Лого на YouVersion
Икона за пребарување

হিজরত 9

9
মিসরের উপর পঞ্চম গজব— পশুদের মৃত্যু
1পরে মাবুদ মূসাকে বললেন, তুমি ফেরাউনের কাছে গিয়ে তাকে বল, ইবরানীদের মাবুদ আল্লাহ্‌ এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার লোকদেরকে ছেড়ে দাও। 2যদি তাদেরকে ছেড়ে দিতে অসম্মত হও, অথবা এখনও বাধা দাও, 3তবে দেখ, তোমার ক্ষেতে যে সব পশু রয়েছে, অর্থাৎ তোমার ঘোড়া, গাধা, উট, গরুর পাল ও ভেড়ার পালের উপর মাবুদের হাত রয়েছে; কঠিন মহামারী হবে। 4কিন্তু মাবুদ ইসরাইলের পশু ও মিসরের পশুতে প্রভেদ করবেন; তাতে বনি-ইসরাইলদের কোন পশু মরবে না। 5আর মাবুদ সময় নির্ধারণ করে বললেন, আগামীকাল মাবুদ দেশে এই কাজ করবেন। 6পরদিন মাবুদ তা-ই করলেন, তাতে মিসরের সমস্ত পশু মারা গেল কিন্তু বনি-ইসরাইলদের পশুদের মধ্যে একটিও মারা গেল না। 7তখন ফেরাউন লোক পাঠিয়ে সংবাদ পেলেন যে, বনি-ইসরাইলদের একটি পশুও মারা যায় নি; তবুও ফেরাউনের অন্তর কঠিন হল এবং তিনি লোকদেরকে ছেড়ে দিলেন না।
মিসরের উপর যষ্ঠ গজব— স্ফোটক
8পরে মাবুদ মূসা ও হারুনকে বললেন, তোমরা মুষ্টি পূর্ণ করে ভাটীর ভস্ম নাও এবং মূসা ফেরাউনের সাক্ষাতে তা আসমানের দিকে ছড়িয়ে দিক। 9তা সমস্ত মিসর দেশব্যাপী সূক্ষ্ম ধূলি হয়ে সেই দেশের সর্বত্র মানুষ ও পশুদের শরীরে ক্ষতযুক্ত স্ফোটক জন্মাবে। 10তখন তাঁরা ভাটির ভস্ম নিয়ে ফেরাউনের সম্মুখে দাঁড়ালেন এবং মূসা আসমানের দিকে তা ছড়িয়ে দিলেন, তাতে মানুষ ও পশুদের শরীরে ক্ষতযুক্ত স্ফোটক হল। 11সেই স্ফোটকের দরুন জাদুকরেরা মূসার সম্মুখে দাঁড়াতে পারল না, কারণ জাদুকরদের ও সমস্ত মিসরীয়ের শরীরে স্ফোটক জন্মালো। 12আর মাবুদ ফেরাউনের অন্তর কঠিন করলেন। তিনি তাদের কথায় মনোযোগ দিলেন না, যেমন মাবুদ মূসাকে বলেছিলেন।
মিসরের উপর সপ্তম গজব— শিলাবৃষ্টি
13পরে মাবুদ মূসাকে বললেন, তুমি খুব ভোরে উঠে ফেরাউনের সম্মুখে দাঁড়িয়ে তাকে এই কথা বলো, ইবরানীদের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার লোকদেরকে ছেড়ে দাও; 14নতুবা এবার আমি তোমার হৃদয়ের বিরুদ্ধে এবং তোমার দরবারের লোকদের ও লোকদের মধ্যে আমার সমস্ত রকমের গজব প্রেরণ করবো; যেন তুমি জানতে পার যে, সারা দুনিয়াতে আমার মত আর কেউই নেই। 15কেননা এত দিনে আমি আমার হাত বাড়িয়ে মহামারী দ্বারা তোমাকে ও তোমার লোকদেরকে আঘাত করতে পারতাম; তা করলে তুমি দুনিয়া থেকে উচ্ছিন্ন হতে। 16কিন্তু বাস্তবিক আমি এজন্যই তোমাকে স্থাপন করেছি যেন আমার ক্ষমতা তোমাকে দেখাই ও সারা দুনিয়াতে আমার নাম কীর্তিত হয়। 17এখনও তুমি দম্ভ করে আমার লোকদেরকে ছেড়ে দিতে চাইছো না। 18দেখ, মিসরের পত্তন থেকে আজ পর্যন্ত যেরকম কখনও হয় নি, সে রকম প্রচণ্ড শিলাবৃষ্টি আমি আগামীকাল এই সময়ে বর্ষাবো। 