যিহিষ্কেল 30

30
মিসরের জন্য বিলাপ
1পরে সদাপ্রভু আমাকে আরও বললেন, 2“হে মানুষের সন্তান, তুমি এই ভবিষ্যদ্বাণী বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘সেই দিনের জন্য দুঃখ প্রকাশ কর। 3একটা ভয়ংকর দিন আসছে, কারণ সদাপ্রভুর দিন কাছে এসে গেছে; সেটা মেঘে ঢাকা দিন এবং জাতিদের শেষ সময়। 4মিসরের উপর আসবে যুদ্ধ আর কূশের উপর আসবে দারুণ যন্ত্রণা। মিসরে লোকেরা মরে পড়ে থাকবে, তার ধন-সম্পদ নিয়ে যাওয়া হবে এবং তার সব জায়গা ধ্বংস হবে। 5কূশ, পূট, লূদ ও সমস্ত আরব দেশ, কূব ও বন্ধু দেশের লোকেরা যুদ্ধে মিসরের সংগে মারা পড়বে। 6মিসরের বন্ধু দেশের লোকেরা ধ্বংস হয়ে যাবে এবং তার শক্তির গর্বও শেষ হবে। মিগ্‌দোল থেকে সিবেনী পর্যন্ত লোকেরা যুদ্ধে মারা পড়বে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
7“‘ধ্বংস হয়ে যাওয়া দেশগুলোর মধ্যে মিসরের অবস্থা আরও খারাপ হবে এবং ধ্বংস হয়ে যাওয়া শহরগুলোর মধ্যে তার শহরগুলোর অবস্থা আরও খারাপ হবে। 8যখন আমি মিসরে আগুন ধরিয়ে দেব এবং তার সব সাহায্যকারীরা চুরমার হয়ে যাবে তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।
9“‘সেই দিন আরামে থাকা কূশকে ভয় দেখাবার জন্য সংবাদ বহনকারীরা আমার আদেশে জাহাজে করে বের হয়ে যাবে। মিসরের শেষ দিনে কূশেরও যন্ত্রণা হবে, কারণ সেই দিন তার উপরেও আসবে।
10“‘আমি প্রভু সদাপ্রভু বলছি, বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের হাত দিয়ে মিসরের মস্ত বড় দলকে আমি শেষ করে দেব। 11তাকে ও তার সৈন্যদলকে, অর্থাৎ সমস্ত জাতির মধ্যে যারা সবচেয়ে নিষ্ঠুর তাদেরই আনা হবে দেশটাকে ধ্বংস করবার জন্য। তারা মিসরকে আক্রমণ করে তার নিহত লোকদের দিয়ে দেশটাকে ভরে দেবে। 12আমি নীল নদীর জল শুকিয়ে ফেলব এবং দুষ্ট লোকদের কাছে দেশটা বিক্রি করে দেব; বিদেশীদের হাত দিয়ে দেশ ও তার মধ্যেকার সব কিছুকে আমি ধ্বংস করে দেব। আমি সদাপ্রভু এই কথা বলছি।
13“‘আমি নোফের প্রতিমাগুলো ধ্বংস করে ফেলব, তার মূর্তিগুলো শেষ করে দেব। মিসরে আর কোন শাসনকর্তা থাকবে না এবং দেশের সবখানেই আমি ভয় ছড়িয়ে দেব। 14আমি পথ্রোষকে পতিত জমি করে ফেলে রাখব, সোয়নে আগুন লাগাব এবং নো শহরকে শাস্তি দেব। 15আমি মিসরের দুর্গ সীন শহরের উপরে আমার ক্রোধ ঢেলে দেব এবং নো শহরের সমস্ত লোকদের ছেঁটে ফেলে দেব। 16আমি মিসর দেশে আগুন লাগাব; সীন শহর যন্ত্রণায় মোচড় খাবে। নো শহরের উপর হঠাৎ বিপদ আসবে; নোফ দিনের বেলায় কষ্টের মধ্যে পড়বে। 17আবেন ও পী-বেশতের যুবকেরা যুদ্ধে মারা পড়বে এবং অন্যান্য লোকেরা বন্দীদশায় যাবে। 18আমি যখন মিসরের জোয়াল ভেংগে ফেলব তখন তফন্‌হেষে দিনের বেলা অন্ধকার নেমে আসবে; সেখানে তার শক্তির গর্বও শেষ হয়ে যাবে। সে মেঘে ঢেকে যাবে আর তার গ্রামগুলোর লোকেরা বন্দীদশায় যাবে। 19এইভাবে আমি মিসরকে শাস্তি দেব, আর তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।’ ”
20আমাদের বন্দীদশার এগারো বছরের প্রথম মাসের সাত দিনের দিন সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশিত হল, 21“হে মানুষের সন্তান, আমি মিসরের রাজা ফরৌণের হাত ভেংগে দিয়েছি। ভাল হবার জন্য সেই হাত কাপড় দিয়ে বাঁধা হয় নি যাতে সেটা তলোয়ার ধরবার জন্য উপযুক্ত শক্তি পায়। 22আমি প্রভু সদাপ্রভু বলছি যে, আমি মিসরের রাজা ফরৌণের বিপক্ষে। আমি তার ভাল ও ভাংগা দু’টা হাতই ভেংগে দেব এবং তার হাত থেকে তলোয়ার ফেলে দেব। 23আমি নানা জাতির ও দেশের মধ্যে মিসরীয়দের ছড়িয়ে-ছিটিয়ে দেব। 24আমি বাবিলের রাজার হাতে শক্তি দেব এবং আমার তলোয়ার তার হাতে দেব, কিন্তু ফরৌণের হাত আমি ভেংগে ফেলব। তাতে ফরৌণ বাবিলের রাজার সামনে আহত লোকের মত কাত্‌রাবে। 25আমি বাবিলের রাজার হাতে শক্তি দেব কিন্তু ফরৌণের হাত ঝুলে পড়বে। আমি যখন আমার তলোয়ার বাবিলের রাজার হাতে দেব আর সে মিসরের বিরুদ্ধে তা চালাবে তখন সবাই জানবে যে, আমিই সদাপ্রভু। 26আমি যখন মিসরীয়দের নানা জাতির ও দেশের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে দেব তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”

Цяпер абрана:

যিহিষ্কেল 30: SBCL

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце