যিহিষ্কেল 18
18
যে পাপ করে সে মরবে
1পরে সদাপ্রভু আমাকে বললেন, 2“ইস্রায়েল দেশে তোমরা এই যে চলতি কথাটা বল তার মানে কি, ‘বাবারা টক আংগুর খেয়েছে কিন্তু সন্তানদের দাঁত টকে গেছে’?
3“আমার জীবনের দিব্য যে, ইস্রায়েলে আর এই চলতি কথাটা বলা হবে না। 4জীবিত সব লোকই আমার, বাবা ও ছেলে দুই-ই আমার। যে পাপ করবে সে-ই মরবে।
5“ধর, একজন সৎ লোক ন্যায় ও ঠিক কাজ করে। 6সে পাহাড়ের উপরের কোন পূজার স্থানে খাওয়া-দাওয়া করে না, কিম্বা ইস্রায়েলীয়দের কোন প্রতিমার পূজা করে না। সে প্রতিবেশীর স্ত্রীকে নষ্ট করে না, কিম্বা মাসিক হচ্ছে এমন স্ত্রীলোকের সংগে মিলিত হয় না। 7সে কাউকে অত্যাচার করে না বরং ঋণীকে বন্ধকী জিনিস ফিরিয়ে দেয়। সে চুরি করে না, কিন্তু যাদের খিদে পেয়েছে তাদের খেতে দেয় এবং উলংগদের কাপড় দেয়। 8সে সুদে টাকা ধার দেয় না কিম্বা বাড়তি সুদ নেয় না। সে অন্যায় করা থেকে হাত সরিয়ে রাখে ও লোকদের মধ্যে ন্যায়ভাবে বিচার করে। 9সে আমার নিয়ম-কানুন মত চলে এবং বিশ্বস্তভাবে আমার আইন-কানুন পালন করে। এই লোক সত্যিই সৎ; সে নিশ্চয়ই বাঁচবে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
10-11“এখন মনে কর, সেই লোকের একটা অত্যাচারী ছেলে আছে। সে রক্তপাত করে কিম্বা অন্য কোন খারাপ কাজ করে যা তার বাবা কখনও করে নি। সে পাহাড়ের উপরকার পূজার স্থানগুলোতে খাওয়া-দাওয়া করে। সে প্রতিবেশীর স্ত্রীকে নষ্ট করে। 12সে গরীব ও অভাবীদের অত্যাচার করে। সে চুরি করে এবং বন্ধকী জিনিস ফিরিয়ে দেয় না। সে প্রতিমাপূজা করে এবং জঘন্য কাজকর্ম করে। 13সে সুদে টাকা ধার দেয় এবং বাড়তি সুদ নেয়। সেই ছেলে কি বাঁচবে? সে বাঁচবে না। এই সব জঘন্য কাজ করেছে বলে সে মরবেই মরবে। সে তার মৃত্যুর জন্য নিজেই দায়ী হবে।
14“আবার ধর, সেই ছেলের একটা ছেলে আছে। সে তার বাবাকে এই সব পাপ করতে দেখেও তা করে না। 15-16সে পাহাড়ের উপরকার পূজার স্থানগুলোতে খাওয়া-দাওয়া করে না কিম্বা ইস্রায়েলীয়দের প্রতিমার পূজা করে না। সে তার প্রতিবেশীর স্ত্রীকে নষ্ট করে না কিম্বা কাউকে অত্যাচার করে না। সে ঋণের দরুন কোন বন্ধক নেয় না। সে চুরি করে না বরং যার খিদে পেয়েছে তাকে খাবার দেয় এবং উলংগকে কাপড় দেয়। 17সে গরীবদের অত্যাচার করে না এবং কোন রকম সুদ নেয় না। সে আমার আইন-কানুন রক্ষা করে এবং আমার নিয়ম-কানুন পালন করে। সে তার বাবার পাপের জন্য মরবে না; সে নিশ্চয়ই বাঁচবে। 18কিন্তু তার বাবা তার নিজের পাপের জন্য মরবে, কারণ সে জোর করে টাকা আদায় করত, ভাইয়ের জিনিস চুরি করত এবং তার লোকদের মধ্যে অন্যায় কাজ করত।
