যোনা 1
1
যোনার অবাধ্যতা
1-2সদাপ্রভুর এই বাক্য অমিত্তয়ের ছেলে যোনার কাছে প্রকাশিত হল, “তুমি সেই বড় শহর নীনবীতে গিয়ে তার বিরুদ্ধে প্রচার কর, কারণ তার লোকদের মন্দতা আমি দেখতে পেয়েছি।”
3কিন্তু যোনা সদাপ্রভুর কাছ থেকে তর্শীশে পালিয়ে যাবার জন্য রওনা হলেন। তিনি যাফো বন্দরে গিয়ে তর্শীশে যাবার একটা জাহাজ পেলেন। ভাড়া দেবার পর তিনি সেই জাহাজে উঠলেন এবং সদাপ্রভুর কাছ থেকে পালিয়ে যাবার জন্য তর্শীশের দিকে যাত্রা করলেন। 4তখন সদাপ্রভু সমুদ্রে একটা জোর বাতাস পাঠিয়ে দিলেন। তাতে এমন ভয়ংকর একটা ঝড় উঠল যে, জাহাজখানা ভেংগে যাবার মত হল। 5এতে নাবিকেরা সবাই ভয় পেয়ে প্রত্যেকে নিজের নিজের দেবতার কাছে কান্নাকাটি করতে লাগল। জাহাজের ভার কমাবার জন্য তারা মালপত্র সমুদ্রে ফেলে দিল। কিন্তু এর আগেই যোনা জাহাজের খোলে নেমে গিয়ে শুয়ে পড়েছিলেন এবং তাঁর ঘুম গাঢ় হয়েছিল। 6তখন জাহাজের ক্যাপ্টেন যোনার কাছে গিয়ে বললেন, “তুমি কেমন করে ঘুমাচ্ছ? উঠে তোমার দেবতাকে ডাক। তিনি হয়তো আমাদের দিকে মনোযোগ দেবেন আর তাতে আমরা ধ্বংস হব না।”
7পরে নাবিকেরা একে অন্যকে বলল, “কে এই বিপদের জন্য দায়ী তা দেখবার জন্য এস, আমরা গুলিবাঁট করে দেখি।” তারা গুলিবাঁট করলে পর যোনার নাম উঠল।
8তখন তারা তাঁকে জিজ্ঞাসা করল, “তুমি আমাদের বল, এই যে বিপদ আমাদের উপর এসেছে তার জন্য কে দায়ী? তুমি কি কাজ কর? তুমি কোথা থেকে এসেছ? তুমি কোন্ দেশের লোক? তুমি কোন্ জাতির লোক?”
9উত্তরে যোনা বললেন, “আমি একজন ইব্রীয়। আমি স্বর্গের ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করি। তিনিই সাগর ও ভূমি তৈরী করেছেন।”
10তিনি যে সদাপ্রভুর কাছ থেকে পালিয়ে যাচ্ছেন তা তারা জানতে পারল, কারণ তিনি সেই কথা তাদের বললেন। এতে তারা ভীষণ ভয় পেয়ে জিজ্ঞাসা করল, “তুমি এ কি করেছ?”
11সাগর অশান্ত থেকে আরও অশান্ত হয়ে উঠছিল বলে তারা তাঁকে জিজ্ঞাসা করল, “সমুদ্র যাতে আমাদের জন্য শান্ত হয় সেইজন্য আমরা তোমাকে নিয়ে কি করব?”
12উত্তরে যোনা বললেন, “আমাকে তুলে সমুদ্রে ফেলে দিন, তাতে সমুদ্র শান্ত হবে। আমি জানি, আমার দোষেই এই ভীষণ ঝড় আপনাদের উপরে এসেছে।”
13তবুও সেই নাবিকেরা তা না করে ডাংগার দিকে ফিরে যাবার জন্য সমস্ত শক্তি দিয়ে দাঁড় বাইতে লাগল; কিন্তু তারা পারল না, কারণ সমুদ্র আগের চেয়ে আরও ভয়ংকর হয়ে উঠল। 14তখন তারা সদাপ্রভুকে ডেকে বলল, “হে সদাপ্রভু, এই লোকের মৃত্যুর জন্য আমাদের যেন মরতে না হয়। একজন নির্দোষ লোকের মৃত্যুর জন্য তুমি আমাদের দায়ী কোরো না, কারণ হে সদাপ্রভু, তুমি তো তোমার ইচ্ছামত কাজ করেছ।”
15এর পর তারা যোনাকে ধরে সমুদ্রে ফেলে দিল, তাতে তোলপাড় করা সেই সাগর শান্ত হয়ে গেল। 16এতে সেই লোকেরা সদাপ্রভুকে ভীষণ ভয় করতে লাগল। তারা সদাপ্রভুর উদ্দেশে পশু উৎসর্গ করল এবং তাঁর কাছে কতগুলো মানত করল।
17এদিকে যোনাকে গিলে ফেলবার জন্য সদাপ্রভু একটা বড় মাছ ঠিক করে রেখেছিলেন। যোনা সেই মাছের পেটে তিন দিন তিন রাত রইলেন।
Цяпер абрана:
যোনা 1: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000