聖書アプリのロゴ
検索アイコン

ইহিস্কেল 4

4
জেরুশালেম ঘেরাওয়ের ছবি
1আর হে মানুষের সন্তান, তুমি একখানি ইট নিয়ে তোমার সম্মুখে রাখ ও তার উপরে একটি নগর অর্থাৎ জেরুশালেমের ছবি আঁক। 2আর তা সৈন্যে বেষ্টিত কর, তার বিরুদ্ধে অবরোধ দেয়াল গাঁথ, তার বিপরীতে জাঙ্গাল বাঁধ, স্থানে স্থানে তার বিরুদ্ধে শিবির স্থাপন কর ও তার বিরুদ্ধে চারদিকে প্রাচীর-ভেদক যন্ত্র স্থাপন কর। 3আর একখানা লোহার পাত্র নিয়ে তোমার ও নগরের মধ্যস্থলে লোহার প্রাচীরের মত তা স্থাপন কর এবং তোমার মুখ তার দিকে রাখ, তাতে তা অবরুদ্ধ হবে ও তুমি তা অবরোধ করে থাকবে। ইসরাইল-কুলের জন্য এটি চিহ্নস্বরূপ হবে।
4পরে তুমি বাম পাশে শয়ন করে ইসরাইল-কুলের অপরাধ তার উপরে রাখ; যতদিন তুমি তাতে শয়ন করবে, ততদিন তাদের অপরাধ বহন করবে। 5আমি তাদের অপরাধ-বছরের সংখ্যা তোমার জন্য দিনের সংখ্যা, অর্থাৎ তিনশত নব্বই দিন রাখলাম; এভাবে তুমি ইসরাইল-কুলের অপরাধ বহন করবে। 6সেসব সমাপ্ত করার পর তুমি তোমার ডান পাশে শয়ন করবে এবং এহুদা-কুলের অপরাধ বহন করবে; আমি চল্লিশ দিন, এক এক বছরের জন্য এক এক দিন, তোমার জন্য রাখলাম। 7আর তুমি তোমার মুখ জেরুশালেমের অবরোধের দিকে রাখবে, তোমার বাহু অনাবৃত করবে ও তার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বলবে। 8আর দেখ, আমি দড়ি দিয়ে তোমাকে বেঁধে রাখব, তাতে তুমি যতদিন তোমার অবরোধের দিন সমাপ্ত না করবে, ততদিন পর্যন্ত এক পাশ থেকে অন্য পাশে ফিরবে না।
9আর তুমি নিজের কাছে গম, যব, মাষ, মসুর ডাল, কঙ্গু ও জনার নিয়ে সকলই একটি পাত্রে রাখ এবং তা দিয়ে রুটি প্রস্তুত কর; যতদিন পাশে শয়ন করবে, ততদিন, অর্থাৎ তিনশত নব্বই দিন, তা ভোজন করো। 10তোমরা খাদ্য পরিমাণপূর্বক, অর্থাৎ প্রতিদিন বিশ তোলা করে ভোজন করতে হবে; তুমি বিশেষ বিশেষ সময়ে তা ভোজন করবে। 11আর পানিও পরিমাণপূর্বক, অর্থাৎ হিনের ষষ্ঠাংশ করে পান করতে হবে; তুমি বিশেষ বিশেষ সময়ে তা পান করবে। 12আর ঐ খাদ্যদ্রব্য যবের পিঠার মত করে ভোজন করবে এবং তাদের দৃষ্টিতে মানুষের বিষ্ঠা দিয়ে তা পাক করবে। 13আর মাবুদ বললেন, আমি বনি-ইসরাইলদেরকে যে জাতিদের মধ্যে দূর করে দেব, তাদের মধ্যে থাকবার সময়ে তারা এভাবে নিজ নিজ নাপাক রুটি খাবে। 14তখন আমি বললাম, আহা, সার্বভৌম মাবুদ, দেখ, আমার প্রাণ নাপাক হয় নি; আমি বাল্যকাল থেকে আজ পর্যন্ত স্বয়ং মৃত কিংবা পশু দ্বারা বিদীর্ণ কিছুই খাই নি, ঘৃণ্য গোশ্‌ত কখনও আমার মুখে যায় নি। 15তখন তিনি আমাকে বললেন, দেখ, আমি মানুষের বিষ্ঠার পরিবর্তে তোমাকে গোবর দিলাম, তুমি তা দিয়ে তোমার রুটি পাক করবে।
16আর তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, দেখ, আমি জেরুশালেমে খাদ্য সরবরাহ বন্ধ করবো, তাতে তারা পরিমাণপূর্বক ভাবনা সহকারে অন্ন ভোজন করবে, পরিমাণপূর্বক ও বিস্ময় সহকারে পানি পান করবে; 17যেন তারা খাদ্য ও পানির অভাবে পরস্পর বিস্ময়াপন্ন ও নিজ নিজ অপরাধে ক্ষীণ হয়।

ハイライト

コピー

比較

シェア

None

すべてのデバイスで、ハイライト箇所を保存したいですか? サインアップまたはサインインしてください。

ইহিস্কেল 4のビデオ