যিহিষ্কেল 21
21
ঈশ্বরের তলোয়ার
1তারপর সদাপ্রভু আমাকে বললেন, 2“হে মানুষের সন্তান, তোমার মুখ তুমি যিরূশালেমের দিকে রেখে উপাসনা-ঘরের বিরুদ্ধে কথা বল ও ইস্রায়েল দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল। 3তাকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘আমি তোমার বিরুদ্ধে। আমি খাপ থেকে আমার তলোয়ার বের করে তোমার মধ্য থেকে সৎ ও দুষ্ট সবাইকে মেরে ফেলব। 4সৎ ও দুষ্ট সবাইকে মেরে ফেলবার জন্য আমার তলোয়ার খাপ থেকে বের হয়ে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমস্ত লোককে মেরে ফেলবে। 5তখন সব লোক জানবে যে, আমি সদাপ্রভুই খাপ থেকে তলোয়ার বের করেছি; তা আর ফিরবে না।’
6“সেইজন্য হে মানুষের সন্তান, তুমি কাত্রাও, ভাংগা অন্তর ও গভীর দুঃখে তাদের সামনে কাত্রাও। 7তারা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ‘কেন কাত্রাচ্ছ?’ তুমি বলবে, ‘যে সংবাদ আসছে তার জন্য কাত্রাচ্ছি। সেই সময় সকলের অন্তর গলে যাবে এবং সকলের হাত নিস্তেজ হবে; সকলের মন মুষ্ড়ে পড়বে ও সকলের হাঁটু দুর্বল হয়ে যাবে। প্রভু সদাপ্রভু বলছেন যে, তা আসছে; তা হবেই হবে।’”
8সদাপ্রভু আমাকে আরও বললেন, 9“হে মানুষের সন্তান, তুমি এই ভবিষ্যদ্বাণী বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘একটা তলোয়ার! ধার দেওয়া ও পালিশ করা একটা তলোয়ার! 10কেটে ফেলবার জন্য তা ধার দেওয়া হয়েছে, তা পালিশ করা হয়েছে এবং তা বিদ্যুতের মত ঝক্মক করছে।’ ”
ইস্রায়েলীয়েরা বলছে, “যিহূদার রাজদণ্ড নিয়ে আমরা আনন্দ করব; সেই রাজদণ্ড সমস্ত লাঠিকে তুচ্ছ করছে।”
11সদাপ্রভু বলছেন, “তলোয়ারটা পালিশ করা হয়েছে যেন তা ব্যবহার করা যায়; যে মেরে ফেলবে তার হাতে দেবার জন্য ওটা ধার দেওয়া ও পালিশ করা হয়েছে। 12হে মানুষের সন্তান, কাঁদ ও বিলাপ কর, কারণ সেই তলোয়ার আমার লোকদের বিরুদ্ধে এবং ইস্রায়েলের সমস্ত নেতাদের বিরুদ্ধে। আমার লোকদের সংগে তাদেরও তলোয়ারের হাতে দিয়ে দেওয়া হবে। কাজেই তুমি বুক চাপড়াও। 13এই পরীক্ষা আসবেই আসবে। যিহূদার রাজা যদি আমার শাস্তিকে তুচ্ছ করে তবে কি সে টিকে থাকতে পারবে?
14“কাজেই হে মানুষের সন্তান, তুমি ভবিষ্যদ্বাণী বল আর হাতে হাত দিয়ে আঘাত কর। সেই তলোয়ার দু’বার, এমন কি, তিনবার আঘাত করুক। এই তলোয়ার কাটবার জন্য, অনেককে কাটবার জন্যই একটা তলোয়ার; তা চারপাশ থেকে তাদের উপর চেপে আসবে। 15কেটে ফেলবার জন্য তাদের সব ফটকে ফটকে আমি তলোয়ার বসিয়েছি যাতে তাদের অন্তর সব গলে যায় এবং অনেকে মারা পড়ে। হ্যাঁ, সেই তলোয়ার বিদ্যুতের মত চম্কায়; তা কেটে ফেলবার জন্য ধার দেওয়া হয়েছে। 16ওহে ধারালো তলোয়ার, ডান দিকে আঘাত কর, তারপর বাঁদিকে কর, যেদিকে তোমার ফলা ঘুরানো যায় সেই দিকেই আঘাত কর। 17আমিও হাতে হাত দিয়ে আঘাত করব আর আমার ক্রোধ শান্ত হবে। আমি সদাপ্রভুই এই কথা বলছি।”
18পরে সদাপ্রভু আমাকে বললেন, 19“হে মানুষের সন্তান, বাবিলের রাজার তলোয়ার যাবার জন্য দু’টা রাস্তায় চিহ্ন দাও, সেই দু’টা রাস্তাই এক দেশ থেকে বের হবে। যেখানে রাস্তা ভাগ হয়ে শহরের দিকে গেছে সেখানে পথ নির্দেশ-করা খুঁটি দাও। 20তলোয়ারের জন্য অম্মোনীয়দের র্ববা শহরের বিরুদ্ধে যাবার একটা রাস্তায় এবং যিহূদা ও দেয়াল-ঘেরা যিরূশালেমের বিরুদ্ধে যাবার অন্য একটা রাস্তায় চিহ্ন দাও, 21কারণ বাবিলের রাজা গোণা-পড়া করবার জন্য সেখানে থামবে যেখানে রাস্তা ভাগ হয়ে গেছে, অর্থাৎ দুই রাস্তা যেখানে মিলেছে। সে তীর ছুঁড়বে, তার দেবতাদের সংগে পরামর্শ করবে এবং কোন পশুর কলিজা দিয়ে পরীক্ষা করে দেখবে। 22তার ডান হাতে থাকা গোণা-পড়া করবার জিনিস যিরূশালেমের দিকের পথ দেখিয়ে দেবে; সেখানে সে দেয়াল ও ফটক ভাংবার যন্ত্র বসাবে, মেরে ফেলবার হুকুম দেবে, যুদ্ধের হাঁক দেবে, ঢালু ঢিবি ও উঁচু ঢিবি তৈরী করবে। 23যিরূশালেমের যে লোকেরা বাবিলের রাজার অধীনে থাকবার শপথ করেছিল তাদের কাছে এই গোণা-পড়া মিথ্যা মনে হবে, কিন্তু তাদের দোষের কথা সে তাদের মনে করিয়ে দেবে এবং তাদের বন্দী করে নিয়ে যাবে।
24“আমি প্রভু সদাপ্রভু বলছি, তোমরা খোলাখুলিভাবে পাপ করে তোমাদের দোষ দেখিয়ে দিয়েছ; তোমাদের সব কাজে তোমাদের অন্যায় প্রকাশ পাচ্ছে। তার ফলে তোমাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে।
25“ওহে অপবিত্র ও দুষ্ট ইস্রায়েলের রাজা, তোমার দিন উপস্থিত হয়েছে, তোমার শাস্তির সময় এসে গেছে। 26আমি প্রভু সদাপ্রভু বলছি, তোমার পাগড়ী খোল, মুকুট নামিয়ে ফেল। যেমন ছিল তেমন আর হবে না। ছোটকে বড় আর বড়কে ছোট করা হবে। 27ধ্বংস! ধ্বংস! আমি এই সব ধ্বংস করে দেব! যাঁর সত্যিকারের অধিকার আছে তিনি না আসা পর্যন্ত এগুলো আর থাকবে না। আমি তাঁকেই এই সব দেব।
28“হে মানুষের সন্তান, তুমি ভবিষ্যদ্বাণী বল যে, অম্মোনীয়দের বিষয়ে ও তাদের করা অপমানের বিষয়ে প্রভু সদাপ্রভু বলছেন, ‘একটা তলোয়ার, একটা তলোয়ার খোলা হয়েছে; তা মেরে ফেলবার জন্য পালিশ করা হয়েছে যেন তা গ্রাস করে ও বিদ্যুতের মত চম্কায়। 29হে তলোয়ার, তোমার বিষয়ে মিথ্যা দর্শন পেলেও এবং মিথ্যা গোণা-পড়া করলেও যাদের মেরে ফেলা হবে সেই দুষ্টদের গলার উপর তোমাকে রাখা হবে; তাদের দিন এসে পড়েছে, তাদের শাস্তির সময় এসে গেছে। 30হে অম্মোনীয়েরা, তোমাদের তলোয়ার খাপে রাখ। যে জায়গায় তোমাদের সৃষ্টি, তোমাদের সেই পূর্বপুরুষদের দেশে আমি তোমাদের বিচার করব। 31আমার ক্রোধ আমি তোমাদের উপর ঢেলে দেব এবং তোমাদের বিরুদ্ধে আমার ভীষণ অসন্তোষের আগুনে ফুঁ দেব। আমি তোমাদের এমন নিষ্ঠুর লোকদের হাতে তুলে দেব যারা ধ্বংস করবার কাজে পাকা। 32তোমরা আগুনের জন্য কাঠের মত হবে। তোমাদের রক্ত তোমাদের দেশের মধ্যেই পড়বে এবং তোমাদের ভুলে যাওয়া হবে। আমি সদাপ্রভুই এই কথা বলেছি।’”
Цяпер абрана:
যিহিষ্কেল 21: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000