যিহিষ্কেল 28
28
সোরের রাজার সম্বন্ধে সদাপ্রভুর কথা
1পরে সদাপ্রভু আমাকে বললেন, 2“হে মানুষের সন্তান, তুমি সোরের শাসনকর্তাকে বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘তোমার অন্তরের অহংকারে তুমি বলেছ যে, তুমি দেবতা; তুমি সাগরের মধ্যে দেবতার সিংহাসনে বসে আছ। কিন্তু তুমি তো একজন মানুষ, দেবতা নও, যদিও তুমি নিজেকে দেবতার মত জ্ঞানী মনে করছ। 3তুমি তো দানিয়েলের চেয়েও জ্ঞানী; সব গুপ্ত বিষয় তোমার জানা আছে। 4তোমার জ্ঞান ও বুদ্ধি দিয়ে তুমি নিজের জন্য ধন-সম্পদ লাভ করেছ এবং তোমার ধনভাণ্ডারে সোনা ও রূপা জমা করেছ। 5পাকা ব্যবসায়ী বুদ্ধি দিয়ে তুমি তোমার ধন বাড়িয়েছ এবং তোমার ধন-সম্পদের জন্য তোমার অন্তর অহংকারে ভরে উঠেছে।
6-7“‘তুমি নিজেকে দেবতার সমান জ্ঞানী মনে করেছ বলে আমি জাতিদের মধ্য থেকে সবচেয়ে নিষ্ঠুর জাতির লোকদের তোমার বিরুদ্ধে আনব। তোমার দক্ষতা দিয়ে তুমি যে সব সুন্দর সুন্দর জিনিস লাভ করেছ তা তারা যুদ্ধের মধ্য দিয়ে নষ্ট করে ফেলবে এবং তোমার জাঁকজমক ধ্বংস করে দেবে। 8তারা তোমাকে মৃতস্থানে নামাবে; তুমি সাগরের গভীরে ভীষণভাবে শেষ হয়ে যাবে। 9যারা তোমাকে শেষ করে দেবে তাদের সামনে তখন কি তুমি বলবে যে, তুমি দেবতা? যারা তোমাকে মেরে ফেলবে তাদের কাছে তুমি হবে একজন মানুষ মাত্র, দেবতা নও। 10তুমি বিদেশীদের হাতে সুন্নত-না-করানো লোকদের মত মারা যাবে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।’”
11সদাপ্রভু আমাকে আরও বললেন, 12“হে মানুষের সন্তান, সোরের রাজার বিষয়ে তুমি বিলাপ করে করে তাকে বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘তুমি ছিলে সম্পূর্ণ নিখুঁত, জ্ঞানে পূর্ণ এবং সৌন্দর্যে পরিপূর্ণ। 13তুমি ঈশ্বরের বাগান এদনে ছিলে। সব রকম দামী দামী পাথর, সার্দীয়মণি, পীতমণি, হীরা, পোখরাজ, বৈদুর্যমণি, সূর্যকান্তমণি, নীলকান্তমণি, চুনী, পান্না ও সোনা দিয়ে তুমি সাজানো ছিলে; তোমার সৃষ্টির দিনে এগুলোকে প্রস্তুত করা হয়েছিল। 14রক্ষাকারী করূব হিসাবে তোমাকে অভিষেক করা হয়েছিল, কারণ সেইভাবেই আমি তোমাকে নিযুক্ত করেছিলাম। তুমি ঈশ্বরের পবিত্র পাহাড়ে ছিলে; তুমি আগুনের মত ঝক্মক করা পাথরের মধ্য দিয়ে হাঁটা-চলা করতে। 15তোমার সৃষ্টির দিন থেকে তোমার চালচলনে তুমি নির্দোষ ছিলে, কিন্তু শেষে তোমার মধ্যে দুষ্টতা পাওয়া গেল। 16তোমার অনেক ব্যবসার দরুন তুমি অত্যাচারী হয়ে পাপ করলে। কাজেই ঈশ্বরের পাহাড় থেকে আমি তোমাকে অপবিত্র অবস্থায় তাড়িয়ে দিলাম। হে রক্ষাকারী করূব, আমি তোমাকে আগুনের মত ঝক্মক করা পাথরের মধ্য থেকে সরিয়ে দিলাম। 17তোমার সৌন্দর্যের জন্য তোমার অন্তর অহংকারে ভরে উঠেছে আর তোমার জাঁকজমকের জন্য তুমি তোমার জ্ঞানকে নষ্ট করেছ। তাই আমি তোমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলাম; রাজাদের সামনে আমি তোমাকে রাখলাম যাতে তোমাকে দেখে তারা খুশী হয়। 18তোমার অনেক পাপ ও অসৎ ব্যবসা দিয়ে তুমি নিজের উপাসনার জায়গাগুলো অপবিত্র করেছ। এইজন্য আমি তোমার মধ্যে আগুন লাগিয়ে দিলাম আর তা তোমাকে পুড়িয়ে ফেলল; যারা দেখছিল তাদের সকলের চোখের সামনে আমি তোমাকে মাটির উপরে ছাই করে দিলাম। 19যে সমস্ত জাতি তোমাকে জানত তারা তোমাকে দেখে হতভম্ব হয়ে গেল। তুমি ভয়ংকরভাবে শেষ হয়ে গেছ; তুমি আর থাকবে না।’”
সীদোনের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
20পরে সদাপ্রভু আমাকে বললেন, 21“হে মানুষের সন্তান, তুমি সীদোনের দিকে তোমার মুখ রেখে তার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল যে, 22প্রভু সদাপ্রভু বলছেন, ‘ওহে সীদোন, আমি তোমার বিপক্ষে; আমি তোমার মধ্যে যা করব তাতে আমার মহিমা প্রকাশ পাবে। আমি যখন তোমাকে শাস্তি দেব এবং তোমার মধ্যে আমার পবিত্রতা প্রকাশ করব তখন তোমার লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু। 23তোমার উপর আমি মড়ক পাঠাব এবং তোমার রাস্তায় রাস্তায় রক্তপাত হবে। তোমাকে চারদিক থেকে আক্রমণ করা হবে এবং তাতে লোকে খুন হয়ে তোমার মধ্যে পড়ে থাকবে। তখন তোমার লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু।’”
ইস্রায়েলের জন্য আশীর্বাদ
24প্রভু সদাপ্রভু আরও বললেন, “ইস্রায়েল জাতির জন্য ব্যথা দেওয়া কোন কাঁটাগাছ কিম্বা সূচালো কাঁটার মত ঠাট্টা-বিদ্রূপ কারী প্রতিবেশী জাতি আর থাকবে না। তখন তারা জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।
25“নানা জাতির মধ্যে ছড়িয়ে পড়া ইস্রায়েলীয়দের আমি যখন জড়ো করব তখন জাতিদের চোখের সামনে তাদের মধ্যে আমি নিজের পবিত্রতা প্রকাশ করব। তখন তারা নিজেদের সেই দেশে বাস করবে যে দেশ আমি আমার দাস যাকোবকে দিয়েছিলাম। 26সেখানে তারা ঘর-বাড়ী বানিয়ে নিরাপদে বাস করবে এবং আংগুর ক্ষেত করবে। তাদের ঠাট্টা-বিদ্রূপ কারী প্রতিবেশী জাতিদের সবাইকে যখন আমি শাস্তি দেব তখন তারা নিরাপদে বাস করবে। তাতে তারা জানবে যে, আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু।”
Цяпер абрана:
যিহিষ্কেল 28: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000