Logo YouVersion
Ikona vyhledávání

পয়দায়েশ 48

48
হযরত ইউসুফের পুত্রদের প্রতি দোয়া
1এসব ঘটনার কিছুদিন পর কোন এক জন ইউসুফকে বললো, দেখুন, আপনার পিতা অসুস্থ; তাতে তিনি তাঁর দুই পুত্র মানশা ও আফরাহীমকে সঙ্গে নিয়ে গেলেন। 2তখন কেউ ইয়াকুবকে সংবাদ দিয়ে বললো, দেখুন, আপনার পুত্র ইউসুফ এসেছেন; তাতে ইসরাইল দেহের সমস্ত শক্তি প্রয়োগ করে বিছানায় উঠে বসলেন। 3আর ইয়াকুব ইউসুফকে বললেন, কেনান দেশে, লূস নামক স্থানে, সর্বশক্তিমান আল্লাহ্‌ আমাকে দর্শন দিয়ে দোয়া করে বলেছিলেন, 4দেখ, আমি তোমাকে ফলবান ও বহুবংশ করবো, আর তোমার মধ্য থেকে একটি বহু গোষ্ঠীর জাতি সৃষ্টি করবো এবং তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকারের জন্য এই দেশ দেব। 5আর মিসরে তোমার কাছে আমার আসার আগে তোমার যে দুই পুত্র মিসর দেশে জন্মেছে, তারা আমারই; রূবেণ ও শিমিয়োনের মত আফরাহীম ও মানশাও আমারই হবে। 6কিন্তু তুমি এদের পরে যাদের জন্ম দিয়েছ, তোমার সেই সন্তানেরা তোমারই হবে এবং এই দুই ভাইয়ের নামে এদেরই অধিকারে পরিচিত হবে; 7আর পদ্দন থেকে আমার আসার সময়ে কেনান দেশে ইফ্রাথে পৌঁছাতে অল্প পথ বাকী থাকতে, পথের মধ্যে আমার কাছে রাহেলা ইন্তেকাল করলো; তাতে আমি সেখানে, ইফ্রাথের, অর্থাৎ বেথেলহেমের পথের পাশে তাঁকে দাফন করলাম।
8পরে ইসরাইল ইউসুফের দুই পুত্রকে দেখে জিজ্ঞাসা করলেন, এরা কে? 9ইউসুফ পিতাকে বললেন, এরা আমার পুত্র, যাদেরকে আল্লাহ্‌ এই দেশে আমাকে দিয়েছেন। তখন তিনি বললেন, আরজ করি, এদেরকে আমার কাছে আন, আমি এদেরকে দোয়া করবো। 10তখন ইসরাইল বার্ধক্যের দরুন দৃষ্টি ক্ষীণ হওয়াতে দেখতে পেলেন না; আর তারা কাছে আনীত হলে তিনি তাদেরকে চুম্বন ও আলিঙ্গন করলেন। 11পরে ইসরাইল ইউসুফকে বললেন, আমি ভেবেছিলাম, তোমার মুখ আর দেখতে পাব না; কিন্তু দেখ, আল্লাহ্‌ আমাকে তোমার বংশও দেখালেন। 12তখন ইউসুফ তাদেরকে ইয়াকুবের কোল থেকে তুলে নিলেন ও ভূমিতে মুখ রেখে পিতাকে সালাম করলেন। 13পরে ইউসুফ দু’জনকে নিয়ে তাঁর ডান হাত দিয়ে আফরাহীমকে ধরে ইসরাইলের বাম দিকে ও বাম হাত দিয়ে মানশাকে ধরে ইসরাইলের ডান দিকে, তাঁর কাছে উপস্থিত করলেন। 14তখন ইসরাইল ডান হাত বাড়িয়ে কনিষ্ঠ আফরাহীমের মাথার উপরে রাখলেন এবং বাম হাত মানশার মাথার উপর রাখলেন। এই তাঁর বিবেচনাসিদ্ধ বাহুব্যবহার, কারণ মানশা প্রথমজাত।
15পরে তিনি ইউসুফকে দোয়া করে বললেন, সেই আল্লাহ্‌, যাঁর সাক্ষাতে আমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইস্‌হাক গমনাগমন করতেন— সেই আল্লাহ্‌, যিনি প্রথম থেকে আজ পর্যন্ত আমার পালক হয়ে আসছেন— 16সেই ফেরেশতা, যিনি আমাকে সমস্ত আপদ থেকে মুক্ত করেছেন, তিনিই এই বালক দু’টিকে দোয়া করুন। এদের দ্বারা আমার নাম ও আমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইস্‌হাকের নাম পরিচিত হোক এবং এরা দেশের মধ্যে বহুগোষ্ঠীতে পরিণত হোক।
17তখন আফরাহীমের মাথায় পিতা ডান হাত দিয়েছেন দেখে ইউসুফ অসন্তুষ্ট হলেন, আর তিনি আফরাহীমের মাথা থেকে মানশার মাথায় স্থাপন করার জন্য পিতার হাত তুলে ধরলেন। 18ইউসুফ পিতাকে বললেন, আব্বা, এমন নয়, এই প্রথম জাত, এরই মাথায় ডান হাত দিন। 19কিন্তু তাঁর পিতা অসম্মত হয়ে বললেন, বৎস, তা আমি জানি, আমি জানি; এও এক জাতি হবে এবং মহানও হবে, তবুও এর কনিষ্ঠ ভাই তার চেয়েও মহান হবে ও তার বংশ বহুগোষ্ঠীতে পরিণত হবে। 20সেদিন তিনি তাদেরকে দোয়া করে বললেন, ইসরাইল জাতি তোমার নাম করে দোয়া করবে, বলবে, আল্লাহ্‌ তোমাকে আফরাহীম ও মানশার মত করুন। এভাবে তিনি মানশা থেকে আফরাহীমকে প্রধান স্থান দিলেন। 21পরে ইসরাইল ইউসুফকে বললেন, দেখ, আমার মৃত্যু আসন্ন; কিন্তু আল্লাহ্‌ তোমাদের সহবর্তী থাকবেন ও তোমাদেরকে আবার তোমাদের পূর্বপুরুষদের দেশে নিয়ে যাবেন। 22আর তোমার ভাইদের চেয়ে তোমাকে এক অংশ বেশি দিলাম; এটি আমি নিজের তলোয়ার ও ধনুক দ্বারা আমোরীয়দের হাত থেকে অধিকার করেছি।

Zvýraznění

Sdílet

Porovnat

Kopírovat

None

Chceš mít své zvýrazněné verše uložené na všech zařízeních? Zaregistruj se nebo se přihlas