19অতএব তুমি এখন লোক পাঠিয়ে ক্ষেতে তোমার পশু ও আর যা কিছু আছে সেই সমস্ত তাড়াতাড়ি আনাও; যে মানুষ ও পশু বাড়ির বাইরে ক্ষেতে থাকবে তাদের উপরে শিলাবৃষ্টি হবে আর তাতে তারা মারা যাবে। 20তখন ফেরাউনের কর্মকর্তাদের মধ্যে যে মাবুদের কালামে ভয় পেল, সে শীঘ্র তার গোলাম ও পশুদেরকে বাড়ির মধ্যে নিয়ে আসল। 21আর যে মাবুদের কালামে মনোযোগ দিল না সে তার গোলাম ও পশুদেরকে ক্ষেতে থাকতে দিল।
22পরে মাবুদ মূসাকে বললেন, তুমি আসমানের দিকে তোমার হাত বাড়িয়ে দাও, তাতে মিসর দেশের সর্বত্র শিলাবৃষ্টি হবে, মিসর দেশের মানুষ, পশু ও ক্ষেতের সমস্ত ওষধির উপরে তা বর্ষিত হবে। 23পরে মূসা তাঁর লাঠি আসমানের দিকে বিস্তার করলে মাবুদ মেঘ-গর্জন করালেন ও শিলাবৃষ্টি বর্ষালেন; আর আগুন ভূমির উপরে বেগে এসে পড়লো। এভাবে মাবুদ মিসর দেশে শিলাবৃষ্টি বর্ষালেন। 24তাতে শিলা এবং শিলার সঙ্গে মিশানো আগ্নিবৃষ্টিও হওয়াতে তা অতি দুঃসহ হল; এরকম শিলাবৃষ্টি মিসর দেশে রাজ্য স্থাপনের সময় থেকে কখনও হয় নি। 25তাতে সমস্ত মিসর দেশের ক্ষেতের মানুষ ও পশু সকলেই শিলা দ্বারা আহত হল ও ক্ষেতের সমস্ত ওষধি শিলা-বৃষ্টির আঘাতে নষ্ট ও সমস্ত গাছ ভেঙ্গে গেল। 26কেবল বনি-ইসরাইলদের বাসস্থান গোশন প্রদেশে শিলাবৃষ্টি হল না।
27পরে ফেরাউন লোক পাঠিয়ে মূসা ও হারুনকে ডেকে এনে বললেন, এবার আমি গুনাহ্‌ করেছি; মাবুদ ধর্মময় কিন্তু আমি ও আমার লোকেরাই দোষী। 28তোমরা মাবুদের কাছে ফরিয়াদ কর; বজ্রপাত ও শিলাবৃষ্টি যথেষ্ট হয়েছে। আমি তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদের আর বিলম্ব হবে না। 29তখন মূসা তাঁকে বললেন, আমি নগর থেকে বাইরে গিয়ে আমার দু’হাত মাবুদের কাছে তুলে ধরবো, তাতে মেঘ-গর্জন নিবৃত্ত হবে ও শিলাবৃষ্টি আর হবে না, যেন আপনি জানতে পারেন যে, দুনিয়া মাবুদেরই। 30কিন্তু আমি জানি, আপনি ও আপনার কর্মকর্তারা, আপনারা এখনও মাবুদ আল্লাহ্‌কে ভয় করেন না। 31সেই সময় সব মসিনা ও যব ধ্বংস হল, কেননা যব শীষযুক্ত ও মসিনা পুষ্পিত হয়েছিল। 32কিন্তু গম ও জনার বড় না হওয়াতে ধ্বংস হল না। 33পরে ফেরাউনের কাছ থেকে নগরের বাইরে গিয়ে মূসা মাবুদের দিকে তাঁর দু’হাত তুলে ধরলেন, তাতে মেঘ-গর্জন ও শিলাবৃষ্টি নিবৃত্ত হল এবং ভূমিতে আর বৃষ্টির ধারা বর্ষালো না। 34তখন বৃষ্টি, শিলাবর্ষণ ও মেঘ-গর্জন নিবৃত্ত হল দেখে ফেরাউন আরও গুনাহ্‌ করলেন, তিনি ও তাঁর কর্মকর্তারা নিজ নিজ অন্তর কঠিন করলেন। 35ফেরাউনের অন্তর কঠিন হওয়াতে তিনি বনি-ইসরাইলদেরকে যেতে দিলেন না; যেমন মাবুদ মূসার মধ্য দিয়ে বলেছিলেন।

Селектирано:

হিজরত 9: BACIB

Нагласи

Сподели

Спореди

Копирај

None

Дали сакаш да ги зачуваш Нагласувањата на сите твои уреди? Пријави се или најави се