দানিয়েল 9
9
দানিয়েলের প্রার্থনা
1-2মাদীয় অহশ্বেরশের ছেলে দারিয়াবসকে বাবিল রাজ্যের রাজা করা হয়েছিল। তাঁর রাজত্বের প্রথম বছরে আমি দানিয়েল নবী যিরমিয়কে দেওয়া সদাপ্রভুর বাক্য অনুসারে শাস্ত্র থেকে বুঝতে পারলাম যে, যিরূশালেম সত্তর বছর ধ্বংস হয়ে পড়ে থাকবে। 3সেইজন্য আমি উপবাস করে, চট পরে এবং ছাই মেখে অনুরোধ ও মিনতির সংগে প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম।
4আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমি প্রার্থনা করলাম ও পাপ স্বীকার করে বললাম, “হে প্রভু, তুমিই মহান ও ভক্তিপূর্ণ ভয় জাগানো ঈশ্বর। যারা তোমাকে ভালবাসে ও তোমার আদেশ পালন করে তাদের জন্য তুমি তোমার অটল ভালবাসার ব্যবস্থা রক্ষা করে থাক। 5আমরা পাপ করেছি, অন্যায় করেছি। আমরা মন্দ কাজ করেছি, বিদ্রোহ করেছি। আমরা তোমার আদেশ ও আইন-কানুনের পথ থেকে সরে গেছি। 6আমাদের রাজাদের, নেতাদের, পূর্বপুরুষদের ও দেশের সব লোকদের কাছে তোমার দাস নবীরা তোমার দেওয়া যে কথা বলেছেন তা আমরা শুনি নি।
7“হে প্রভু, তুমি ন্যায়বান, কিন্তু আজ পর্যন্ত আমরা অপমানে ঢাকা রয়েছি। যিহূদার লোকেরা, যিরূশালেমের বাসিন্দারা এবং যে সমস্ত ইস্রায়েলীয়দের তোমার প্রতি অবিশ্বস্ততার জন্য তুমি নানা দেশে ছড়িয়ে দিয়েছিলে তারা সবাই অপমানে ঢেকে আছে। 8হে সদাপ্রভু, আমাদের রাজারা, নেতারা, পূর্বপুরুষেরা ও আমরা অপমানে ঢাকা আছি, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি। 9আমাদের প্রভু ঈশ্বর দয়ালু ও ক্ষমাবান, যদিও আমরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছি। 10আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কথার বাধ্য হই নি; তোমার দাস নবীদের মধ্য দিয়ে তোমার দেওয়া নির্দেশ আমরা পালন করি নি। 11ইস্রায়েলীয়েরা সবাই তোমার নির্দেশ অমান্য করে তোমার পথ থেকে সরে গেছে; তারা তোমার কথা শোনে নি। সেইজন্য তোমার দাস মোশির আইন-কানুনে লেখা যে অভিশাপের কথা তুমি শপথ করে বলেছিলে তা আমাদের উপরেই ঢেলে দেওয়া হয়েছে, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি। 12আমাদের ও আমাদের শাসনকর্তাদের বিরুদ্ধে তুমি যে কথা বলেছ তা পূর্ণ করবার জন্য তুমি আমাদের উপর মহা বিপদ এনেছ। যিরূশালেমের প্রতি যা করা হয়েছে গোটা পৃথিবীর আর কোথাও তেমন করা হয় নি। 13মোশির আইন-কানুনে যেমন লেখা আছে সেইমতই এই সব বিপদ আমাদের উপরে এসেছে, তবুও আমরা আমাদের পাপ থেকে ফিরে আমাদের ঈশ্বর সদাপ্রভুর দয়া পাবার চেষ্টা করি নি; তোমার সত্যের প্রতি আমরা মনোযোগী হই নি। 14কাজেই হে সদাপ্রভু, তুমি বিপদ প্রস্তুত করে রেখেছ যেন তা এখন আমাদের উপর পাঠিয়ে দিতে পার, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু সব কাজেই ন্যায়বান; তবুও আমরা তোমার কথা শুনি নি।