19“তবুও তোমরা বলছ, ‘বাবার দোষের জন্য কেন ছেলে শাস্তি পাবে না?’ সেই ছেলে তো ন্যায় ও ঠিক কাজ করেছে এবং আমার সমস্ত নিয়ম-কানুন যত্নের সংগে পালন করেছে, তাই সে নিশ্চয়ই বাঁচবে। 20যে পাপ করবে সে-ই মরবে। ছেলে বাবার দোষের জন্য শাস্তি পাবে না আর বাবাও ছেলের দোষের জন্য শাস্তি পাবে না। সৎ লোক তার সততার ফল পাবে এবং দুষ্ট লোক তার দুষ্টতার ফল পাবে।
21“কিন্তু যদি একজন দুষ্ট লোক তার সব পাপ থেকে ফিরে আমার সব নিয়ম-কানুন পালন করে আর ন্যায় ও ঠিক কাজ করে তবে সে নিশ্চয়ই বাঁচবে, মরবে না। 22সে যে সব অন্যায় করেছে তা আমি আর মনে রাখব না। সে যে সব সৎ কাজ করেছে তার জন্যই সে বাঁচবে। 23দুষ্ট লোকের মরণে কি আমি খুশী হই? বরং সে যখন তার কুপথ থেকে ফিরে এসে বাঁচে তখনই আমি খুশী হই।
24“কিন্তু যদি একজন সৎ লোক তার সততা থেকে ফিরে পাপ করে এবং দুষ্ট লোকের মত জঘন্য কাজ করে তবে সে কি বাঁচবে? তার কোন সৎ কাজই তখন আমি মনে করব না। তার অবিশ্বস্ততা ও পাপের জন্যই সে মরবে।
25“তবুও তোমরা বলছ, ‘প্রভুর পথ ঠিক নয়।’ হে ইস্রায়েলীয়েরা, শোন। আমার পথ কি অন্যায়ের পথ? না, বরং তোমাদের পথই অন্যায়ের পথ। 26যদি একজন সৎ লোক তার সততা থেকে ফিরে পাপ করে আর মরে, তবে সে তার পাপের দরুনই মরবে। 27কিন্তু যদি একজন দুষ্ট লোক তার দুষ্টতা থেকে ফিরে ন্যায় ও সৎ কাজ করে, তবে সে তার প্রাণ বাঁচাবে। 28তার অন্যায়ের কথা চিন্তা করে তা থেকে ফিরেছে বলে সে নিশ্চয়ই বাঁচবে, মরবে না। 29তবুও তোমরা বলছ, ‘প্রভুর পথ ঠিক নয়।’ হে ইস্রায়েলীয়েরা, আমার পথ কি অন্যায়ের? অন্যায়ের পথ তো তোমাদেরই।
30“সেইজন্য হে ইস্রায়েলীয়েরা, আমি তোমাদের প্রত্যেকের আচার-ব্যবহার অনুসারে বিচার করব। তোমরা ফেরো, তোমাদের সমস্ত অন্যায় কাজ থেকে মন ফিরাও; তাহলে পাপের জন্য তোমরা ধ্বংস হবে না। 31তোমাদের সমস্ত অন্যায় তোমাদের নিজেদের মধ্য থেকে দূর কর এবং তোমাদের অন্তর ও মন নতুন করে গড়ে তোল। কেন তোমরা মরবে? 32আমি কারও মৃত্যুতে খুশী হই না। তোমরা মন ফিরিয়ে বাঁচ। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।”
Цяпер абрана:
যিহিষ্কেল 18: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000