হোশেয় 4
4
ইস্রায়েলের বিরুদ্ধে নালিশ
1হে ইস্রায়েলীয়েরা, তোমরা সদাপ্রভুর বাক্য শোন, কারণ যারা দেশে বাস করে তাদের বিরুদ্ধে সদাপ্রভুর একটা নালিশ আছে। তা হল, দেশে বিশ্বস্ততা ও অটল ভালবাসা নেই এবং ঈশ্বরকে কেউ সত্যিকারভাবে জানে না; 2আছে কেবল শপথ ভাংগা, মিথ্যা কথা বলা, খুন করা, চুরি করা ও ব্যভিচার করা। তারা আইন অমান্য করে এবং রক্তপাতের উপরে রক্তপাত করে। 3এইজন্য দেশ শোক করছে এবং যারা তার মধ্যে বাস করে তারা শেষ হয়ে যাচ্ছে এবং পশু, পাখী ও মাছ মরে যাচ্ছে।
4সদাপ্রভু বলছেন, “কেউ কারও বিরুদ্ধে নালিশ না করুক, কেউ কাউকে দোষী না করুক, কারণ তোমরা সেই লোকদের মত হয়েছ যারা পুরোহিতদের বিরুদ্ধে নালিশ করে। 5পুরোহিতেরা, তোমরা দিনে ও রাতে উছোট খাচ্ছ এবং তোমাদের সংগে উছোট খাচ্ছে নবীরা। কাজেই আমি তোমাদের মা ইস্রায়েলকে ধ্বংস করে দেব। 6ঈশ্বর সম্বন্ধে জ্ঞানের অভাবে আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা সেই জ্ঞানকে অগ্রাহ্য করেছ বলে আমিও আমার পুরোহিত হিসাবে তোমাদের অগ্রাহ্য করলাম। তোমরা তোমাদের ঈশ্বরের আইন-কানুন ভুলে গেছ, তাই আমিও তোমাদের ছেলেমেয়েদের ভুলে যাব।
7“পুরোহিতেরা সংখ্যায় যত বাড়ছে ততই তারা আমার বিরুদ্ধে পাপ করছে, সেইজন্য আমি সম্মানের বদলে তাদের অসম্মানিত করব। 8আমার লোকদের পাপের দরুন তারা লাভবান হয় বলে তারা আমার লোকদের পাপ করতে উৎসাহ দেয়। 9যেমন লোকদের তেমনি পুরোহিতদেরও শাস্তি দেওয়া হবে; তাদের আচার-ব্যবহারের জন্য তাদের সকলকেই আমি শাস্তি দেব এবং তাদের কাজ অনুসারে ফল দেব। 10তারা খাবে কিন্তু তৃপ্ত হবে না; তারা ব্যভিচার করবে কিন্তু সংখ্যায় বাড়বে না, কারণ তারা প্রতিমাপূজার জন্য সদাপ্রভুকে ত্যাগ করেছে।
11“ব্যভিচার এবং নতুন ও পুরানো আংগুর-রস আমার লোকদের বুদ্ধি নষ্ট করছে। 12তারা কাঠের প্রতিমার কাছে পরামর্শ চায় আর কাঠের লাঠি তাদের নির্দেশ দেয়, কারণ ব্যভিচারের মন তাদের বিপথে নিয়ে গেছে; তারা তাদের ঈশ্বরের কাছে অবিশ্বস্ত হয়েছে। 13পাহাড়ের চূড়ায় চূড়ায় তারা পশু উৎসর্গ করে এবং পাহাড়ের উপরে অলোন, লিব্নী ও এলা গাছের নীচে যেখানে ছায়া আরাম দেয় সেখানে তারা ধূপ জ্বালায়। সেইজন্য তোমাদের মেয়েরা বেশ্যা হয় এবং ছেলের বউরা ব্যভিচার করে। 14তোমাদের মেয়েরা বেশ্যা হলে আর ছেলের বৌউরা ব্যভিচার করলে আমি শাস্তি দেব না, কারণ পুরুষেরা নিজেরাই বেশ্যাদের কাছে যায় এবং মন্দির-বেশ্যাদের সংগে পশু উৎসর্গ করে। এই বুদ্ধিহীন জাতি ধ্বংস হয়ে যাবে।
15“হে ইস্রায়েল, তুমি যদিও ব্যভিচার করছ তবুও যিহূদা যেন একই দোষে দোষী না হয়। তোমরা গিল্গলে যেয়ো না; বৈৎ-আবনে যেয়ো না; ‘জীবন্ত সদাপ্রভুর দিব্য’ বলে শপথ কোরো না। 16ইস্রায়েলীয়েরা একগুঁয়ে গাভীর মত। কাজেই মাঠে ভেড়ার বাচ্চাদের মত সদাপ্রভু কি করে তাদের চরাবেন? 17ইফ্রয়িম প্রতিমাদের সংগে যোগ দিয়েছে; তাকে তা-ই করতে দাও। 18যখন তাদের মদ খাওয়া শেষ হয়ে যায় তখন তারা ব্যভিচার চালাতে থাকে; তাদের শাসনকর্তারা লজ্জাপূর্ণ আচার-ব্যবহার খুব ভালবাসে। 19শাস্তি বাতাসের মত করে যেন তাদের উড়িয়ে নিয়ে যাবে; তাদের উৎসর্গের অনুষ্ঠানগুলোর জন্য তারা লজ্জা পাবে।”
Цяпер абрана:
হোশেয় 4: SBCL
Пазнака
Падзяліцца
Параўнаць
Капіяваць
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000