আমোজ 4
4
ইসরাইলের প্রতি দ্বিতীয় অনুযোগ
1হে সামেরিয়ার পাহাড়ের উপরিস্থ বাশনের গাভীগুলো, এই কালাম শোন; তোমরা দীনহীন লোকদের প্রতি জুলুম করছো, দরিদ্রদেরকে চূর্ণ করছো এবং নিজেদের মালিকদের বলছো কিছু আন, আমরা পান করি। 2সার্বভৌম মাবুদ তাঁর পবিত্রতার শপথ করে বলেছেন, দেখ, তোমাদের উপরে এমন সময় আসছে, যে সময়ে লোকে তোমাদেরকে আঁকড়া ও তোমাদের শেষাংশকে জেলের বড়শি দিয়ে টেনে নিয়ে যাবে। 3আর তোমরা প্রত্যেকে নিজ নিজ সম্মুখস্থ ভগ্নস্থান দিয়ে বের হবে এবং হর্মোণে নিক্ষিপ্ত হবে, মাবুদ এই কথা বলেন।
4তোমরা বেথেলে গিয়ে অধর্ম কর, গিল্গলে গিয়ে অধর্মের বৃদ্ধি কর এবং প্রতি প্রভাতে নিজ নিজ কোরবানী ও প্রতি তিন দিনের দিন নিজ নিজ দশ ভাগের এক ভাগ উৎসর্গ কর। 5আর শুকরিয়ার উদ্দেশে খামিযুক্ত দ্রব্য কোরবানী কর এবং স্বেচ্ছাদত্ত উপহারের বিষয় ঘোষণা কর ও প্রচার কর; কেননা, হে বনি-ইসরাইল, তোমরা এই রকম করতেই ভালবাস, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
ইসরাইল শাসন অগ্রাহ্য করলো
6আর আমিও তোমাদের সমস্ত নগরে দন্তাবলির পরিচ্ছন্নতা ও তোমাদের সমস্ত বাসস্থানে খাদ্যাভাব তোমাদেরকে দিলাম; তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না, মাবুদ এই কথা বলেন। 7আর শস্য পাকবার তিন মাস আগে আমিও তোমাদের থেকে বৃষ্টি নিবারণ করলাম; এক নগরে বৃষ্টি ও অন্য নগরে অনাবৃষ্টি দিলাম; একটি ক্ষেত পানিতে সিক্ত হল, অন্য ক্ষেতটি পানির অভাবে শুকিয়ে গেল। 8তাই পানি পান করার জন্য দুই তিন নগরের লোক টলতে টলতে অন্য এক নগরে যেত, কিন্তু তৃপ্ত হত না;
তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না,
মাবুদ এই কথা বলেন।
9আমি শস্যের শোষ ও ম্লানি রোগ দ্বারা তোমাদের আঘাত করলাম; শূককীট তোমাদের বহুসংখ্যক বাগান, তোমাদের আঙ্গুরক্ষেত, তোমাদের ডুমুর গাছ ও জলপাই গাছ খেয়ে ফেললো;
তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না,
মাবুদ এই কথা বলেন।
10আমি তোমাদের মধ্যে মিসর দেশের মহামারীর মত মহামারী পাঠালাম; তলোয়ার দ্বারা তোমাদের যুবকদের হত্যা করলাম ও তোমাদের ঘোড়াগুলোকে নিয়ে গেলাম; আর তোমাদের শিবিরের দুর্গন্ধ তোমাদের নাসিকাতে প্রবেশ করালাম;
তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না,
মাবুদ এই কথা বলেন।
11আমি তোমাদের কতগুলো স্থান উৎপাটন করলাম, যেমন আল্লাহ্ সাদুম ও আমুরা উৎপাটন করেছিলেন, তাতে তোমরা আগুন থেকে তুলে নেওয়া জ্বলন্ত কাঠের মত হলে;
তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না,
মাবুদ এই কথা বলেন।
12হে ইসরাইল, এজন্য আমি তোমার প্রতি এরকম ব্যবহার করবো; আর এই কারণে, হে ইসরাইল, তুমি তোমার আল্লাহ্র সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত হও। 13কেননা দেখ, তিনি পর্বতমালার নির্মাতা ও বায়ুর সৃষ্টিকর্তা; তিনি মানুষের কাছে তাঁর চিন্তা প্রকাশ করেন; তিনি আলোকে অন্ধকার করেন ও দুনিয়ার উচ্চস্থলীগুলোর উপর দিয়ে চলাচল করেন; বাহিনীগণের আল্লাহ্ মাবুদ, এই তাঁর নাম।
S'ha seleccionat:
আমোজ 4: BACIB
Subratllat
Comparteix
Compara
Copia
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013