেড়াতে পারে। 15মিসর দেশ থেকে বের হয়ে আসবার দিনগুলোর মত করে তুমি আমাদের আশ্চর্য আশ্চর্য কাজ দেখাও। 16জাতিরা শক্তিশালী হলেও তোমার কাজ দেখে লজ্জিত হোক। তারা মুখে হাত দিক আর কান বন্ধ করে রাখুক। 17তারা সাপ ও অন্যান্য বুকে-হাঁটা প্রাণীদের মত ধুলা চাটুক। তাদের দুর্গ থেকে তারা কাঁপতে কাঁপতে তোমার কাছে, আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে বের হয়ে আসুক এবং তোমাকে ভয় করুক।
18তোমার মত ঈশ্বর আর কেউ নেই যিনি তাঁর বেঁচে থাকা লোকদের পাপ ও অন্যায় ক্ষমা করে দেন। তুমি চিরকাল ক্রোধ পুষে রাখ না বরং তোমার অটল ভালবাসা দেখাতে আনন্দ পাও। 19তুমি আবার আমাদের উপর মমতা করবে; তুমি আমাদের সব পাপ পায়ের তলায় মাড়াবে এবং আমাদের সব অন্যায় সাগরের গভীর জলে ফেলে দেবে। 20অনেক অনেক দিন আগে তুমি আমাদের পূর্বপুরুষদের কাছে যেমন শপথ করেছিলে তেমনিভাবেই তুমি অব্রাহাম ও যাকোবের বংশের কাছে বিশ্বস্ত থাকবে এবং তোমার অটল ভালবাসা দেখাবে। ॥ভব

Цяпер абрана:

মীখা 7: SBCL

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце