যিহিষ্কেল 39

39
1“হে মানুষের সন্তান, গোগের বিরুদ্ধে তুমি এই ভবিষ্যদ্বাণী বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘হে মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা গোগ, আমি তোমার বিপক্ষে। 2আমি তোমাকে পিছন ঘুরিয়ে টেনে নিয়ে যাব। আমি তোমাকে উত্তর দিকের শেষ সীমা থেকে নিয়ে এসে ইস্রায়েলের পাহাড়-পর্বতের বিরুদ্ধে পাঠাব। 3তারপর আমি আঘাত করে তোমার বাঁ হাত থেকে তোমার ধনুক ও ডান হাত থেকে তোমার তীরগুলো ফেলে দেব। 4ইস্রায়েলের পাহাড়-পর্বতের উপরে তুমি, তোমার সব সৈন্যেরা ও তোমার সংগের জাতিরা পড়ে থাকবে। আমি তোমাকে শকুন ও বুনো পশুদের খাবার হিসাবে দেব। 5তুমি খোলা মাঠে পড়ে থাকবে, কারণ আমি প্রভু সদাপ্রভু এই কথা বলেছি। 6আমি মাগোগের উপরে এবং যারা দূরের দেশগুলোতে নিরাপদে বাস করছে তাদের উপরে আগুন পাঠাব; তাতে তারা জানবে যে, আমিই সদাপ্রভু।
7“‘আমার লোক ইস্রায়েলীয়দের মধ্যে আমি আমার পবিত্রতা প্রকাশ করব। আমার নাম আমি আর অপবিত্র হতে দেব না; তাতে জাতিরা জানবে যে, আমিই সদাপ্রভু, ইস্রায়েলের মধ্যে সেই পবিত্রজন। 8এটা আসছে, এটা হবেই হবে। এই দিনের কথাই আমি প্রভু সদাপ্রভু বলেছি।
9“‘তখন যারা ইস্রায়েলের শহরে বাস করছে তারা বাইরে গিয়ে জ্বালানি কাঠ হিসাবে অস্ত্রশস্ত্র পোড়াবে। তারা ছোট ও বড় ঢাল, তীর ও ধনুক এবং যুদ্ধের গদা ও বর্শা সাত বছর ধরে কাঠের বদলে পোড়াবে। 10মাঠ থেকে কিম্বা বন-জংগল থেকে তাদের আর জ্বালানি কাঠ জোগাড় করতে হবে না, কারণ কাঠের বদলে তারা অস্ত্রশস্ত্রগুলোই পোড়াবে। তারা তাদের লুটকারীদের জিনিসপত্র লুট করবে; তাদের জিনিসপত্র যারা কেড়ে নিয়েছে তাদের জিনিসপত্র তারা কেড়ে নেবে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
11“‘সেই দিন আমি গোগকে ইস্রায়েলের মধ্যে একটা কবরস্থান দেব। সেটা হবে সাগরের পূর্ব দিকে যাত্রীদের উপত্যকার মধ্যে। যারা যাওয়া-আসা করে তাদের পথ এটা বন্ধ করে দেবে, কারণ গোগ ও তার সব দলবলকে সেখানে কবর দেওয়া হবে। সেইজন্য এটাকে বলা হবে গোগের দলবলের উপত্যকা। 12ইস্রায়েলীয়েরা সাত মাস ধরে তাদের কবর দিয়ে দেশটা শুচি করবে। 13দেশের সব লোক তাদের কবর দেবে। এইভাবে আমার মহিমা প্রকাশ করবার দিনে তাদের সুনাম ছড়িয়ে পড়বে। 14সেই সাত মাসের শেষে দেশটা শুচি করবার জন্য লোকদের নিযুক্ত করা হবে। তারা দেশময় ঘুরে বেড়িয়ে মাটিতে পড়ে থাকা হাড়গোড়ের খোঁজ করবে এবং সেগুলো কবর দেবে। 15দেশের মধ্যে ঘোরাফেরার সময় তাদের কেউ যদি মানুষের একটা হাড় দেখে তবে যে পর্যন্ত না কবর খুঁড়বার লোকেরা সেটাকে গোগের দলবলের উপত্যকায় কবর দেয় সেই পর্যন্ত তারা সেই হাড় দেখাবার জন্য একটা চিহ্ন খাড়া করে রাখবে। 16এইভাবে তারা দেশটা শুচি করবে। সেই উপত্যকায় একটা শহরের নাম হবে হামোনা (যার মানে দলবল)।’
