Лого на YouVersion
Икона за пребарување

লেবীয় 4

4
গুনাহের জন্য কোরবানী
1-2মাবুদ তারপর মূসাকে বনি-ইসরাইলদের এই কথা বলতে বললেন, “মনে অন্যায় করবার ইচ্ছা না রেখে যদি কেউ মাবুদের নিষেধ করা কোন কিছু করে ফেলে তবে তাকে যা করতে হবে তা এই:
3“কোন মহা-ইমাম যদি ঐরকম কোন অন্যায় করে ফেলে যার দরুন সমস্ত লোক দোষী হয়, তবে তার জন্য তাকে গুনাহের কোরবানী হিসাবে মাবুদের কাছে একটা নিখুঁত ষাঁড় নিয়ে আসতে হবে। 4মিলন-তাম্বুর দরজার কাছে মাবুদের সামনে সেটা তাকে উপস্থিত করতে হবে। সে তার মাথার উপরে হাত রাখবে এবং মাবুদের সামনে সেটা জবাই করবে। 5তারপর মহা-ইমাম সেই ষাঁড়ের কিছুটা রক্ত নিয়ে মিলন-তাম্বুর মধ্যে যাবে। 6সে সেই রক্তে নিজের আংগুল ডুবিয়ে কিছুটা রক্ত মাবুদের সামনে পবিত্র স্থানের পর্দার দিকে সাতবার ছিটিয়ে দেবে। 7এর পর সে কিছু রক্ত নিয়ে মিলন-তাম্বুর মধ্যে মাবুদের সামনে যে খোশবু ধূপগাহ্‌ আছে তার শিংগুলোতে লাগিয়ে দেবে। বাকী রক্তটা নিয়ে সে মিলন-তাম্বুর দরজার সামনে যে পোড়ানো-কোরবানগাহ্‌ আছে তার গোড়ায় ঢেলে দেবে। 8গুনাহের কোরবানীর জন্য আনা সেই ষাঁড়ের সমস্ত চর্বি সে বের করে নেবে। এই চর্বি হল পেটের ভিতরের অংশগুলোর উপরকার চর্বি এবং সেগুলোর সংগে জড়ানো চর্বি, 9কিড্‌নি দু’টি ও তার সংগে জড়ানো কোমরের কাছের চর্বি এবং কিড্‌নির সংগে বের করে আনা কলিজার উপরের অংশ। 10যোগাযোগ-কোরবানীর গরুর মধ্য থেকে চর্বি বের করবার মত করে এই কোরবানীর ষাঁড়ের চর্বিও বের করে নিতে হবে। তারপর ইমাম সেই চর্বিগুলো নিয়ে পোড়ানো-কোরবানগাহের উপরে পুড়িয়ে দেবে। 11-12কিন্তু তার বাদবাকী অংশগুলো, অর্থাৎ চামড়া, গোশ্‌ত, মাথা, পা, নাড়িভুঁড়ি এবং গোবর তাকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে কোন পাক-সাফ জায়গায় যেখানে ছাই ফেলা হয় সেখানে ছাইয়ের গাদার উপরে কাঠের আগুনে পুড়িয়ে দিতে হবে।
13“গোটা ইসরাইল জাতি যদি মনে অন্যায়ের ইচ্ছা না রেখে মাবুদের নিষেধ করা কোন কিছু করে ফেলে তবে তারা তা না জানলেও দোষী হবে। 14যখন তারা জানতে পারবে যে, তারা অন্যায় করেছে তখন গুনাহের কোরবানীর জন্য তাদের সকলের তরফ থেকে একটা ষাঁড় এনে মিলন-তাম্বুর সামনে উপস্থিত করতে হবে। 15তারপর বনি-ইসরাইলদের বৃদ্ধ নেতারা মাবুদের সামনে সেই ষাঁড়ের মাথার উপর হাত রাখবে। ইমাম মাবুদের সামনেই সেটা জবাই করবে। 16তারপর মহা-ইমাম সেই ষাঁড়ের কিছুটা রক্ত নিয়ে মিলন-তাম্বুর মধ্যে যাবে। 17সেই রক্তে নিজের আংগুল ডুবিয়ে কিছুটা রক্ত মাবুদের সামনে পবিত্র স্থানের পর্দার দিকে সাত বার ছিটিয়ে দেবে। 18তারপর সে কিছু রক্ত নিয়ে মিলন-তাম্বুর মধ্যে মাবুদের সামনে যে খোশবু ধূপগাহ্‌ আছে তার শিংগুলোতে লাগিয়ে দেবে। তারপর মিলন-তাম্বুর দরজার কাছে যে পোড়ানো-কোরবানগাহ্‌ আছে তার গোড়ায় সে বাকী রক্ত ঢেলে দেবে। 19-20ষাঁড়টার সমস্ত চর্বি বের করে নিয়ে সে তা কোরবানগাহের উপর পুড়িয়ে দেবে এবং গুনাহের কোরবানীর অন্য ষাঁড়টা নিয়ে যা করবার কথা এটা নিয়েও তাকে তা-ই করতে হবে। ইমাম এইভাবে বনি-ইসরাইলদের অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে আর তাতে তাদের মাফ করা হবে। 21ইমাম সেই ষাঁড়ের বাদবাকী অংশ ছাউনির বাইরে নিয়ে গুনাহের কোরবানীর অন্য ষাঁড়টার অংশগুলোর মত করেই পুড়িয়ে ফেলবে। এটাই হল গোটা ইসরাইল জাতির গুনাহের জন্য কোরবানী।
