যিহিষ্কেল 22
22
যিরূশালেমের পাপ
1পরে সদাপ্রভু আমাকে আরও বললেন, 2“হে মানুষের সন্তান, তুমি কি বিচার করতে প্রস্তুত? তাহলে তুমি রক্তপাতের এই শহরের বিচার কর। তুমি তার সব জঘন্য কাজকর্মের কথা তাকে জানাও। 3তুমি বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘এ সেই শহর, যে নিজের মধ্যে রক্তপাত করে নিজের সর্বনাশ ডেকে আনে এবং প্রতিমা তৈরী করে নিজেকে অশুচি করে। 4রক্তপাত করে তুমি দোষী হয়েছ এবং প্রতিমা তৈরী করে অশুচি হয়েছ। তুমি তোমার দিন কাছিয়ে এনেছ এবং তোমার শেষ কাল উপস্থিত হয়েছে। সেইজন্য জাতিদের কাছে আমি তোমাকে ঠাট্টা-বিদ্রূপের পাত্র করে তুলব এবং সমস্ত দেশের কাছে করব হাসির পাত্র। 5হে অশান্তিপূর্ণ জঘন্য শহর, যারা কাছে আছে আর যারা দূরে আছে তারা তোমাকে ঠাট্টা-বিদ্রূপ করবে।
6“‘দেখ, তোমার মধ্যেকার ইস্রায়েলের প্রত্যেক শাসনকর্তা রক্তপাত করবার জন্য কেমন করে তার ক্ষমতা ব্যবহার করছে। 7তোমার মধ্যেই লোকে মা-বাবাকে তুচ্ছ করছে, বিদেশীদের অত্যাচার করছে আর অনাথ ও বিধবাদের সংগে অন্যায় ব্যবহার করছে। 8তুমি আমার পবিত্র জিনিসগুলো ঘৃণা করেছ ও আমার বিশ্রাম দিনগুলোর পবিত্রতা রক্ষা কর নি। 9তোমার মধ্যে এমন এমন লোক আছে যারা অন্যের বদনাম রটিয়ে তাদের রক্তপাত করায়, পাহাড়ের উপরকার পূজার জায়গায় খাওয়া-দাওয়া করে ও খারাপ খারাপ কাজ করে। 10তোমার মধ্যে এমন এমন লোক আছে যারা সৎমায়ের সংগে ব্যভিচার করে, স্ত্রীলোকের মাসিকের সময়ে অশুচি থাকা কালে জোর করে তার সংগে দেহে মিলিত হয়, 11প্রতিবেশীর স্ত্রীর সংগে, ছেলের বউয়ের সংগে আর নিজের সৎবোনের সংগে ব্যভিচার করে। 12তোমার মধ্যে রক্তপাত করবার জন্য লোকে ঘুষ খায়; এছাড়া তারা বাড়তি সুদ নিয়ে থাকে এবং জুলুম করে প্রতিবেশীর কাছ থেকে অন্যায় লাভ করে। তুমি আমাকে ভুলে গেছ। আমি প্র্রভু সদাপ্রভু এই কথা বলছি।
13“‘তুমি যে অন্যায় লাভ করেছ এবং তোমার মধ্যে যে রক্তপাত করেছ তার জন্য আমি নিশ্চয়ই আমার হাতে হাত দিয়ে আঘাত করব। 14আমি যেদিন তোমার কাছ থেকে হিসাব নেব সেই দিন কি তোমার সাহস থাকবে? তোমার হাতে কি জোর থাকবে? আমি সদাপ্রভুই এই কথা বললাম এবং আমি তা করবই। 15আমি তোমার লোকদের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে দেব এবং তোমার অশুচিতা দূর করব। 16জাতিদের সামনে তুমি যখন অসম্মানিত হবে তখন তুমি জানবে যে, আমি সদাপ্রভু।’”