17“হে মানুষের সন্তান, আমি প্রভু সদাপ্রভু বলছি, তুমি সব রকম পাখী ও সব বুনো পশুদের ডাক দিয়ে বল, ‘তোমরা জড়ো হও এবং আমি তোমাদের জন্য ইস্রায়েলের পাহাড়-পর্বতের উপরে যে বিরাট বলির ব্যবস্থা করছি তার জন্য চারদিক থেকে একত্র হও। সেখানে তোমরা মাংস ও রক্ত খাবে। 18তোমরা শক্তিশালী লোকদের মাংস খাবে এবং পৃথিবীর শাসনকর্তাদের রক্ত খাবে; এই লোকেরা যেন বাশন দেশের মোটাসোটা পুরুষ ভেড়া, বাচ্চা-ভেড়া, পাঁঠা ও ষাঁড়। 19যে বলির ব্যবস্থা আমি তোমাদের জন্য করব তাতে তোমরা পেট না ভরা পর্যন্ত চর্বি খাবে এবং মাতাল না হওয়া পর্যন্ত রক্ত খাবে। 20আমার টেবিলে তোমরা পেট ভরে ঘোড়া, রথচালক, শক্তিশালী লোক ও সব রকমের সৈন্যদের মাংস খাবে।’
21“আমি জাতিদের মধ্যে আমার মহিমা প্রকাশ করব এবং আমার শক্তিশালী হাত দিয়ে তাদের যে শাস্তি দেব তা সমস্ত জাতিই দেখবে। 22সেই দিন থেকে ইস্রায়েলীয়েরা জানবে যে, আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু। 23আর জাতিরা জানবে যে, ইস্রায়েলীয়েরা তাদের পাপের জন্য বন্দীদশায় গিয়েছিল, কারণ তারা আমার প্র্রতি অবিশ্বস্ত হয়েছিল। সেইজন্য আমার মুখ আমি তাদের কাছ থেকে ফিরিয়ে রেখেছিলাম এবং শত্রুদের হাতে তাদের তুলে দিয়েছিলাম; তারা সবাই যুদ্ধে মারা পড়েছিল। 24তাদের অশুচিতা ও পাপ অনুসারে আমি তাদের সংগে ব্যবহার করেছিলাম এবং তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে রেখেছিলাম।”
25প্রভু সদাপ্রভু আরও বললেন, “আমি এখন যাকোবকে বন্দীদশা থেকে ফিরিয়ে আনব ও ইস্রায়েলের সব লোকদের মমতা করব এবং আমার নামের পবিত্রতার জন্য আগ্রহী হব। 26যখন তারা তাদের দেশে নিরাপদে বাস করবে এবং কেউ তাদের ভয় দেখাবে না তখন আমার প্রতি অবিশ্বস্ততার দরুন তাদের লজ্জার কথা তারা ভুলে যাবে। 27জাতিদের মধ্য থেকে আমি যখন তাদের ফিরিয়ে আনব এবং শত্রুদের দেশ থেকে তাদের জড়ো করব তখন অনেক জাতির চোখের সামনে আমি তাদের মধ্য দিয়ে আমার পবিত্রতা প্রকাশ করব। 28তখন তারা জানবে যে, আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু, কারণ নানা জাতির মধ্যে তাদের বন্দীদশায় পাঠালেও আমি তাদের নিজেদের দেশে ফিরিয়ে আনব, কাউকে ফেলে রাখব না। 29তাদের কাছ থেকে আমি আমার মুখ আর ফিরিয়ে রাখব না, কারণ ইস্রায়েলীয়দের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।”

Цяпер абрана:

যিহিষ্কেল 39: SBCL

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце