হিজরত 17

17
শৈল থেকে বের হওয়া পানি
1পরে বনি-ইসরাইলদের সমস্ত দল সীন মরুভূমি থেকে যাত্রা করে মাবুদের হুকুম অনুসারে নির্ধারিত সমস্ত উত্তরণস্থান দিয়ে রফীদীমে গিয়ে শিবির স্থাপন করলো। সেই স্থানে লোকদের পান করার পানি ছিল না। 2এজন্য লোকেরা মূসার সঙ্গে ঝগড়া করে বললো, আমাদেরকে পানি দাও, আমরা পান করবো। মূসা তাদেরকে বললেন, কেন আমার সঙ্গে ঝগড়া করছো? কেন মাবুদকে পরীক্ষা করছো? 3তখন লোকেরা সেই স্থানে পানির পিপাসায় ব্যাকুল হল, আর মূসার বিরুদ্ধে অভিযোগ করে বললো, তুমি আমাদের এবং আমাদের সন্তানদের ও পশুগুলোকে তৃষ্ণা দ্বারা মেরে ফেলতে মিসর থেকে কেন আনলে? 4আর মূসা মাবুদের কাছে কান্নাকাটি করে বললেন, আমি এই লোকদের জন্য কি করবো? যে কোনো সময় এরা আমাকে পাথর মেরে হত্যা করবে। 5তখন মাবুদ মূসাকে বললেন, তুমি লোকদের আগে যাও, ইসরাইলের কয়েক-জন প্রাচীনকে সঙ্গে নিয়ে, আর যা দিয়ে নদীতে আঘাত করেছিলে সেই লাঠি হাতে নিয়ে যাও। 6দেখ, আমি হোরেবে সেই শৈলের উপরে তোমার সম্মুখে দাঁড়াবো; তুমি শৈলে আঘাত করবে, তাতে তা থেকে পানি বের হবে, আর লোকেরা পান করবে। তখন মূসা ইসরাইলের প্রাচীনদের সম্মুখে তা-ই করলেন। 7তিনি সেই স্থানের নাম মঃসা ও মরীবা (পরীক্ষা ও ঝগড়া) রাখলেন, কেননা বনি-ইসরাইল ঝগড়া করেছিল এবং মাবুদকে পরীক্ষা করেছিল, বলেছিল, “মাবুদ আমাদের মধ্যে আছেন কি না?”
আমালেকের সঙ্গে যুদ্ধ
8ঐ সময়ে আমালেক এসে রফীদীমে ইসরাইলের সঙ্গে যুদ্ধ করতে লাগল। 9তাতে মূসা ইউসাকে বললেন, তুমি আমাদের জন্য লোক মনোনীত করে নাও, যাও, আমালেকের সঙ্গে যুদ্ধ কর; আগামীকাল আমি আল্লাহ্‌র লাঠি হাতে নিয়ে পর্বতের চূড়ায় দাঁড়াবো। 10পরে ইউসা মূসার হুকুম অনুসারে কাজ করলেন, আমালেকের সঙ্গে যুদ্ধ করলেন; আর মূসা, হারুন ও হূর পর্বতের চূড়ায় উঠলেন। 11তখন এরকম হল, মূসা যখন নিজের হাত তুলে ধরেন, তখন ইসরাইল জয়ী হয় কিন্তু মূসা নিজের হাত নামালে আমালেক জয়ী হয়। 12আর মূসার হাত ভারী হতে লাগল, তখন তাঁরা একখানি পাথর এনে তাঁর নিচে রাখলেন, আর তিনি তার উপরে বসলেন এবং হারুন ও হূর এক জন এক দিকে ও অন্যজন অন্য দিকে তাঁর হাত ধরে রাখলেন। তাতে সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তাঁর হাত স্থির থাকলো। 13আর ইউসা আমালেককে ও তার লোকদেরকে তলোয়ার দ্বারা পরাজিত করলেন।
14পরে মাবুদ মূসাকে বললেন, এই কথা স্মরণে রাখার জন্য কিতাবে লেখ এবং ইউসার কর্ণগোচরে আন; কেননা আমি আসমানের নিচে থেকে আমালেকের নাম নিঃশেষে মুছে ফেলবো। 15পরে মূসা একটি কোরবানগাহ্‌ তৈরি করে তার নাম ইয়াহ্‌-ওয়েহ্‌-নিঃষি (মাবুদ আমার নিশান) রাখলেন। 16আর তিনি বললেন, মাবুদের সিংহাসনের উপরে হাত উত্তোলিত হয়েছে; পুরুষানুক্রমে আমালেকের সঙ্গে মাবুদের যুদ্ধ হবে।

S'ha seleccionat:

হিজরত 17: BACIB

Subratllat

Comparteix

Compara

Copia

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió