হোসিয়া 8
8
ইসরাইলের ফলভোগ
1তুমি তোমার মুখে তূরী স্থাপন কর। সে মাবুদের গৃহের উপরে ঈগল পাখির মত আসছে, কেননা লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করেছে ও আমার বিরুদ্ধে অধর্ম করেছে। 2তারা আমার কাছে কান্নাকাটি করে বলবে, হে আমার আল্লাহ্, আমরা ইসরাইল, তোমাকে জানি। 3ইসরাইল, যা ভাল, তা দূরে ফেলে দিয়েছে, দুশমন তার পিছনে পিছনে দৌড়ে যাবে। 4তারাই বাদশাহ্দেরকে স্থাপন করেছে, আমা থেকে হয় নি; তারা শাসনকর্তাদের নিযুক্ত করেছে, আমি তা জানি নি; তারা নিজেদের সোনা ও রূপা দ্বারা নিজেদের জন্য মূর্তি তৈরি করেছে, যেন তারা উচ্ছিন্ন হয়। 5হে সামেরিয়া, তিনি তোমার বাছুরের মূর্তি দূরে ফেলে দিয়েছেন; ওদের বিরুদ্ধে আমার ক্রোধের আগুন জ্বলে উঠলো; ওরা কত দেরিতে তারা বিশুদ্ধ হবে? 6কেননা ইসরাইলের লোকেরাই ঐ বাছুর তৈরি করেছে; শিল্পকার তা গড়েছে, তা আল্লাহ্ নয়; বাস্তবিক সামেরিয়ার বাছুর খণ্ড-বিখণ্ড হবে। 7কেননা তারা বায়ুরূপ বীজ বপন করে, ঝঞ্ঝারূপ শস্য কাটবে; তার ক্ষেতে শস্য নেই; চারা শস্য দেবে না; শস্য দিলেও বিদেশীরা তা গ্রাস করবে। 8ইসরাইলকে গ্রাস করা হল; এখন তারা অপ্রীতিকর পাত্রের মত জাতিদের মধ্যে আছে। 9ওরা তো আশেরিয়া দেশ গেল, সে এমন বন্য গাধা, যে একাকী থাকে; আফরাহীম প্রেমিকদেরকে পণ দিয়েছে। 10যদিও তারা জাতিদের মধ্যে লোকদের পণ দেয়, তবুও আমি এখন এদেরকে একত্র করবো; বাদশাহ্ ও শাসনকর্তাদের বোঝার ভারে তারা ক্রমশ কুঁজো হয়ে পড়ছে।
11আফরাহীম গুনাহ্র কাজ হিসেবে অনেক কোরবানগাহ্ করেছে, এজন্য কোরবানগাহ্ সকল তার পক্ষে গুনাহ্স্বরূপ হয়েছে। 12আমি তার জন্য আমার ব্যবস্থার দশ হাজার কথা লিখি; কিন্তু সেসব বিজাতীয়রূপে গণ্য করা হয়। 13তারা আমার উপহার-কোরবানী নিয়ে তার গোশ্ত উৎসর্গ করে ও তা খেয়ে ফেলে; মাবুদ তাদেরকে গ্রাহ্য করেন না; এখন তিনি তাদের অপরাধ স্মরণ করে তাদের গুনাহ্র প্রতিফল দেবেন, তারা মিসরে ফিরে যাবে। 14কারণ ইসরাইল তার নির্মাতাকে ভুলে গেছে ও স্থানে স্থানে প্রাসাদ গেঁথেছে; এবং এহুদা অনেক প্রাচীর-বেষ্টিত নগর প্রস্তুত করেছে; কিন্তু আমি তার নগরে নগরে আগুন পাঠাব, সে সেখানকার দুর্গগুলো গ্রাস করবে।
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013