15“এখন হে আমাদের প্রভু ঈশ্বর, তুমি শক্তিশালী হাত দিয়ে তোমার লোকদের মিসর থেকে বের করে এনে সুনাম লাভ করেছিলে, আর তা আজ পর্যন্তও রয়েছে। আমরা পাপ করেছি, মন্দ কাজ করেছি। 16হে প্রভু, তোমার ন্যায্যতা অনুসারে তোমার শহর, অর্থাৎ তোমার পবিত্র পাহাড় যিরূশালেম থেকে তোমার ভীষণ অসন্তোষ ও ক্রোধ দূর করে দাও। আমাদের পাপ ও আমাদের পূর্বপুরুষদের অন্যায়ের জন্য আমাদের চারপাশের লোকদের কাছে যিরূশালেম ও তোমার লোকেরা টিট্কারির পাত্র হয়েছে।
17“এখন, হে আমাদের ঈশ্বর, তোমার দাসের প্রার্থনা ও মিনতি শোন। হে প্রভু, তোমার সুনাম রক্ষার জন্য ধ্বংস হয়ে যাওয়া তোমার ঘরের প্রতি তুমি দয়ার চোখে তাকাও। 18হে আমার ঈশ্বর, তুমি কান দাও, শোন; তোমার চোখ খোল এবং যে শহর তোমার নামে পরিচিত তার ধ্বংস একবার দেখ। আমাদের নিজেদের গুণে নয় বরং তোমার মহা দয়ার জন্যই আমরা তোমার কাছে অনুরোধ জানাচ্ছি। 19হে প্রভু, শোন। হে প্রভু, ক্ষমা কর। হে প্রভু, মনোযোগ দাও, কিছু কর। হে আমার ঈশ্বর, তোমার সুনাম রক্ষার জন্য আর দেরি কোরো না, কারণ তোমার শহর ও তোমার লোকেরা তোমার নামেই পরিচিত।”
সত্তর গুণ সাত বছর
20এইভাবে আমি প্রার্থনা করছিলাম, আমার ও আমার জাতি ইস্রায়েলীয়দের পাপ স্বীকার করছিলাম এবং আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে তাঁর পবিত্র পাহাড়ের জন্য অনুরোধ করছিলাম। 21আমি তখনও প্রার্থনা করছিলাম এমন সময় আগের দর্শনে আমি যাঁকে দেখেছিলাম সেই গাব্রিয়েল দূত সন্ধ্যার উৎসর্গের সময়ে বেগে উড়ে আমার কাছে আসলেন। 22তিনি আমাকে বুঝিয়ে বললেন, “দানিয়েল, আমি এখন তোমাকে বুঝবার ক্ষমতা ও বুদ্ধি দিতে এসেছি। 23তুমি প্রার্থনা করতে শুরু করতেই ঈশ্বর তার উত্তর দিয়েছেন, আর তা আমি তোমাকে জানাতে এসেছি, কারণ তিনি তোমাকে খুবই ভালবাসেন। কাজেই এই সংবাদের বিষয় তুমি চিন্তা করে দেখ ও দর্শনটা বুঝে নাও।
24“তোমার লোকদের ও তোমার পবিত্র শহরের জন্য সত্তর গুণ সাত বছর ঠিক করা হয়েছে। সেই সময়ের মধ্যে মন্দতা বন্ধ করা হবে, অন্যায়ের শেষ হবে, পাপ ঢাকা দেওয়া হবে, চিরস্থায়ী ন্যায্যতা স্থাপন করা হবে, দর্শন ও ভবিষ্যদ্বাণী পূর্ণ করা হবে এবং মহাপবিত্র স্থানকে অভিষেক করা হবে।
25“তুমি জেনে ও বুঝে নাও যে, যিরূশালেমকে আবার মেরামত ও তৈরী করবার আদেশ বের হওয়া থেকে শুরু করে সেই মশীহের, অর্থাৎ শাসনকর্তার আসা পর্যন্ত সাত গুণ সাত বছর এবং বাষট্টি গুণ সাত বছর হবে। শহর-চক ও শহর রক্ষার ব্যবস্থা আবার নতুন করে তৈরী করা হবে এবং তা করা হবে কষ্টের সময়ে। 26বাষট্টি গুণ সাত বছর পরে মশীহকে মেরে ফেলা হবে এবং তাঁর কিছুই থাকবে না। অন্য একজন শাসনকর্তা আসবে এবং তার লোকেরা এসে শহর ও উপাসনা-ঘরটা ধ্বংস করবে। শেষ সময় বন্যার মত আসবে, শেষ পর্যন্ত যুদ্ধ চলবে এবং ধ্বংসের পর ধ্বংস ঠিক করে রাখা আছে। 27সাত বছরের জন্য অনেকের সংগে সেই শাসনকর্তা সন্ধি করবে, কিন্তু সাত বছরের মাঝখানেই সে পশু ও শস্য উৎসর্গ করা বন্ধ করে দেবে। সেই ধ্বংসকারীর উপরে ঠিক করা শাস্তি সম্পূর্ণভাবে ঢেলে না দেওয়া পর্যন্ত উপাসনা-ঘরের মধ্যে সে সর্বনাশা ঘৃণার জিনিস রাখবে।”
Цяпер абрана:
দানিয়েল 9: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000