17তারপর সদাপ্রভু আমাকে বললেন, 18“হে মানুষের সন্তান, ইস্রায়েলীয়েরা আমার কাছে খাদের মত হয়েছে; তারা সবাই যেন রূপা খাঁটি করবার সময় চুলার ভিতরে খাদ হিসাবে পড়ে থাকা পিতল, দস্তা, লোহা ও সীসা। 19কাজেই আমি প্রভু সদাপ্রভু তাদের বলছি, ‘তোমরা সবাই খাদ হয়ে গেছ বলে আমি যিরূশালেমে তোমাদের জড়ো করব। 20লোকে যেমন করে রূপা, পিতল, লোহা, সীসা ও দস্তা জড়ো করে চুলায় দিয়ে গলাবার জন্য আগুনে ফুঁ দেয় তেমনি করে আমার ভীষণ অসন্তোষ ও ক্রোধে আমি তোমাদের জড়ো করে শহরের মধ্যে রেখে গলাব। 21আমি তোমাদের জড়ো করে আমার জ্বলন্ত ক্রোধে ফুঁ দেব আর তোমরা শহরের মধ্যে গলে যাবে। 22চুলার মধ্যে যেমন রূপা গলে যায় তোমরাও তেমনি তার মধ্যে গলে যাবে। তখন তোমরা জানবে যে, আমি সদাপ্রভুই তোমাদের উপর আমার ক্রোধ ঢেলে দিয়েছি।’”
23আবার সদাপ্রভু আমাকে বললেন, 24“হে মানুষের সন্তান, তুমি দেশকে বল, ‘তুমি একটা অশুচি দেশ, তাই আমার ক্রোধের দিনে তোমার উপর বৃষ্টি পড়বে না।’ 25সেই দেশের নবীরা ষড়যন্ত্র করে; তারা গর্জনকারী সিংহের মত শিকার ছেঁড়ে। তারা লোকদের গ্রাস করে, ধন-সম্পদ ও দামী দামী জিনিস নিয়ে নেয় এবং দেশের মধ্যে অনেক স্ত্রীলোককে বিধবা করে। 26তার পুরোহিতেরা আমার আইন-কানুনের বিরুদ্ধে কাজ করে এবং আমার পবিত্র জিনিসগুলো অপবিত্র করে। যা পবিত্র ও যা পবিত্র নয় তারা তা এক করে ফেলে; তারা শুচি ও অশুচির মধ্যে যে পার্থক্য আছে সেই বিষয়ে শিক্ষা দেয় না এবং আমার বিশ্রাম দিনগুলো পালন করবার ব্যাপারে চোখ বন্ধ করে রাখে। এতে তাদের মধ্যে আমার নামের পবিত্রতা নষ্ট হচ্ছে। 27নেকড়ে বাঘ যেমন করে শিকার ছেঁড়ে তেমনি করে সেখানকার রাজকর্মচারীরা রক্তপাত করে এবং অন্যায় লাভের জন্য মানুষ খুন করে। 28মিথ্যা দর্শন ও মিথ্যা গোণা-পড়া দিয়ে তাদের নবীরা তাদের ঐ সব কাজের উপর চুনকাম করে। সদাপ্রভু না বললেও তারা বলে, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলছেন।’ 29দেশের লোকেরা অত্যাচার এবং ডাকাতি করে; তারা গরীব ও অভাবীদের উপর অন্যায় করে এবং ন্যায়বিচার না করে বিদেশীদের উপর অত্যাচার করে।
30“আমি তাদের মধ্যে এমন একজন লোকের খোঁজ করলাম, যে দেয়ালটা গাঁথবে এবং দেশের পক্ষ হয়ে দেয়ালের ফাঁকের মধ্যে আমার সামনে দাঁড়াবে যাতে আমাকে দেশটা ধ্বংস করতে না হয়, কিন্তু কাউকে পেলাম না। 31কাজেই আমার ক্রোধ আমি তাদের উপর ঢেলে দেব এবং তাদের আচার-ব্যবহারের ফল তাদের মাথার উপর নামিয়ে দিয়ে আমার জ্বলন্ত ক্রোধে আমি তাদের পুড়িয়ে ফেলব। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।”
Цяпер абрана:
যিহিষ্কেল 22: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000