২ ইউহোন্না 1
1
জনৈক ঈসায়ী মহিলার প্রতি পত্র
1এই প্রাচীন— মনোনীতা মহিলা ও তাঁর সন্তানদের সমীপে; যাঁদেরকে আমি সত্যে মহব্বত করি। কেবল আমি নই, বরং যত লোক সত্য জানে, সকলেই মহব্বত করে; 2সেই সত্যের দরুন, যে সত্য আমাদের মধ্যে বাস করছে এবং অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে। 3পিতা আল্লাহ্ থেকে এবং সেই পিতার পুত্র ঈসা মসীহ্ থেকে সত্যে ও মহব্বতে রহমত, করুণা ও শান্তি আমাদের সঙ্গে থাকবে।
সত্য ও মহব্বত
4আমরা পিতার কাছ থেকে যে হুকুম পেয়েছি, তোমার সন্তানদের মধ্যে কেউ কেউ তেমনি সত্যের পথে চলছে দেখতে পেয়ে আমি অতিশয় আনন্দিত হয়েছি। 5আর এখন, প্রিয় বোন, আমি তোমাকে নতুন হুকুম লিখবার মত নয়, কিন্তু আদি থেকে আমরা যে হুকুম পেয়েছি, সেই অনুসারে তোমাকে এই ফরিয়াদ করছি, যেন আমরা একে অন্যকে মহব্বত করি। 6আর মহব্বত এই— আমরা যেন তাঁর হুকুম অনুসারে চলি; এই হুকুমটি তোমরা আদি থেকে শুনেছ, যেন তোমরা সেই পথে চল।
7কারণ অনেক ছলনাকারী লোক দুনিয়াতে বের হয়েছে; ঈসা মসীহ্ মানব দেহে আগমন করেছেন, এই কথা তারা স্বীকার করে না; এরাই তো সেই ছলনাকারী ও দজ্জাল। 8নিজেদের বিষয়ে সাবধান হও; আমরা যা সাধন করেছি, তা যেন তোমরা না হারাও, কিন্তু যেন সমপূর্ণ পুরস্কার পাও। 9যে কেউ মসীহের শিক্ষাতে না থাকে কিন্তু তার সীমা ছাড়িয়ে যায়, সে আল্লাহ্কে পায় নি; সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কে পেয়েছে। 10যদি কেউ সেই শিক্ষা না নিয়ে তোমাদের কাছে আসে, তবে তাকে বাড়িতে গ্রহণ করো না এবং তাকে ‘মঙ্গল হোক’ বলো না। 11কেননা যে তাকে ‘মঙ্গল হোক’ বলে, সে তার দুষ্কর্মের সহভাগী হয়।
12তোমাদেরকে লিখবার অনেক কথা ছিল; কাগজ ও কালি ব্যবহার করতে আমার ইচ্ছা হল না। কিন্তু প্রত্যাশা করি যে, আমি তোমাদের কাছে গিয়ে সম্মুখাসম্মুখি হয়ে কথাবার্তা বলবো, যেন আমাদের আনন্দ সমপূর্ণ হয়। 13তোমার মনোনীতা বোনের সন্তানেরা তোমাকে সালাম জানাচ্ছে।
S'ha seleccionat:
২ ইউহোন্না 1: BACIB
Subratllat
Copia
Compara
Comparteix
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013