লেবীয় 18
18
সহবাস সম্বন্ধে নিয়ম
1-2মাবুদ মূসাকে বনি-ইসরাইলদের বলতে বললেন, “আমি আল্লাহ্ তোমাদের মাবুদ। 3সেইজন্য তোমরা যেখানে বাস করতে সেই মিসর দেশের লোকেরা যা করে তোমরা তা করবে না এবং আমি যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি সেই কেনান দেশের লোকেরা যা করে তা-ও তোমরা করবে না। তোমরা সেই সব লোকদের চালচলন অনুসারে চলবে না। 4তোমাদের চলতে হবে আমার শরীয়ত অনুসারে। আমার দেওয়া নিয়ম তোমাদের যত্নের সংগে পালন করতে হবে। আমি আল্লাহ্ তোমাদের মাবুদ। 5আমার নিয়ম ও শরীয়ত তোমাদের পালন করতে হবে, কারণ যে তা পালন করবে সে তার মধ্য দিয়েই জীবন পাবে। আমি মাবুদ।
6“নিকট সম্বন্ধ আছে এমন কোন আত্মীয়ার সংগে সহবাস করা চলবে না। আমি মাবুদ। 7তোমাদের মধ্যে কেউ যেন নিজের মায়ের সংগে সহবাস করে পিতার অসম্মান না করে। সে তার মা; মায়ের সংগে সহবাস করা চলবে না। 8সৎমায়ের সংগে সহবাস করা চলবে না। তা করলে পিতাকে অসম্মান করা হবে। 9নিজের বোন বা সৎবোনের সংগে সহবাস করা চলবে না- সে পিতার মেয়ে হোক বা মায়ের মেয়ে হোক, আর তাদের জন্ম একই বাড়ীতে হোক বা ভিন্ন ভিন্ন জায়গাতেই হোক। 10ছেলে বা মেয়ের ঘরের নাতনীর সংগে সহবাস করা চলবে না; তাতে নিজেরই অসম্মান হবে। 11সৎমায়ের গর্ভে যে বোনের জন্ম হয়েছে তার সংগে সহবাস করা চলবে না। সে বোন। 12ফুফুর সংগে সহবাস করা চলবে না, কারণ তার সংগে পিতার রক্তের সম্বন্ধ রয়েছে। 13খালার সংগে সহবাস করা চলবে না, কারণ তার সংগে মায়ের রক্তের সম্বন্ধ রয়েছে। 14পিতার কোন ভাইয়ের স্ত্রীর সংগে সহবাস করা চলবে না, কারণ সে চাচী। 15ছেলের স্ত্রীর সংগে সহবাস করা চলবে না। সে ছেলের স্ত্রী বলেই তার সংগে সহবাস করা চলবে না। 16ভাইয়ের স্ত্রীর সংগে সহবাস করা চলবে না। তা করলে ভাইকে অসম্মান করা হবে। 17একই সংগে কোন স্ত্রীলোক ও তার মেয়ের সংগে সহবাসের সম্বন্ধ রাখা চলবে না। সেই স্ত্রীলোকের ছেলে বা মেয়ের ঘরের নাতনীর সংগে সহবাস করা চলবে না, কারণ সেই স্ত্রীলোকের সংগে তাদের রক্তের সম্বন্ধ রয়েছে। এটা একটা নোংরা কাজ। 18স্ত্রী বেঁচে থাকতে স্ত্রীর বোনকে সতীন হিসাবে বিয়ে করা চলবে না।
19“মাসিকের নাপাক অবস্থার সময় কোন স্ত্রীলোকের সংগে সহবাস করবার জন্য যাওয়া চলবে না। 20অন্য কারও স্ত্রীর সংগে সহবাস করে নিজেকে নাপাক করা চলবে না।
21“তোমাদের মধ্যে কেউ যেন তার ছেলে বা মেয়েকে মোলক-দেবতার কাছে আগুনে পুড়িয়ে কোরবানী না করে কিংবা অন্য কোন ভাবে নিজের আল্লাহ্র নামের পবিত্রতা নষ্ট না করে। আমি মাবুদ।
22“স্ত্রীলোকের সংগে সহবাস করবার মত করে পুরুষের সংগে পুরুষের সহবাস করা চলবে না। এটা একটা জঘন্য কাজ। 23পশুর সংগে সহবাস করে কোন পুরুষের নিজেকে নাপাক করা চলবে না। কোন পশুর সংগে কোন স্ত্রীলোকের সহবাস করা চলবে না। এই সব সহবাস স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে।
24“এই রকমের কোন কাজ করে তোমাদের মধ্যে কেউ যেন নিজেকে নাপাক না করে, কারণ তোমাদের সামনে থেকে যে সব জাতিকে আমি তাড়িয়ে দেব তারাও ঐভাবে নিজেদের নাপাক করেছে। 25এতে তাদের দেশটা পর্যন্ত নাপাক হয়ে গেছে। তাই অন্যায়ের জন্য দেশটাকে আমি শাস্তি দিচ্ছি আর দেশটাও তার লোকদের বমি করে ফেলে দিতে যাচ্ছে। 26কিন্তু তোমরা আমার নিয়ম ও শরীয়ত মেনে চলবে। তোমাদের জাতির কিংবা তোমাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যেন এই রকমের কোন জঘন্য কাজ না করে। 27আগে থেকে যারা ঐদেশে বাস করে আসছে তারা ঐ সব কাজ করে দেশটাকে নাপাক করে ফেলেছে। 28তোমরাও যদি দেশটা নাপাক কর তবে সেখানকার আগের জাতিদের মত দেশটা তোমাদেরও বমি করে ফেলে দেবে।
29“যদি কেউ এই ধরনের কোন জঘন্য কাজ করে তবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে। 30আমার হুকুমগুলো তোমরা মেনে চলবে এবং সেখানে পৌঁছে আগের বাসিন্দাদের জঘন্য চালচলনের কোনটাই তোমরা গ্রহণ করবে না। এই সব দিয়ে তোমরা নিজেদের নাপাক করবে না। আমি আল্লাহ্ তোমাদের মাবুদ।”
Селектирано:
লেবীয় 18: MBCL
Нагласи
Копирај
Спореди
Сподели
Дали сакаш да ги зачуваш Нагласувањата на сите твои уреди? Пријави се или најави се
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006