গালাতীয় 2
2
হযরত পৌলের প্রতি সহভাগিতার ডান হাত
1পরে চৌদ্দ বছর পর আমি বার্নাবাসের সঙ্গে পুনরায় জেরুশালেমে গেলাম এবং তীতকেও সঙ্গে নিলাম। 2আর প্রত্যাদেশ অনুসারে গমন করলাম এবং যে ইঞ্জিল অ-ইহুদীদের মধ্যে তবলিগ করে থাকি, সেখানকার লোকদের কাছে তার ব্যাখ্যা করলাম, কিন্তু যাঁরা গণ্যমান্য তাঁদের কাছে গোপনে বললাম, পাছে দেখা যায় যে আমি বৃথা দৌড়াচ্ছি বা দৌড়েছি। 3এমন কি তীত, যিনি আমার সঙ্গে ছিলেন, তিনি গ্রীক হলেও তাঁকে খৎনা করতে বাধ্য করা হয় নি। 4গুপ্তভাবে নিয়ে আসা সেই কয়েকজন ভণ্ড ঈমানদারদের জন্য এরকম হল; মসীহ্ ঈসাতে আমাদের যে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতার দোষ ধরবার জন্যই তারা গোপনে প্রবেশ করেছিল যেন আমাদের গোলাম করে রাখতে পারে। 5কিন্তু আমরা এক মুহূর্তের জন্যও তাদের অধীনতা স্বীকার করে তাদের বশবর্তী হলাম না, যেন ইঞ্জিলের সত্য তোমাদের কাছে থাকে। 6আর যাঁরা গণ্যমান্য বলে খ্যাত— তাঁরা কেমন লোক ছিলেন, এতে আমার কিছু যায়-আসে না, আল্লাহ্ মানুষের মুখাপেক্ষা করেন না— বস্তুত সেই গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে আমি নতুন কিছুই জানতে পারি নি; 7বরং পক্ষান্তরে যখন দেখলেন, খৎনা করানো লোকদের মধ্যে যেমন পিতরকে, তেমনি খৎনা-না-করানো লোকদের মধ্যে আমাকে ইঞ্জিলের ভার দেওয়া হয়েছে— 8কারণ খৎনা-করানো লোকদের কাছে প্রৈরেতিক-কাজের জন্য যিনি পিতরের মধ্য দিয়ে কাজ করলেন, তিনি অ-ইহুদীদের জন্য আমার মধ্য দিয়েও কাজ করলেন— 9যখন তাঁরা আমাকে দেওয়া সেই রহমতের বিষয় বুঝতে পারলেন, তখন ইয়াকুব, কৈফা ও ইউহোন্না— যাঁরা স্তম্ভ হিসেবে মান্য— আমাকে ও বার্নাবাসকে সহভাগিতার ডান হাত বাড়িয়ে দিলেন যেন আমরা অ-ইহুদীদের কাছে যাই আর তাঁরা খৎনা-করানো লোকদের কাছে যান; 10কেবল চাইলেন যেন আমরা দরিদ্রদের কথা স্মরণে রাখি; আর তা করতে আমিও যত্নবান ছিলাম।
ঈমান দ্বারা নাজাত লাভ
11কিন্তু কৈফা যখন এণ্টিয়কে আসলেন তখন আমি মুখের উপরেই তাঁর প্রতিরোধ করলাম, কারণ তিনি দোষী হয়েছিলেন। 12ফলত ইয়াকুবের কাছ থেকে কয়েক জনের আসার আগে তিনি অ-ইহুদীদের সঙ্গে আহার করতেন, কিন্তু ওরা আসলে পর তিনি খৎনা-করানো লোকদের ভয়ে পিছিয়ে পড়তে ও নিজেকে পৃথক রাখতে লাগলেন। 13আর তাঁর সঙ্গে অন্য সকল ইহুদীও কপট ব্যবহার করলো; এমন কি, বার্নাবাসও তাঁদের কপটতার টানে আকর্ষিত হলেন। 14কিন্তু আমি যখন দেখলাম, তাঁরা ইঞ্জিলের সত্য অনুসারে সরল পথে চলেন না তখন আমি সকলের সাক্ষাতে কৈফাকে বললাম, আপনি নিজে ইহুদী হয়ে যদি ইহুদীদের মত নয়, কিন্তু অ-ইহুদীদের মত আচরণ করেন, তবে কেন অ-ইহুদীদেরকে ইহুদীদের মত আচরণ করতে বাধ্য করছেন?
15আমরা জাতিতে ইহুদী, আমরা অ-ইহুদী গুনাহ্গার নই; 16তবুও বুঝেছি, শরীয়ত অনুযায়ী কাজের জন্য নয়, কেবল ঈসা মসীহে ঈমান আনার মধ্য দিয়েই মানুষকে ধার্মিক বলে গ্রহণ করা হয়। সেজন্য আমরাও মসীহ্ ঈসাতে ঈমানদার হয়েছি, যেন শরীয়ত অনুযায়ী কাজের জন্য নয়, কিন্তু মসীহে ঈমান আনার জন্য ধার্মিক বলে গৃহিত হই; কারণ শরীয়ত অনুযায়ী কাজের জন্য কোন মানুষকে ধার্মিক বলে গ্রহণ করা হবে না। 17কিন্তু আমরা মসীহে ধার্মিক বলে গৃহীত হবার চেষ্টা করতে গিয়ে আমরা নিজেরাও যদি গুনাহ্গার বলে প্রতিপন্ন হয়ে থাকি তা হলে মসীহ্ কি গুনাহ্র পরিচারক? তা দূরে থাক। 18কারণ আমি যা ভেঙ্গে ফেলেছি তা-ই যদি পুনর্বার গাঁথি তবে নিজেকেই অপরাধী বলে দাঁড় করাই। 19আমি তো শরীয়তের দ্বারা শরীয়তের উদ্দেশে মরেছি, যেন আল্লাহ্র উদ্দেশে জীবিত থাকতে পারি। 20মসীহের সঙ্গে আমি ক্রুশ বিদ্ধ হয়েছি, আমি আর জীবিত নই, কিন্তু মসীহ্ই আমার মধ্যে জীবিত আছেন; আর এখন এই দেহে আমার যে জীবন আছে তা আমি ইব্নুল্লার উপর ঈমানের মাধ্যমেই যাপন করছি; তিনিই আমাকে মহব্বত করলেন এবং আমার জন্য নিজেকে দান করলেন। 21আমি আল্লাহ্র রহমত বিফল করি না; কারণ শরীয়ত পালন করার মধ্য দিয়ে যদি ধার্মিক বলে গ্রহণ করা হয়, তা হলে মসীহ্ অকারণে মৃত্যুবরণ করলেন।
S'ha seleccionat:
গালাতীয় 2: BACIB
Subratllat
Comparteix
Compara
Copia
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013