22“কোন নেতা যদি মনে অন্যায়ের ইচ্ছা না রেখে তার মাবুদ আল্লাহ্‌র নিষেধ করা কোন কিছু করে ফেলে তবে সে দোষী হবে। 23যখন তাকে তার অন্যায় দেখিয়ে দেওয়া হবে তখন কোরবানী দেবার জন্য তাকে একটা নিখুঁত পুরুষ ছাগল আনতে হবে। 24সে ঐ ছাগলটার মাথার উপরে হাত রাখবে এবং পোড়ানো-কোরবানীর পশু কাটবার জায়গায় মাবুদের সামনে সেটা জবাই করবে; এটা একটা গুনাহের কোরবানী। 25তারপর ইমাম গুনাহের কোরবানীর জন্য আনা পশুটার কিছু রক্ত আংগুলে করে নিয়ে পোড়ানো-কোরবানগাহের শিংগুলোতে লাগিয়ে দেবে; বাকী রক্ত সে কোরবানগাহের গোড়ায় ঢেলে দেবে। 26যোগাযোগ-কোরবানীর পশুর চর্বির মত করেই এর সমস্ত চর্বি কোরবানগাহের উপরে পুড়িয়ে দিতে হবে। এইভাবে ইমাম সেই নেতার অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে আর তাতে তাকে মাফ করা হবে।
27“ইসরাইলীয়দের মধ্যে অন্য কোন লোক যদি মনে অন্যায়ের ইচ্ছা না রেখে মাবুদের নিষেধ করা কোন কিছু করে ফেলে তবে সে দোষী হবে। 28যখন তাকে তার অন্যায় দেখিয়ে দেওয়া হবে তখন সেই অন্যায়ের জন্য কোরবানী হিসাবে তাকে একটা নিখুঁত ছাগী আনতে হবে। 29সে সেই গুনাহের কোরবানীর ছাগীটার মাথার উপর হাত রাখবে এবং পোড়ানো-কোরবানীর পশু কাটবার জায়গায় সেটা জবাই করবে। 30তারপর ইমাম আংগুলে করে তার কিছুটা রক্ত নিয়ে পোড়ানো-কোরবানগাহের শিংগুলোতে লাগিয়ে দেবে; বাকী রক্ত সে কোরবানগাহের গোড়ায় ঢেলে দেবে। 31যোগাযোগ-কোরবানীর পশুর চর্বি বের করবার মত করে সে এই কোরবানীর পশুর সমস্ত চর্বি বের করে নিয়ে তা কোরবানগাহের উপর পুড়িয়ে দেবে। এর গন্ধে মাবুদ খুশী হন। এইভাবে ইমাম সেই লোকের অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে এবং তাতে তাকে মাফ করা হবে।
32“গুনাহের কোরবানীর জন্য যদি কেউ ভেড়ার বাচ্চা আনে, তবে সেটা নিখুঁত এবং স্ত্রীজাতের হতে হবে। 33তার মাথার উপর সে হাত রাখবে এবং পোড়ানো-কোরবানীর পশু কাটবার জায়গায় সে গুনাহের জন্য কোরবানীর ভেড়ীটা জবাই করবে। 34তারপর ইমাম তার আংগুলে করে গুনাহের কোরবানীর ভেড়ীটা থেকে কিছু রক্ত নিয়ে পোড়ানো-কোরবানগাহের শিংগুলোতে লাগিয়ে দেবে; বাকী রক্ত সে কোরবানগাহের গোড়ায় ঢেলে দেবে। 35যোগাযোগ-কোরবানীর ভেড়ার চর্বি বের করবার মত করেই সে এর সমস্ত চর্বি বের করে নেবে। তারপর মাবুদের উদ্দেশে আগুন্তেদেওয়া জিনিসের উপরে এই চর্বিও সে কোরবানগাহের উপরে পুড়িয়ে ফেলবে। এইভাবে ইমাম সেই লোকের অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে এবং তাতে তাকে মাফ করা হবে।

Селектирано:

লেবীয় 4: MBCL

Нагласи

Копирај

Спореди

Сподели

None

Дали сакаш да ги зачуваш Нагласувањата на сите твои уреди? Пријави се или најави се