যিহিষ্কেল 26
26
সোরের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
1আমাদের বন্দী থাকবার এগারো বছরের সময় মাসের প্রথম দিনে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশিত হল, 2“হে মানুষের সন্তান, যিরূশালেম সম্বন্ধে সোর খুশী হয়ে বলেছে, ‘বেশ হয়েছে, জাতিগুলোর প্রধান ফটক ভেংগে গেছে আর তার দরজাগুলো আমার কাছে পুরোপুরি খুলে গেছে; শহরটা এখন ধ্বংস হয়ে পড়ে আছে বলে আমার উন্নতি হবে।’ 3সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি, ‘হে সোর, আমি তোমার বিপক্ষে। সমুদ্র যেমন তার ঢেউ উঠায় তেমনি করে আমি তোমার বিরুদ্ধে অনেক জাতিকে নিয়ে আসব।’ 4তারা সোরের দেয়াল ধ্বংস করবে এবং উঁচু পাহারা-ঘরগুলো ভেংগে ফেলবে। আমি তার ধুলা-ময়লা চেঁছে ফেলে তাকে পাথরের মত করে রেখে দেব। 5সে সমুদ্রের বুকে জাল শুকাবার জায়গা হবে, কারণ আমি প্রভু সদাপ্রভু এই কথা বলেছি। সে জাতিদের লুটের জিনিস হবে। 6তার অধীনের উপকূলের গ্রামগুলো যুদ্ধের দরুন ধ্বংস হবে। তখন সেখানকার লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু।
7“হে সোর, আমি তোমার বিরুদ্ধে উত্তর দিক থেকে ঘোড়া, রথ, ঘোড়সওয়ার ও মস্ত বড় এক সৈন্যদলের সংগে রাজাদের রাজা, অর্থাৎ বাবিলের রাজা নবূখদ্নিৎসরকে নিয়ে আসব। 8সে যুদ্ধ করে তোমার গ্রামগুলো ধ্বংস করবে। সে তোমার বিরুদ্ধে একটা উঁচু ঢিবি তৈরী করবে এবং তোমার দেয়ালের সংগে লাগানো একটা ঢালু ঢিবি বানাবে; তারা নিজেদের রক্ষা করবার জন্য তাদের সব ঢাল উঁচু করে ধরবে। 9সে দেয়াল ভাংগার যন্ত্র দিয়ে তোমার দেয়ালে আঘাত করবে এবং তার যন্ত্রপাতি দিয়ে তোমার উঁচু পাহারা ঘরগুলো ধ্বংস করে ফেলবে। 10তার এত বেশী ঘোড়া থাকবে যে, সেগুলো তোমাকে ধুলায় ঢেকে দেবে। ভাংগা দেয়ালের মধ্য দিয়ে লোকে যেমন করে শহরে ঢোকে তেমনি করেই সে যখন যুদ্ধের ঘোড়া, গাড়ি ও রথ নিয়ে তোমার সব ফটকের মধ্য দিয়ে ঢুকবে তখন তার শব্দে তোমার দেয়ালগুলো কাঁপবে। 11তার ঘোড়াগুলোর খুর তোমার সব রাস্তা মাড়াবে; তোমার লোকদের সে মেরে ফেলবে ও তোমার শক্ত শক্ত থামগুলো মাটিতে পড়ে যাবে। 12তারা তোমার ধন-সম্পদ ও তোমার বাণিজ্যের জিনিসপত্র লুট করবে; তারা তোমার দেয়াল ভেংগে ফেলবে, সুন্দর সুন্দর বাড়ী-ঘর ধ্বংস করবে এবং তোমার পাথর, কাঠ ও ধুলা সমুদ্রে ফেলে দেবে। 13আমি তোমার গানের শব্দ থামিয়ে দেব; বীণার বাজনাও আর শোনা যাবে না। 14আমি তোমাকে পাথরের মত করে রাখব আর তুমি হবে জাল শুকাবার জায়গা। তোমাকে আর তৈরী করা হবে না, কারণ আমি প্রভু সদাপ্রভুই এই কথা বলছি।
15“হে সোর, তোমার পতনের শব্দে, আহতদের কোঁকানিতে ও তোমার মধ্যে যে লোকদের মেরে ফেলা হবে তাতে কি দূরের দেশগুলো কেঁপে উঠবে না? 16তখন সমুদ্রের কিনারার দেশগুলোর রাজারা তাদের সিংহাসন থেকে নেমে তাদের রাজপোশাক ও কারুকাজ করা পোশাকগুলো খুলে ফেলবে। ভীষণ ভয়ে তারা মাটিতে বসবে, সব সময় কাঁপতে থাকবে ও তোমাকে দেখে হতভম্ব হবে। 17তখন তারা তোমার বিষয়ে বিলাপ করে বলবে, ‘হে নাম-করা শহর, তুমি কেমন ধ্বংস হয়ে গেলে! তোমার লোকেরা তো সাগরে চলাচল করত। সমুদ্রে তুমি ও তোমার বাসিন্দারা শক্তিশালী ছিলে; সমুদ্রের কিনারায় যারা বাস করত তারা সকলে তোমাকে ভয় করত। 18এখন তোমার পতনের দিনে সমুদ্রের কিনারার দেশগুলো কাঁপছে; তোমার ধ্বংস দেখে সমুদ্রের মধ্যেকার দ্বীপগুলো ভীষণ ভয় পেয়েছে।’
19“হে সোর, আমি প্র্রভু সদাপ্রভু যখন তোমাকে জনশূন্য শহরগুলোর মত করব যেখানে কেউ বাস করে না, যখন সাগরের জল তোমার উপরে আনব ও তার জলের রাশি তোমাকে ঢেকে দেবে, 20তখন আমি তোমাকে মৃতস্থানে যাওয়া লোকদের সংগে পুরানো দিনের লোকদের কাছে নীচে নামিয়ে দেব। আমি তোমাকে পৃথিবীর গভীরে পুরানো দিনের ধ্বংসস্থানের মধ্যে মৃতস্থানে যাওয়া লোকদের সংগে বাস করাব। তোমার মধ্যে আর কেউ বাস করবে না এবং জীবিতদের দেশে তোমার স্থান হবে না। 21আমি তোমাকে ভয়ংকরভাবে শেষ করে দেব; তুমি আর থাকবে না। লোকেরা তোমার খোঁজ করবে কিন্তু তোমাকে আর কখনও পাওয়া যাবে না। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।”
Цяпер абрана:
যিহিষ্কেল 26: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000